মোদিকে অপরাধীর চেয়ে বেশি কিছু ভাবি না: সঞ্জীব ভাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুজরাটে ২০০২ সালের সাম্প্রদায়িক দাঙ্গায় মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি জড়িত ছিলেন বলে অভিযোগ করেছিলেন পুলিশ কর্মকর্তা সঞ্জীব ভাট। এ কারণে তিনি বরখাস্ত হন। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার তিনি জামিন পেয়েছেন। আহমেদাবাদের সবরমতি কারাগার থেকে বের হওয়ার পর আবারও একই অভিযোগ তুলেছেন সঞ্জীব ভাট। তিনি বলেছেন, ‘নরেন্দ্র মোদি গুজরাটের মুখ্যমন্ত্রী হতে পারেন কিন্তু তিনি আমার কাছে একজন সাধারণ অপরাধী। নরেন্দ্র মোদিকে একজন পুলিশ কর্মকর্তা হিসেবে আমি অপরাধীর চেয়ে বেশি কিছু ভাবি না।’টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত প্রতিবেদনে সঞ্জীব বলেন, ‘এই সরকার আমাকে সরাতে চায়। একই কাজ তারা করেছিল সাবেক মন্ত্রী হারিন পাণ্ডের সঙ্গেও। সরকার যা ইচ্ছা করতে পারে। আমি সবকিছুর জন্যই প্রস্তুত।’সবরমোতি কারাগার থেকে বের হওয়ার পর সমর্থকেরা সঞ্জীব ভাটকে ফুল দিয়ে স্বাগত জানান। সঞ্জীব বলেন, ‘আমি আনন্দিত যে আইনের লড়াইয়ে আমি জিতেছি এবং এটি আশার কথা।’গুজরাটের বিশেষ আদালতের সেশন জজ ভিকে ভিয়াস শর্তসাপেক্ষে সঞ্জীব ভাটের জামিন দিয়েছেন। জামিনের শর্ত হলো সঞ্জীব তদন্তকাজে সহায়তা করবেন। যখনই তাঁকে ডাকা হবে তিনি হাজিরা দেবেন।গত ৩০ সেপ্টেম্বর পুলিশ কর্মকর্তা সঞ্জীব ভাটকে গ্রেপ্তার করা হয়। গত এপ্রিল মাসে সুপ্রিম কোর্টে দায়ের করা মামলায় সঞ্জীব অভিযোগ করেছিলেন, গোধরা ট্রেনে আগুন লাগার পর গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি পুলিশ কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠক করেন। সেখানে তিনি সংখ্যাগরিষ্ঠ হিন্দু সম্প্রদায়কে মুসলিমদের বিরুদ্ধে রাগ প্রকাশের সুযোগ করে দেওয়ার জন্য পুলিশদের নির্দেশ দেন। পরে সেপ্টেম্বরে সঞ্জীব ভাট গ্রেপ্তার হন। অভিযোগে বলা হয়, সঞ্জীব জোর করে পুলিশ কনস্টেবল কেডি পান্থের কাছে মিথ্যে বিবৃতি নিয়েছিলেন। তিনি মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে এভাবে মিথ্যে অভিযোগ করেছেন। ওই বিবৃতিতে কেডি পান্থ বলেছিলেন, তিনি পুলিশদের সঙ্গে মোদির ওই বৈঠকে ছিলেন।