মোবাইল ফোনে রিংটোন ও ওয়েলকাম টোন হিসেবে জাতীয় সংগীতের ব্যবহার অবৈধ ও বেআইনি ঘোষণা করেছেন হাইকোর্ট। গতকাল বৃহস্পতিবার বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি ফারাহ মাহবুবের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।একই সঙ্গে আদালত জাতীয় সংগীত ব্যবহার করায় বেসরকারি মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন, একটেল (রবি) ও বাংলালিংককে ৫০ লাখ টাকা করে জরিমানা করেন। রায়ের অনুলিপি পাওয়ার ৩০ দিনের মধ্যে এ টাকা জাতীয় হার্ট ফাউন্ডেশন, কিডনি রিসার্চ সেন্টার ও ক্যানসার রিসার্চ ইনস্টিটিউটকে অনুদান হিসেবে দিতে বলা হয়েছে।জানা যায়, মোবাইল ফোনে রিংটোন ও ওয়েলকাম টোন হিসেবে জাতীয় সংগীত ব্যবহারের বৈধতা চ্যালেঞ্জ করে ২০০৬ সালে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী কালীপদ মৃধা। এর পরিপ্রেক্ষিতে ওই সময় আদালত রুল জারি করেন। রুলে মোবাইল ফোনের রিংটোন ও ওয়েলকাম টোন হিসেবে জাতীয় সংগীত ব্যবহার কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়। এ রুলের চূড়ান্ত শুনানি শেষে গতকাল আদালত রায় দেন। আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী মাসুদ আহমেদ সাঈদ। সরকারপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. খুরশীদ আলম।মো. খুরশীদ আলম প্রথম আলোকে বলেন, তিনটি মোবাইল ফোন অপারেটরকে ৫০ লাখ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন আদালত। এ অর্থ চ্যারিটি ফান্ডে (দাতব্য তহবিল) জমা দিতে বলা হয়েছে। মাসুদ আহমেদ সাঈদ প্রথম আলোকে বলেন, সংবিধানের ৪ অনুচ্ছেদে জাতীয় সংগীত, জাতীয় পতাকা ও জাতীয় প্রতীক সংরক্ষণের কথা বলা আছে। এ ছাড়া ১৯৭৮ সালের জাতীয় সংগীত বিধানে ২০টি ক্ষেত্রে জাতীয় সংগীত পরিবেশনের কথা বলা হয়েছে। ক্ষেত্র বিশেষে ১০ লাইন, চার লাইন পরিবেশনের কথা বলা আছে। কিন্তু মোবাইল ফোনের রিংটোন হিসেবে জাতীয় সংগীত ব্যবহার সংবিধান ও আইনের পরিপন্থী। রিংটোন ও ওয়েলকাম টোন হিসেবে জাতীয় সংগীত ব্যবহার অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন আদালত।মোবাইল ফোন অপারেটরদের সংগঠন মোবাইল টেলিকম অপারেটর অব বাংলাদেশের (অ্যামটব) সভাপতি এবং বাংলালিংকের রেগুলেটরি অ্যান্ড লিগ্যাল অ্যাফেয়ার্সের প্রধান জাকিউল ইসলাম জানান, জরিমানার বিষয়টি তিনি জানেন। তিনি বলেন, ‘বিষয়টি যেহেতু হাইকোর্টের এখতিয়ারে, তাই এখনই এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না।’প্রসঙ্গত, ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জাতীয় সংগীত দিয়ে মুঠোফোনে রিংটোন ও ওয়েলকাম টোন ব্যবহারকে ‘স্পর্শকাতর বিষয়’ হিসেবে উল্লেখ করে। ২৪ ঘণ্টার মধ্যে সব মোবাইল ফোন অপারেটর তাদের ডাউনলোড কনটেন্ট থেকে জাতীয় সংগীত বাদ দেয়। ওই বছরের আগস্টে এ সংক্রান্ত একটি আদেশ বা নোটিশ জারি করে বিটিআরসি।