মোদি শতভাগ ধর্মনিরপেক্ষ: জঠমালানি
ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বহিষ্কৃত নেতা রাম জঠমালানি বলেছেন, প্রধানমন্ত্রী নির্বাচনে বিজেপির সবচেয়ে যোগ্য প্রার্থী হতে পারেন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি। কারণ, তিনি শতভাগ ধর্মনিরেপেক্ষ।জঠমালানি আজ মঙ্গলবার বলেন, ‘আমার মতে নরেন্দ্র মোদি হবেন এ দেশের সবচেয়ে ভালো প্রধানমন্ত্রী। এ বিষয়ে আমার মত পাল্টাবে না...ধর্মনিরপেক্ষতা বিষয়ে আমার যে মত, তা অনুযায়ী মোদি শতভাগ ধর্মনিরপেক্ষ।’প্রবীণ এ আইনজীবী বলেন, এক মাস আগেও তিনি মোদির প্রধানমন্ত্রী পদপ্রার্থিতা সমর্থন করেছিলেন। ‘হিন্দুস্থান টাইমস’-এর খবরে বলা হয়, যশবন্ত সিনহাও মোদির পদপ্রার্থিতা সমর্থন করছেন জেনে সন্তোষ প্রকাশ করেন জঠমালানি। তিনি বলেন, ‘আমি মনে করি না যশবন্ত সিনহা ভুল কিছু বলেছেন। তিনি আমার মত সমর্থন করেছেন।’মোদির কুত্সাকারীদের ভর্ত্সনা করে জঠমালানি বলেন, মোদি একজন সুহূদ। তাঁর শত্রু ও কুত্সাকারীরা তাঁর নামে অসত্য ও মিথ্যা গালগল্প ছড়াচ্ছে। জঠমালানি বলেন, তিনি মনে করেন মোদি একজন নিষ্পাপ ও ধর্মনিরপেক্ষ ব্যক্তি এবং প্রধানমন্ত্রীর পদে যাঁরা প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন, তাঁদের মধ্যে মোদিই সেরা।জঠমালানি বলেন, ‘সেক্যুলার’ ও ‘কমিউনাল’ শব্দ দুটির অপব্যবহার করা হয়। যাঁরা শব্দ দুটি নিয়ে কথা বলেন, তাঁরা ‘সেক্যুলার’ শব্দটির আদ্যক্ষরই বোঝেন না। তিনি মনে করেন, দলের কোন ব্যক্তিটি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, তা নির্বাচনের আগেই প্রকাশ ও প্রচার করা উচিত। কিন্তু ভারতে তা হয় না। তিনি বলেন, ‘এটি গণতান্ত্রিক চর্চার সঙ্গে খাপ খায় না।’