মোবাইল ব্যবহারে ক্যানসারের ঝুঁকি বাড়তে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ সময় মোবাইল ফোন ব্যবহারের কারণে মস্তিষ্কের ক্যানসার হতে পারে—এ কথা গবেষকেরা বলছিলেন অনেক দিন থেকেই। তবে বিষয়টি নিয়ে বিজ্ঞানীদের মধ্যে ১০০ ভাগ মতৈক্য ছিল না। এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার ক্যানসার বিশেষজ্ঞরা বড় ধরনের এক আন্তর্জাতিক গবেষণার ফল জানিয়ে বললেন, মোবাইল ফোন ব্যবহার করলে সম্ভবত সত্যিই মস্তিষ্কের ক্যানসার হওয়ার ঝুঁকি বাড়ে। ঝুঁকি কমাতে তাঁরা কথা বলা কমিয়ে বেশি করে এসএমএস ও হ্যান্ডস ফ্রি ব্যবহার করার পরামর্শ দিয়েছেন। ফ্রান্সের লিয়ঁ শহরে আট দিনব্যাপী এক সভা শেষে মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার অঙ্গসংগঠন আন্তর্জাতিক ক্যানসার গবেষণা সংস্থার (আইএআরসি) বিশেষজ্ঞরা এ সতর্কতা জানান। সংস্থাটির বিজ্ঞানীরা বলেন, ‘মোবাইল ফোন যে তড়িৎচুম্বকীয় ক্ষেত্র সৃষ্টি করে তা থেকে হয়তো মানুষের ক্যানসার হতে পারে।’ গবেষকদলের প্রধান জোনাথান সামেট বলেন, মোবাইল ফোনের মতো যন্ত্র ব্যবহারের ফলে গ্লিওমা নামে এক ধরনের মস্তিষ্কের ক্যানসার হওয়ার হার বেড়ে যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে তাঁদের গবেষণায়। এক সংবাদ সম্মেলনে সামেট আরও বলেন, দুটি নির্দিষ্ট পর্যবেক্ষণে দেখা গেছে, সবচেয়ে বেশি সময় মোবাইল ফোন ব্যবহারকারীদের ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি অপেক্ষাকৃত বেশি। গত এক দশকে এটাই এ ব্যাপারে সবচেয়ে বড় গবেষণা। এ পরীক্ষায় অংশ নেওয়া কয়েকজন ব্যক্তি গত ১০ বছরে প্রতিদিন গড়ে ৩০ মিনিট করে মোবাইল ফোনে কথা বলেছেন। আইএআরসি অবশ্য বলেছে, এবারের গবেষণাটি ক্যানসার ও মোবাইল ফোনের মধ্যে একটি সম্ভাব্য যোগসূত্র নির্দেশ করে। এটা এখন পর্যন্ত কোনো প্রমাণিত সত্য নয়।১৪টি দেশের ৩১ জন বিজ্ঞানী বর্তমান গবেষণাটি চালিয়েছেন। লিখিত প্রতিবেদনের দায়িত্বপ্রাপ্ত গবেষক রবার্ট বান বলেন, এটি মোবাইল ফোনের সঙ্গে ক্যানসারের সম্ভাব্য সম্পর্ক নিয়ে এ পর্যন্ত প্রকাশিত যাবতীয় প্রতিবেদনের প্রথম বিজ্ঞানভিত্তিক মূল্যায়ন। তিনি বলেন, গবেষকেরা এবার ‘পূর্ণ সর্বসম্মতির’ ভিত্তিতে এ সিদ্ধান্তে পৌঁছেছেন।এক বছর আগে আইএআরসি বলেছিল, মোবাইল ফোন ও মস্তিষ্ক ক্যানসারের মধ্যে সম্পর্ক নেই। কিন্তু পুরোনো উপাত্ত ব্যবহার করার কারণে ওই প্রতিবেদনটি সমালোচিত হয়েছিল। মোবাইল ফোন ব্যবহারে ক্ষতিকর গ্লিওমার ঝুঁকি বৃদ্ধি এবং অ্যাকাউস্টিক নিওরোমা নামক এক ধরনের নির্দোষ টিউমার হওয়ার কিছু প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন প্রতিবেদন সম্পাদনার দায়িত্বপ্রাপ্ত বিজ্ঞানী কার্ট স্ট্রাইফ। তবে তিনি বলেন, ক্যানসার হওয়ার বিষয়টি এই মুহূর্তে সুস্পষ্টভাবে প্রতিষ্ঠিত নয়।সংশ্লিষ্ট গবেষকদল অসম্পূর্ণ তথ্য, পরিবর্তনশীল প্রযুক্তি ও ভোক্তা অভ্যাসের উল্লেখ করে এ বিষয়ে আরও গবেষণার পরামর্শ দিয়েছে। গবেষক রবার্ট বান বলেন, ফোন থেকে বিকিরণ হ্রাসের জন্য প্রযুক্তির উন্নতি হয়েছে। কিন্তু একই সঙ্গে মোবাইলের ব্যবহারও অনেক বেড়েছে। এ দুটির মধ্যে কীভাবে ভারসাম্য প্রতিষ্ঠা হবে তা বলা কঠিন। আইএআরসি এ ব্যাপারে কোনো আনুষ্ঠানিক সুপারিশ না করলেও বিশেষজ্ঞরা মোবাইল ব্যবহারকারীদের ক্যানসারের ঝুঁকি কমাতে কিছু পরামর্শ দিয়েছেন। এগুলোর মধ্যে রয়েছে এসএমএস ব্যবহার, হ্যান্ডস ফ্রি (তারযুক্ত হেডফোন) ব্যবহার, সম্ভব হলে স্পিকারফোন ব্যবহার করে কথা বলা, ব্লুটুথ ব্যবহারে বিরত থাকা, ফোনটি কিছুটা দূরে রেখে কথা বলা, চারদিক ঘেরা জায়গায় মোবাইল ব্যবহার না করা। মোবাইল ফোন উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো এ ব্যাপারে সতর্ক প্রতিক্রিয়া জানিয়েছে। তারা স্মরণ করিয়ে দিয়েছে, কফি ও রাসায়নিক দিয়ে জারিয়ে রাখা বিভিন্ন সবজিও একই সতর্কতার শ্রেণীতে ফেলা হয়। অন্যদিকে ভোক্তা অধিকারবিষয়ক কয়েকটি সংগঠন বলেছে, নতুন এ শ্রেণীবিন্যাসটি আসতে অনেক দেরি হয়েছে। প্রিয়ারটেম নামে একটি সংগঠনের প্রধান বলেন, এ পর্যন্ত কেউ বলতে পারেননি, মোবাইল থেকে কোনো ঝুঁকি নেই। প্রত্যেকের এখন উচিত, এ বিষয়টি বিবেচনায় নেওয়া। এএফপি ও বিবিসি।