মোদাচ্ছেরকে দুদকের জিজ্ঞাসাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোনালী ব্যাংকের রূপসী বাংলা হোটেল (সাবেক শেরাটন হোটেল) শাখা থেকে হলমার্ক গ্রুপের ঋণ কেলেঙ্কারির ঘটনায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলীকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জিজ্ঞাসাবাদে তিনি এ ঘটনায় তাঁর সংশ্লিষ্টতা অস্বীকার করেছেন।এ কেলেঙ্কারির ঘটনায় গতকাল বৃহস্পতিবার সোনালী ব্যাংকের আরও ছয়জন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুদকের তদন্ত দল। এদিকে অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় উপকমিটির জেরায় ব্যাংকটির রূপসী বাংলা শাখার সাবেক ব্যবস্থাপক এ কে এম আজিজুর রহমান এ ঘটনায় নিজের দায় স্বীকার করেছেন।হলমার্ক গ্রুপের বিরুদ্ধে ঋণের নামে সোনালী ব্যাংকের ওই শাখা থেকে দুই হাজার ৬৬৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলীকে ১৭ সেপ্টেম্বর সকালে তাঁর বাসভবনে দুদকের কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের বিষয়টি দুদকের চেয়ারম্যান গোলাম রহমান গতকাল মুঠোফোনে প্রথম আলোকে নিশ্চিত করেছেন।দুদকের কমিশনার সাহাবুদ্দিন চুপপু গতকাল বিকেলে সাংবাদিকদের জানান, বিভিন্ন গণমাধ্যমের খবরে ওই ঋণ কেলেঙ্কারির সঙ্গে উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলীর সংশ্লিষ্টতার অভিযোগ ওঠায় স্বচ্ছ তদন্তের স্বার্থে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে উপদেষ্টা তাঁর সংশ্লিষ্টতা অস্বীকার করেছেন।দুদকের অনুসন্ধান ও তদন্ত বিভাগের সূত্র জানায়, ওই শাখায় উপদেষ্টার একটি পেনশন হিসাব রয়েছে। সে কারণে তিনি প্রায়ই সেখানে যেতেন। তাঁর গ্রামের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়ার দু-তিনজন ওই শাখায় চাকরি করেন। তাঁদের একজন ব্যবস্থাপক (বর্তমানে সাবেক) এ কে এম আজিজুর রহমান তাঁর দূরসম্পর্কের আত্মীয়। উপদেষ্টাই জানিয়েছেন, তিনি এঁদের সঙ্গে দেখা করতেন। এ ছাড়া ওই ব্যাংকের ধানমন্ডি শাখায় কাজ করেন মুক্তিযোদ্ধা ও লেখিকা মেহেরুন্নেসা মেরী। শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে তিনি এ পর্যন্ত প্রায় ডজন খানেক বই লিখেছেন। তাঁর সঙ্গে উপদেষ্টার ভালো সম্পর্ক রয়েছে। তাই ধানমন্ডি শাখায় গিয়ে মেরীকে দিয়ে উপদেষ্টা তাঁর শিক্ষক শহীদ বুদ্ধিজীবী ডা. ফজলে রাব্বীর বিষয়ে বই লেখানোর কাজ করছেন বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।ছয় কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ: হলমার্ক কেলেঙ্কারির ঘটনায় দুদকের তদন্ত দল গতকাল দুদক কার্যালয়ে সোনালী ব্যাংকের আরও ছয়জন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করে। তাঁরা হলেন: ব্যাংকটির কেন্দ্রীয় কার্যালয়ের আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থ বিভাগের উপমহাব্যবস্থাপক এস এইচ এস আবু জাফর, জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা সাহিদা খানম, শাখা পরিদর্শক ও দিলকুশা শাখার সহকারী মহাব্যবস্থাপক কামরুল হোসেন খান, নির্বাহী কর্মকর্তা একরামুল হক মণ্ডল, এ এস এম আবদুল লতিফ ও মো. আনিসুজ্জামান। এ নিয়ে সোনালী ব্যাংকের ৫১ জন কর্মকর্তাসহ মোট ৬১ জনকে জিজ্ঞাসাবাদ করা হলো।জিজ্ঞাসাবাদ শেষে কামরুল হোসেন খান সাংবাদিকদের বলেন, ‘ছয় মাস পরপর অডিট হওয়ার কথা থাকলেও আমরা ২০১১ সালের এপ্রিলে রূপসী বাংলা শাখায় অডিট করতে গিয়ে দেখি, দেড় বছর ওই শাখায় অডিট হয়নি। নিয়ম অনুযায়ী, অডিট শেষ করতে ৩০ দিন সময় দেওয়ার নিয়ম থাকলেও তাঁদের দেওয়া হয় ১০ দিন। ফলে ওই সময়ের মধ্যে অডিট সম্পন্ন করতে গিয়ে হলমার্কের অর্থ কারসাজিসংক্রান্ত কোনো কাগজপত্র দেখার সুযোগ পাইনি।’ আবু জাফর জানান, তিনি মাত্র চার মাস ১০ দিন ওই শাখায় কাজ করেন। বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই শাখার জন্য নিরীক্ষা দল পাঠানোর সঙ্গে সঙ্গে তাঁকে ফেনীতে বদলি করা হয়।সংসদীয় উপকমিটির জেরা: হলমার্ক কেলেঙ্কারি তদন্তে গঠিত অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় উপকমিটি গতকাল প্রায় তিন ঘণ্টা সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখার সাবেক ব্যবস্থাপক এ কে এম আজিজুর রহমান, ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির, সাবেক উপব্যবস্থাপনা পরিচালক মাইনুল হক ও আতিকুর রহমানকে জেরা করে। জাতীয় সংসদ ভবনে উপকমিটির বৈঠকে এ জেরা করা হয়।বৈঠকে সভাপতিত্ব করেন উপকমিটির আহ্বায়ক তাজুল ইসলাম। উপস্থিত ছিলেন উপকমিটির সদস্য এ কে এম মাঈদুল ইসলাম, এম এ মান্নান ও গোলাম দস্তগীর গাজী। তাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, আজিজুর রহমান শুরুতে দায় এড়ানোর চেষ্টা করলেও পরে দায় স্বীকার করেন। তিনি বলেছেন, তিনি ক্ষমতাবহির্ভূতভাবে হলমার্ক গ্রুপকে ঋণ দিয়েছেন। এ বিষয়ে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করেননি।উপকমিটির আহ্বায়ক জানান, সোনালী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারাও যথাযথ দায়িত্ব পালন করেননি। তাঁরা দায় এড়ানোর চেষ্টা করছেন। এটি কমিটির কাছে বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। জেরায় হুমায়ুন কবির বলেছেন, ঋণ দেওয়ার বিষয়ে তিনি কিছুই জানতেন না। তাঁর এ কথায় কমিটি সন্তুষ্ট নয়।তাজুল ইসলাম বলেন, কমিটি যেভাবে কাজ শুরু করেছে, তাতে হলমার্ক কর্তৃপক্ষকে তলব করার প্রয়োজন হতে পারে।সংসদ সচিবালয় সূত্র জানায়, বৈঠকে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এস এম মনিরুজ্জামান বলেন, হলমার্কের ব্যাপারে ব্যবস্থাপনা পরিচালক দায় এড়াতে পারেন না। তিনি ব্যাংকের ঘাটতি শাখার অস্বাভাবিক লেনদেন দেখতে পারতেন। ব্যাংক ও আর্থিক বিভাগের যুগ্ম সচিব গকুল চাঁদ দাস বলেন, হলমার্ক টাকা তুলে নেওয়ার সময় একজন মহাব্যবস্থাপক এ বিষয়ে ব্যবস্থা নিতে গেলে তাঁকে তিনবার বদলি করা হয়। কেন তাঁকে বদলি করা হয়েছে, সেটা বর্তমান ব্যবস্থাপনা পরিচালক জানেন। কারণ, তিনি নিজেও ওই লোককে একবার বদলি করেছিলেন। সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার দত্ত বলেন, হলমার্কের ক্ষেত্রে সংশ্লিষ্ট শাখার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা ক্ষমতার অপব্যবহার করেছেন।বৈঠকে জালিয়াতির সঙ্গে জড়িত ব্যক্তিরা যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন, সে জন্য যথাযথ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে। এ ছাড়া হলমার্কের নামে বা বেনামে থাকা সম্পত্তি চিহ্নিত করে রাষ্ট্রীয় মালিকানায় আনারও সুপারিশ করা হয়েছে।বৈঠকে অন্যান্যের মধ্যে ব্যাংক ও আর্থিক বিভাগের যুগ্ম সচিব আবদুর রউফ তালুকদার, বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের মহাপরিচালক তৌফিক আহমেদ, সোনালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক সাইফুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।