মোতাহের হোসেন চৌধুরীর মৃত্যুবার্ষিকী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষাবিদ ও লেখক মোতাহের হোসেন চৌধুরীর মৃত্যুবার্ষিকী আজ ১৮ সেপ্টেম্বর। ১৯৫৬ সালের এই দিনে চট্টগ্রামে তাঁর মৃত্যু হয়।মুক্তবুদ্ধি চর্চার প্রবক্তা, উদার মানবতাবাদী ও মননশীল প্রবন্ধকার হিসেবে মোতাহের হোসেন চৌধুরীর বিশেষ খ্যাতি আছে। তিনি ঢাকার মুসলিম সাহিত্যসমাজের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন। এর সভা-সম্মেলনেও নিয়মিত অংশ নিতেন। তাঁর লেখা ‘আমাদের দৈন্য’, ‘আদেশপন্থী ও অনুপ্রেরণাপন্থী’ এবং ‘মুসলমান সাহিত্যিকদের চিন্তাধারা’ প্রবন্ধ সাহিত্যসমাজের পঞ্চম (১৯৩১), ষষ্ঠ (১৯৩২) ও অষ্টম (১৯৩৪) বার্ষিক সম্মেলনে পঠিত হয়। এ ছাড়া তাঁর ‘রবীন্দ্রনাথ ও বৈরাগ্য বিলাস’ প্রবন্ধটি সমাজের মুখপত্র শিখার পঞ্চম বর্ষে প্রকাশিত হয়।নোয়াখালী জেলার কাঞ্চনপুর গ্রামে কৃতীমান এই লেখকের জন্ম। তিনি কুমিল্লা ইউসুফ হাইস্কুল থেকে ম্যাট্রিক এবং কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে আইএ ও বিএ পাস করেন। এরপর ইউসুফ হাইস্কুলে একজন সহকারী শিক্ষক হিসেবে পেশাগত জীবন শুরু করেন। ১৯৪৩ সালে তিনি প্রাইভেট পরীক্ষার্থী হিসেবে বাংলায় এমএ পাস করেন। ১৯৪৬ সালে কলকাতার ইসলামিয়া কলেজে লেকচারার পদে যোগদান করেন। দেশভাগের পর ১৯৪৭ সালে চট্টগ্রাম কলেজে যোগদান করে তিনি ১৯৫৬ সাল পর্যন্ত অধ্যাপনা করেন। এ কলেজে তিনি সহকর্মী হিসেবে পান কথাসাহিত্যিক আবুল ফজলকে। মোতাহের হোসেনের প্রবন্ধের গদ্যশৈলীতে প্রমথ চৌধুরীর এবং মননে রবীন্দ্রনাথের প্রভাব লক্ষ্য করা যায়। তিনি তাঁর রচনায় সংস্কৃতি, ধর্ম, মানবতাবোধ ও মানুষের জীবনাচরণের মৌলিক বিষয়গুলো সংজ্ঞায়িত ও উন্মোচন করতে চেয়েছেন। বিচিত্র ও সুন্দরভাবে বাঁচার মধ্যে মহত্তম জীবনের সন্ধান করেছেন। ‘সংস্কৃতি কথা’ (১৯৫৮) তাঁর প্রধান প্রবন্ধ গ্রন্থ। দ্বিতীয় গ্রন্থ ‘সুখ’ (১৯৬৫) বাট্রান্ড রাসেলের ‘কনকোয়েস্ট অব হ্যাপিনেস’ গ্রন্থের এবং তৃতীয় গ্রন্থ ‘সভ্যতা’ (১৯৬৫) ক্লাইভ বেলের ‘সিভিলাইজেশন’ গ্রন্থের ভাবানুবাদ।