মোবাইল ফোনের সিম কর কমানোর ইঙ্গিত দিলেন এনবিআর চেয়ারম্যান
আগামী বাজেটে মোবাইল ফোনের সিমের কর কমানোর ইঙ্গিত দিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘আগামী বাজেটের আগে সিম করের বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে আরও যৌক্তিক পর্যায়ে নিয়ে আসার ব্যাপারে যথাযথ উদ্যোগ নেওয়া হবে।’রাজধানীর একটি হোটেলে বিদেশি বিনিয়োগকারীদের সংগঠন ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফআইসিসিআই) নিয়মিত মধ্যাহ্ন ভোজসভায় প্রধান অতিথির বক্তব্যের পর প্রশ্নত্তোর পর্বে নাসির উদ্দিন আহমেদ আজ বৃহস্পতিবার এ কথা বলেন।এর আগে বাংলালিংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দেশব্যাপী মোবাইল সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সিমের কর কমানোর ব্যাপারে এনবিআর চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করেন। বর্তমানে প্রতিটি সিমের বিপরীতে মোবাইল কোম্পানিগুলোকে ৮০০ টাকা কর দিতে হয়।এফআইসিসিআইয়ের সভাপতি এ এম হামিম রহমতউল্লাহ সভায় সভাপতিত্ব করেন। তিনি মূল্য সংযোজন কর (ভ্যাট), আয়কর ও শুল্কব্যবস্থার বিভিন্ন অসংগতি তুলে ধরে সেগুলো দূর করারও আহ্বান জানান।নাসির উদ্দিন আহমেদ বলেন, এনবিআর এরই মধ্যে ভ্যাট ও শুল্ক আইন সংস্কারের উদ্যোগ নিয়েছে। এসব কাজে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়িক সংগঠন এফবিসিসিআইয়ের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যাতে তাঁরা ব্যবসায়ীদের পক্ষে সুচিন্তিত মতামত দিয়ে আইন তৈরিতে সহযোগিতা করতে পারেন।নাসির উদ্দিন আহমেদ বলেন, এনবিআরের কাজ শুধু রাজস্ব আহরণ করা নয়। দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার জন্য ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করাও তাদের দায়িত্ব। তাই এনবিআরের বিধিবিধানগুলো ব্যবসাবান্ধব করার কাজ চলছে।