মোদাচ্ছের আলীকে জিজ্ঞাসাবাদ
সোনালী ব্যাংকের রূপসী বাংলা হোটেল (সাবেক শেরাটন হোটেল) শাখা থেকে হল-মার্ক গ্রুপের ঋণ কেলেঙ্কারির ঘটনায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলীকে জিজ্ঞাসাবাদ করেছে অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় উপকমিটি।আজ বুধবার বেলা সোয়া ১১টা থেকে একটা পর্যন্ত মোদাচ্ছের আলীকে জিজ্ঞাসাবাদ করা হয়। সংসদীয় উপকমিটির আহ্বায়ক তাজুল ইসলাম প্রথম আলো ডটকমকে এ কথা জানান।তাজুল ইসলাম বলেন, মোদাচ্ছের আলী সংসদীয় কমিটিকে জানিয়েছেন, সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখার সাবেক ব্যবস্থাপক হাফিজুর রহমানের সঙ্গে তাঁর আত্মীয়তার সম্পর্ক আছে। সেই সুবাদে তিনি ওই শাখায় অ্যাকাউন্ট খুলেছেন। সে জন্য তিনি সেখানে মাঝেমধ্যে আসা-যাওয়া করতেন।জিজ্ঞাসাবাদের বিষয়ে মোদাচ্ছের আলী ব্যক্তিগতভাবে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, যা বলার উপকমিটির আহ্বায়ক বলবেন।উল্লেখ্য, হল-মার্ক গ্রুপের বিরুদ্ধে ঋণের নামে রূপসী বাংলা হোটেল (সাবেক শেরাটন হোটেল) শাখা থেকে দুই হাজার ৬৬৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। বিভিন্ন গণমাধ্যমের খবরে ওই ঋণ কেলেঙ্কারির সঙ্গে উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলীর সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে।এ অভিযোগের পরিপ্রেক্ষিতে এর আগে উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জিজ্ঞাসাবাদে এ ঘটনায় তাঁর সংশ্লিষ্টতা অস্বীকার করেছেন সৈয়দ মোদাচ্ছের আলী।