সোনালী ব্যাংকের রূপসী বাংলা হোটেল শাখা থেকে হলমার্ক গ্রুপের নিয়মবহির্ভূতভাবে অর্থ নেওয়ার ঘটনায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলীকে জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার বেলা সাড়ে তিনটার দিকে দুদক কার্যালয়ে কমিশনার এম বদিউজ্জামান এ কথা জানান।সাংবাদিকদের প্রশ্নের জবাবে কমিশনার এম বদিউজ্জামান জানান, ওই ব্যাংকের কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে এরই মধ্যে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা মোদাচ্ছের আলীর নাম উঠে এসেছে। সেই তথ্য যাচাই-বাছাই করতে দুর্নীতি দমন কমিশন মোদাচ্ছের আলীকে জিজ্ঞাসাবাদ করবে।কমিশনার জানান, সরকারের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের মধ্যে এখন পর্যন্ত শুধু মোদাচ্ছের আলীর নাম এসেছে। অন্য কারও নাম এলে তাঁকেও জিজ্ঞাসাবাদ করা হবে। বদিউজ্জামান আরও জানান, সোনালী ব্যাংকসহ অন্যান্য যেসব ব্যাংকের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ পাওয়া গেছে, সেসব বিষয়েও তদন্ত করা হবে। হলমার্কসহ ছয়টি প্রতিষ্ঠান সোনালী ব্যাংকের রূপসী বাংলা হোটেল শাখা থেকে নিয়মবহির্ভূতভাবে তিন হাজার ৬০৬ কোটি ৪৮ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। সেই টাকার কত অংশ বিদেশে পাচার করা হয়েছে, তা-ও তদন্ত করা হচ্ছে। যদি তথ্য ও প্রমাণ মেলে, তবে সে বিষয়ে পৃথকভাবে অর্থ পাচার (মানি লন্ডারিং) আইনে অনুসন্ধান করা হবে।রূপসী বাংলা শাখার ওপর তদন্ত করতে গত মে মাসে পরিদর্শক দল পাঠায় বাংলাদেশ ব্যাংক। তদন্ত চলাকালে উপস্থিত হন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী। তিনি তদন্ত দলের সঙ্গে কথা বলেন এবং নিজের একটি ভিজিটিং কার্ডও তাদের দেন। দুদক গত বুধবার সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখার পাঁচ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করে। সে সময় একাধিক কর্মকর্তা হলমার্ক কেলেঙ্কারির সঙ্গে বাইরের প্রভাবশালী ব্যক্তি এবং ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা জড়িত বলে জানান। সে সময় সাংবাদিকদের কাছে সাইদুর রহমান নামের একজন কর্মকর্তা বলেন, ‘আমি একজন জুনিয়র অফিসার; কেরানি হিসেবে এখানে কাজ করি। কোনো বিল-ভাউচার বা কাগজে স্বাক্ষর করার ক্ষমতা আমার নাই। আমি কীভাবে জড়িত থাকব! হলমার্ক ঋণ জালিয়াতির সঙ্গে ওপরের দিকের লোকেরা জড়িত। যাঁরা বিল-ভাউচারে স্বাক্ষর করেছেন, তাঁদের জড়িত থাকার প্রমাণ তো দুদকের কাছেই আছে।’ সাইদুরের কাছে সাংবাদিকেরা জানতে চান, ব্যাংকের রূপসী বাংলা শাখায় তাঁর কর্মকালে হলমার্কের ব্যাপারে কোনো প্রভাবশালী ব্যক্তি যেতেন কি না; অর্থ কেলেঙ্কারির সঙ্গে কোনো প্রভাবশালী জড়িত কি না—এমন প্রশ্নে তিনি বলেন, ‘স্বাস্থ্য উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী মাঝেমধ্যে শাখায় আসতেন। ডিজিএমের কক্ষে যেতেন। ওই শাখার এক নারী কর্মী তাঁর আত্মীয়। উপদেষ্টা তাঁর কাছে আসতেন।’ সাইদুর রহমানের এই বক্তব্যের ভিডিও কপি ‘প্রথম আলো’র কাছে সংরক্ষিত আছে। দুদক সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলীর এলাকার মানুষ হিসেবে পরিচিত সোনালী ব্যাংকের ওই নারী কর্মীকেও জিজ্ঞাসাবাদ করেছে দুদক।