মোবাইল ব্যাংকিং সেবার আনুষ্ঠানিক যাত্রা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ব্যাংক খাত আনুষ্ঠানিকভাবে ‘মোবাইল ব্যাংকিং’ সেবা কার্যক্রম শুরু করেছে। এর মাধ্যমে ব্যাংক সেবার আওতার বাইরে থাকা বিরাট জনগোষ্ঠী সাশ্রয়ীভাবে ব্যাংক সেবা গ্রহণের সুযোগ পাবে।আজ বৃহস্পতিবার ঢাকায় আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। বেসরকারি খাতের ডাচ-বাংলা ব্যাংক দেশের দুই মোবাইল ফোন প্রতিষ্ঠান বাংলালিংক ও সিটিসেলের সহযোগিতায় এই মোবাইল ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে।পূর্ণাঙ্গ মোবাইল ব্যাংকিং কার্যক্রম শুরু করার জন্য বাংলাদেশ ব্যাংক এখন পর্যন্ত ১০টি বাণিজ্যিক ব্যাংককে অনুমতি দিয়েছে। এ ক্ষেত্রে ডাচ-বাংলা ব্যাংক প্রথমে এই কার্যক্রম শুরু করল। খবর ইউএনবির।গভর্নর আজ সকালে নয়াপল্টনে বাংলালিংক পয়েন্ট থেকে টাকা জমা এবং পুরোনো পল্টনে সিটিসেলের পয়েন্ট থেকে টাকা উত্তোলন করে এই কার্যক্রম উদ্বোধন করেন। এরপর রাজধানীর পূর্বাণী হোটেলে গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে গভর্নরসহ ব্যাংক ও মোবাইল ফোন কোম্পানির শীর্ষ কর্মকর্তারা মতবিনিময় করেন।এ সময় কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক দাশগুপ্ত অসীম কুমার, ডাচ-বাংলা ব্যাংকের পরিচালনা পর্ষদ চেয়ারম্যান সায়েম আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক কে এস তাবরেজ, উপব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম, বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ আবু দোমা, সিটিসেলের প্রধান পরিচালন কর্মকর্তা ডেভিড লি, বিটিআরসির কমিশনার মনিরুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে আতিউর রহমান বলেন, মোবাইল ব্যাংকিং কার্যক্রম চালু হওয়ার মাধ্যমে দেশের ব্যাংকিং খাত তথা আর্থিক খাতের একটি বিরাট মাইলফলক অর্জিত হলো। এর ফলে সাশ্রয়ী ও নিরাপদ ব্যাংকিং সেবা পাবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।আতিউর আরও বলেন, ব্যাংক খাত উন্নয়নে বাংলাদেশ ব্যাংক যে পাঁচ বছরের কৌশল গ্রহণ করেছে, তাতে আর্থিক অন্তর্ভুক্তিকরণে বিশেষ গুরুত্ব দিয়েছে। আর এই অন্তর্ভুক্তিকরণের অন্যতম হাতিয়ার হলো মোবাইল ব্যাংকিং। এই সেবার মাধ্যমে যদি দেশের ৫০ শতাংশ মোবাইল ফোন গ্রাহককে ব্যাংক সেবার আওতায় নেওয়া যায়, তাহলে তা হবে একটি যুগান্তকারী ঘটনা।