মোদাচ্ছেরের বিচার চাইলেন জয়নুল
হলমার্ক কেলেঙ্কারির ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা মোদাচ্ছের আলীসহ জড়িত সবার বিচার দাবি করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। হলমার্ক দুর্নীতিতে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে আজ রোববার জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তায় এক অবস্থান কর্মসূচিতে তিনি এ দাবি জানান। জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশন এই কর্মসূচির আয়োজন করে।জয়নুল আবদিন ফারুক বলেন, তানভীর আহমেদ তিন হাজার টাকার শ্রমিক ছিলেন। প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা মোদাচ্ছের আলী কী কারণে এই তিন হাজার টাকার শ্রমিককে সাড়ে তিন হাজার কোটি টাকার ঋণ পেতে সহায়তা করেন, তা জানতে চান জয়নুল। এ সময় মোদাচ্ছের আলীর বিচারের দাবি জানান তিনি।বিরোধীদলীয় এ নেতা অভিযোগ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও এক-এগারোর মতো পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র করছেন। তিনি আবার ওই সরকারের হাতে ক্ষমতা দিয়ে তাদের মাধ্যমে ক্ষমতায় আসতে চান। জয়নুল বলেন, আওয়ামী লীগ যেভাবে লগি-বৈঠা নিয়ে রাস্তায় নেমেছিল, জ্বালাও-পোড়াও করেছিল, বিএনপি সেভাবে বাসে আগুন দিয়ে, হরতাল করে সরকারকে বিদায় করতে চায় না। বিএনপি গণমানুষকে সম্পৃক্ত করে গণ-আন্দোলনের মাধ্যমে এ সরকারকে বিদায় করবে বলে তিনি মন্তব্য করেন।