মোবাইল কোম্পানি অবৈধ ভিওআইপি করলে জরিমানা
কোনো মোবাইল ফোন কোম্পানি ভিওআইপির (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল) অবৈধ ব্যবহার করলে, তাদের কাছ থেকে জরিমানা আদায়ের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।গতকাল সোমবার মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।সূত্রটি জানায়, বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানান, ভিওআইপির অবৈধ ব্যবহারকারী কয়েকটি প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ায় সরকারের রাজস্ব আয় বেড়েছে। এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী জানতে চান, ভিওআইপির অবৈধ ব্যবহার বন্ধ করা হলে যদি রাষ্ট্রের আয় বাড়ে, তাহলে এত দিন কেন ওই প্রতিষ্ঠানগুলো বন্ধ করা হলো না?সম্প্রতি ভিওআইপির অবৈধ ব্যবহারের অভিযোগে র্যাংকসটেল, পিপলসটেলসহ কয়েকটি প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়।গতকালের বৈঠকে বাংলাদেশ টেলিযোগাযোগ সংশোধনী আইন এবং ইন্টারন্যাশনাল লং ডিসট্যান্স টেলিকমিউনিকেশনস সার্ভিস (আইএলটিএস) অনুমোদিত হয়েছে।