মোদাচ্ছেরকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক
আলোচিত হলমার্ক ঋণ কেলেঙ্কারির ঘটনায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলীকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ১৭ সেপ্টেম্বর সকালে দুদকের কর্মকর্তারা মোদাচ্ছের আলীকে তাঁর কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করেছেন। দুদক চেয়ারম্যান গোলাম রহমান প্রথম আলো ডটকমকে আজ বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন। হলমার্কসহ কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ঋণের নামে সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখা থেকে তিন হাজার ৬০৬ কোটি ৪৮ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। এর মধ্যে হলমার্ক একাই আড়াই হাজার কোটি টাকার বেশি হস্তগত করেছে। বিভিন্ন গণমাধ্যমের খবরে হলমার্কের এই ঋণ কেলেঙ্কারির সঙ্গে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলীর সংশ্লিষ্ট থাকার অভিযোগ তোলা হয়েছে। তবে সৈয়দ মোদাচ্ছের আলী এ কেলেঙ্কারির সঙ্গে তাঁর সংশ্লিষ্টতা অস্বীকার করেছেন ।হলমার্ক কেলেঙ্কারির ঘটনায় দুদক গতকাল পর্যন্ত ৫৫ জনকে জিজ্ঞাসাবাদ করেছে।