আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার প্রথম এক বছর মোটামুটি সঠিক পথেই দেশকে পরিচালিত করেছে। কৃষিতে সরকারের উদ্যোগ প্রশংসনীয়, এক বছরে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটেছে, কর্মসংস্থান পরিস্থিতি ভালো হয়েছে এবং শিক্ষা খাত সংস্কারে সরকারের নেওয়া পদক্ষেপগুলো ছিল প্রশংসনীয়। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচারকেও স্বাগত জানিয়েছে দেশবাসী।তবে সমালোচনা এসেছে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা ক্রসফায়ার নিয়ে। গত এক বছরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের নেওয়া পদক্ষেপ সম্পর্কেও রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সমালোচনা এসেছে দলীয়করণ নিয়ে এবং তা বিগত বিএনপি সরকারের আমলকেও কিছুটা ছাড়িয়ে গেছে।প্রথম আলোর উদ্যোগে পেশাদার জরিপ পরিচালনাকারী প্রতিষ্ঠান ‘ওআরজি-কোয়েস্ট রিসার্চ লিমিটেড’ পরিচালিত জরিপে দেশবাসীর এ মতামত বেরিয়ে এসেছে। আজ ৬ জানুয়ারি বুধবার আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার এক বছর পূর্ণ করছে। এ উপলক্ষে প্রথম আলো এই জনমত জরিপ করে। ২০০৯ সালের ডিসেম্বরে সারা দেশে এক হাজার ৫০০ জনের ওপর এই জরিপ চালানো হয়। তাঁদের মধ্যে ৩৭৫ জন শহরের এবং এক হাজার ১২৫ জন গ্রামের। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৭৫৫ জন পুরুষ ও ৭৪৫ জন নারী। তাঁদের সবারই বয়স ১৮ বছরের ওপরে। গত ডিসেম্বরের ১৯ থেকে ২৫ তারিখ পর্যন্ত এ কাজের মাঠ জরিপ চালানো হয়। জরিপের স্থান ও উত্তরদাতাদের নির্বাচন করা হয়েছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত দৈবচয়ন পদ্ধতিতে। জরিপে প্রান্তিক ভুল (মার্জিন অব এরর) ধরা হয়েছে কমবেশি ২ দশমিক ৫৩ শতাংশ। এ ব্যাপারে জরিপ পরিচালনাকারী প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মঞ্জুরুল হক প্রথম আলোকে বলেন, এই পদ্ধতি আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং বিভিন্ন দেশে এ পদ্ধতি অনুসরণ করে জনপ্রতিনিধিত্বশীল গ্রহণযোগ্য মতামত সংগ্রহ করা হয়।এ জরিপে অংশগ্রহণকারী সিংহভাগ উত্তরদাতাই মনে করছেন, ২০০৭ সালের ১১ জানুয়ারির পর তত্ত্বাবধায়ক সরকারের ওপর যে দায়িত্ব ছিল, তা তারা সঠিকভাবে পালন করেছে। এ সময়ে সামরিক বাহিনীর ভূমিকা সম্পর্কে ৭০ শতাংশ উত্তরদাতা বলেছেন, তাদের ভূমিকা যথাযথ ছিল।মহাজোট সরকার দায়িত্ব নেওয়ার শুরুতেই পিলখানায় বিডিআর বিদ্রোহ ও মর্মান্তিক হত্যাকাণ্ড নিয়ে অভিযুক্ত ব্যক্তিদের বিচার এবং এ বিষয়ে বিরোধী দলের অবস্থান সম্পর্কেও জরিপে প্রশ্ন করা হয়েছিল। জরিপে অংশগ্রহণকারী তিন-চতুর্থাংশ উত্তরদাতাই অভিযুক্ত বিডিআর সদস্যদের বিচার করাকে সমর্থন করেছেন।প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্কোন্নয়নকেও সমর্থন করেছেন জরিপে অংশগ্রহণকারী ৮০ শতাংশ এবং এ ব্যাপারে বর্তমান সরকারের ভূমিকা প্রশংসনীয়। একইভাবে এশিয়ান হাইওয়ে নিয়ে সরকারের নেওয়া পদক্ষেপে সমর্থন আছে সিংহভাগ উত্তরদাতার।জরিপ থেকে আরও বেরিয়ে এসেছে, প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা মোটামুটিভাবে ৭৬ শতাংশ উত্তরদাতার কাছে গ্রহণযোগ্য। একইভাবে জরিপে অংশগ্রহণকারী ৬৮ শতাংশ বিরোধীদলীয় নেত্রী হিসেবে বেগম খালেদা জিয়াকে মোটামুটিভাবে ভালো বলেছেন।শাসনব্যবস্থা: বিগত এক বছরে মহাজোট সরকারের শাসনব্যবস্থায় মোটামুটি সন্তোষ প্রকাশ করেছেন সিংহভাগ উত্তরদাতা। জনমত জরিপের ৭০ শতাংশ উত্তরদাতা পুরোপুরি বা আংশিকভাবে মনে করেন, মহাজোট সরকারের নেতৃত্বে দেশ সঠিক পথে এগিয়ে চলেছে। বাকি ৩০ শতাংশ অবশ্য এর সঙ্গে একমত পোষণ করেননি। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ৬৫ শতাংশ উত্তরদাতা মনে করেন, গত এক বছরে পরিস্থিতির উন্নতি হয়েছে। বাকি ৩৫ শতাংশ মনে করেন, এই সরকার দায়িত্ব নেওয়ার পর পরিস্থিতির অবনতি হয়েছে।বিগত এক বছরে দুর্নীতি কমাতে সরকারের সাফল্য নিয়ে অবশ্য জরিপে অংশগ্রহণকারীরা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। ৩৪ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন, দুর্নীতি বেড়েছে। ৪২ শতাংশ অবশ্য ভিন্ন মত প্রকাশ করেছেন। আর ২৩ শতাংশ বলেছেন, দুর্নীতি পরিস্থিতি আগের মতোই আছে। এক শতাংশ উত্তরদাতা পরিস্থিতির অবনতি বা উন্নতি সম্পর্কে কোনো মত দেননি।দুর্নীতি দমন কমিশন (দুদক) সম্পর্কে অবশ্য সরকারের নেওয়া পদক্ষেপগুলোর সমালোচনা বেশি এসেছে। জরিপে অংশ নেওয়া ৪১ শতাংশ উত্তরদাতা মনে করছেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর দুদক কিছুটা দুর্বল হয়েছে। উত্তরদাতাদের ৩২ শতাংশ বলেছেন, দুদক আগের চেয়ে শক্তিশালী হয়েছে। আর ২৩ শতাংশ মনে করেন, পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। বাকি পাঁচ শতাংশ উত্তরদাতা বলেছেন, তাঁরা এ বিষয়ে কিছু জানেন না।বিগত এক বছরে দেশের বিচারব্যবস্থার উন্নতি হয়েছে মনে করেন অর্ধেক উত্তরদাতা। ৩২ শতাংশের মতে, কোনো পরিবর্তন হয়নি। বাকি ১৬ শতাংশ উত্তরদাতা মনে করেন, পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। সবার ন্যায়বিচার নিশ্চিত হয়েছে কি না—এ সম্পর্কে ৫১ শতাংশ মনে করেন, হয়েছে। আর ৪৭ শতাংশ এর বিপরীত। দুই শতাংশ উত্তরদাতা ‘জানেন না’ বলে জানিয়েছেন।বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকে সমর্থন করেননি ৭৭ শতাংশ উত্তরদাতা, বাকি ২৩ শতাংশ এটাকে সমর্থন করেছেন।শিক্ষা ও অবকাঠামো: শিক্ষা খাতে সংস্কার ও উন্নয়নে সরকারের নেওয়া পদক্ষেপগুলোকে সমর্থন করেছেন জরিপে অংশ নেওয়া ৮০ শতাংশ মানুষ। মাত্র ১০ শতাংশ এর বিরোধিতা করেছেন। বাকি ১০ শতাংশের কোনো মত নেই।দেশের বিদ্যুত্ পরিস্থিতি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া এসেছে। ৪৩ শতাংশ উত্তরদাতা মনে করেন, পরিস্থিতির উন্নতি হয়েছে। ২৩ শতাংশ বলেছেন, পরিস্থিতি আরও খারাপ হয়েছে। বাকি ৩৩ শতাংশ মনে করেন, বিদ্যুতের ক্ষেত্রে বিগত এক বছরে কোনো পরিবর্তন আসেনি। তবে ৬৮ শতাংশ উত্তরদাতা মনে করেন, সরকারের পদক্ষেপের ফলে আগামী দিনে কম-বেশি পরিস্থিতির উন্নতি হবে। ১৮ শতাংশ উত্তরদাতা মনে করেন, সরকারের পদক্ষেপে তেমন কোনো পরিবর্তন আসবে না। বাকিদের এ বিষয়ে কোনো মত নেই।দেশের যোগাযোগ ও অবকাঠামো খাতে নেওয়া সরকারের পদক্ষেপে ৬৮ শতাংশ উত্তরদাতা মোটামুটি মাত্রায় সন্তোষ প্রকাশ করেছেন। তবে ২০ শতাংশ এর বিরোধিতা করেছেন।কৃষি ও কর্মসংস্থান: মহাজোট সরকারের এক বছরে কৃষিতে উন্নতি এসেছে। জরিপে অংশগ্রহণকারীদের দুই-তৃতীয়াংশ উত্তরদাতা মনে করেন, কৃষিক্ষেত্রে সরকারের নেওয়া পদক্ষেপগুলো সঠিক ছিল এবং এ ব্যাপারে সাফল্যও এসেছে। অবশ্য ৩১ শতাংশ ভিন্নমত পোষণ করেছেন।কর্মসংস্থান পরিস্থিতি নিয়ে ৭২ শতাংশ উত্তরদাতা সন্তোষ প্রকাশ করেছেন। মাত্র ১৬ শতাংশ অসন্তোষ প্রকাশ করেছেন। আর বাকিরা মনে করছেন, পরিস্থিতিতে কোনো পরিবর্তন হয়নি।রাজনীতি: জরিপে দলীয়করণের বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। ৪১ শতাংশ উত্তরদাতা বলেছেন, বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন জোট সরকারের তুলনায় দলীয়করণ বেড়েছে। আর ৩৬ শতাংশ মনে করেন, আগের সরকারের তুলনায় দলীয়করণ কমেছে। বাকি ২১ শতাংশের ধারণা, পরিস্থিতি আগের মতোই আছে। বিরোধী দলের সঙ্গে সরকারের বোঝাপড়া নিয়েও উত্তরদাতারা মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। ৫৭ শতাংশ বলেছেন, সরকার ঠিক কাজই করছে। বাকি ৪৩ শতাংশ বিপরীত মত প্রকাশ করেছেন। জরিপে অংশগ্রহণকারীদের ৬৩ শতাংশ মনে করেন, বিরোধী দলকে সংসদে আনার জন্য সরকার যথেষ্ট করেছে। বাকি উত্তরদাতাদের বেশির ভাগ এর সঙ্গে একমত হননি।বিরোধী দলের ভূমিকা: সংসদে বিরোধী দলের কার্যক্রম নিয়ে জরিপে অংশগ্রহণকারীরা অসন্তোষ প্রকাশ করেছেন। প্রায় ৭০ শতাংশ উত্তরদাতা সংসদে বিরোধী দলের ভূমিকায় খুশি নন। ৮৮ শতাংশ উত্তরদাতা বিরোধী দলের সংসদে না যাওয়ার ভূমিকাকে সমালোচনা করেছেন। তবে ৩০ শতাংশ মনে করেন, সংসদে না গিয়েও বাইরে থেকে বিরোধী দল সক্রিয় ভূমিকা রাখছে।জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে বিরোধী দলের ভূমিকা সম্পর্কে ৩০ শতাংশ উত্তরদাতা মনে করেন, বিরোধী দল ইতিবাচক ভূমিকা রেখেছে। ৪৪ শতাংশ এই মত সমর্থন করেননি। বাকি উত্তরদাতাদের কোনো মত নেই। আওয়ামী লীগের দলীয় ভূমিকা: জনমত জরিপে অংশগ্রহণকারীদের বেশির ভাগ আওয়ামী লীগের দলীয় কর্মকাণ্ডে মোটামুটি সন্তোষ প্রকাশ করেছেন। ৫৯ শতাংশ উত্তরদাতা মনে করেন, আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের কার্যক্রম বিগত এক বছরে মোটামুটি সন্তোষজনক ছিল। তবে কর্মীদের ওপর দলের নিয়ন্ত্রণ নিয়ে নেতিবাচক চিত্র পাওয়া গেছে। জরিপে অংশ নেওয়া ৫৩ শতাংশ উত্তরদাতা মনে করেন, এক বছরে কর্মীরা সংগঠনের নিয়ন্ত্রণাধীন ছিলেন না।