মোটা বিড়ালগুলো সব খেয়ে নিচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের ‘ওয়াল স্ট্রিট দখল করো’ আন্দোলনের চার মাস পূর্তি হলো গতকাল মঙ্গলবার। যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকা থেকে হাজারো বিক্ষোভকারী রাজধানীতে সমবেত হয়। ওয়াশিংটন ডিসিতে কড়া নিরাপত্তাব্যবস্থায় দিনভর ওই বিক্ষোভ সমাবেশ ছিল কার্যত শান্ত। পূর্ব অনুমতি নিয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আন্দোলনকারীরা সমবেত হয়েছিলেন রাজধানীতে। ক্যাপিটাল হিলের কাছাকাছি দিনভর ছিল ক্ষুব্ধ তারুণ্যের অহিংস উপস্থিতি। নানা দাবি-দাওয়ার ব্যানার-ফেস্টুন নিয়ে লোকজনকে অবস্থান নিতে দেখা যায়। ‘আমরাই ৯৯ শতাংশ’, ‘ধনতন্ত্র নিপাত যাক’, ‘করপোরেটর নিয়ন্ত্রকেরা নিপাত যাক’, ‘ধনী-দরিদ্রের বৈষম্যের অবসান ঘটুক’—এসব ব্যানার নিয়ে লোকজন যে যার মতো বিক্ষোভ প্রদর্শন করে। আন্দোলনকারীদের মূল লক্ষ্য ছিল আইনপ্রণেতাদের দিকে। শীতকালীন বিরতির পর গতকালই আইনপ্রণেতারা নিজ নিজ নির্বাচনী এলাকা থেকে রাজধানীতে ফিরেছেন।ওয়াশিংটন পোস্ট ও এবিসি নিউজের জরিপ মতে, ৮৪ শতাংশ মার্কিনি তাদের আইনপ্রণেতাদের কাজ-কর্ম অনুমোদন করে না। গতকাল ওই সমাবেশে আইনপ্রণেতাদের প্রতি জনসাধারণের ব্যাপক অনাস্থারই প্রতিফলন ছিল।ভিয়েতনাম যুদ্ধে অংশ নেওয়া সাবেক সৈনিক ব্যারি সিপল (৬২) বলেন, মোটাতাজা বিড়ালগুলো সব খেয়ে নিচ্ছে, দেখে দেখে ক্লান্ত হয়ে গেছি। মারিও লোজান্ডা নামের এক সংগঠক বলেন, আইনপ্রণেতাদের প্রতি মনোযোগী হওয়ার অবকাশ নেই। প্রাতিষ্ঠানিক বাণিজ্যের অর্থে এখন রাজনীতি নিয়ন্ত্রিত হচ্ছে বলে উল্লেখ করেন এ বিক্ষোভকারী। সন্ধ্যার দিকে ক্যাপিটাল হিলে সমবেত বিক্ষোভকারীরা হোয়াইট হাউস অভিমুখে পদযাত্রা শুরু করলে মৃদু উত্তেজনা দেখা দেয়। পুলিশ বেষ্টনী অতিক্রম করার অভিযোগে চারজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে ক্যাপিটাল পুলিশ কর্তৃপক্ষ।১৭ সেপ্টেম্বর থেকে ওয়াল স্ট্রিট দখল করো আন্দোলন শুরু হয়। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জোকুটি পার্ক থেকে শুরু হওয়া এ আন্দোলন দ্রুত জনসমর্থন পেয়েছে। প্রাতিষ্ঠানিক আধিপত্যের বিরুদ্ধে নতুন ধারার এ অহিংস আন্দোলন ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের বাইরেও ছড়িয়ে পড়েছে। সামাজিক বৈষম্য, ব্যাপক অর্থনৈতিক অসাম্যের বিরুদ্ধে সোচ্চার এই আন্দোলনকারীরা। তবে ইতিমধ্যেই সেখান থেকে উচ্ছেদ করা হয়েছে আন্দোলনকারীদের। অন্যান্য নগরেও পার্ক ও বিভিন্ন চত্বর থেকে আন্দোলনকারীদের ক্রমাগত তাড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে। প্রচণ্ড শীত-বৃষ্টি, তুষারপাত উপেক্ষা করেও আন্দোলন অব্যাহত রয়েছে বলে ওয়াশিংটন ডিসিতে সমবেতরা জানায়। শীতের তীব্রতা হ্রাসের সঙ্গে সঙ্গে অকুপাই আন্দোলন আবার নতুন করে বেগবান হবে বলে মনে করে তারা।