মোবাইল সিম বিক্রেতাদের তালিকা তৈরির কাজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেলিফোন ও মোবাইল ফোনে চাঁদাবাজি প্রতিরোধে সরকার সিম বিক্রির ওপর কড়াকড়ি আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে। উচ্চপর্যায়ের নির্দেশনা পাওয়ার পর পুলিশ মাঠে নেমেছে। ইতিমধ্যে তাঁরা সিম বিক্রেতাদের তালিকা তৈরির কাজ শুরু করেছেন।পুলিশ সূত্র জানায়, বিশেষ শাখার পুলিশ সুপার মো. আওরঙ্গজেব মাহবুব ৫ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশ ও কার্যবিবরণী সব জেলা পুলিশ সুপার এবং নগর পুলিশের উপকমিশনারের কাছে পাঠান। এতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশ ও কার্যবিবরণী বাস্তবায়ন করতে পুলিশ কর্মকর্তাদের অনুরোধ করা হয়। গত ৭ জুলাই মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সব সুপারিশ প্রণয়ন করা হয়।সূত্র জানায়, মোবাইল ফোনের সিম বিক্রি বা বিতরণের ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকে ১১টি সিদ্ধান্ত হয়। এ সব সিদ্ধান্ত বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মকর্তাদের তাগাদা দেওয়া হয়।পুলিশের বিশেষ শাখার উপমহাপরিদর্শক (ডিআইজি) ফাতেমা বেগম প্রথম আলোকে বলেন, অনিবন্ধিত সিম ব্যবহারকারীদের কারণে সাধারণ নাগরিকেরা ভোগান্তিতে পড়ে। কারণে-অকারণে তারা লোকজনকে ফোনে হুমকি দেয়, চাঁদা দাবি করে। এ জন্য সিম ব্যবহারকারীদের জবাবদিহিতার মধ্যে আনার সিদ্ধান্ত হয়েছে। মাঠপর্যায়ের পুলিশ সিম বিক্রেতাদের তালিকা তৈরিসহ প্রয়োজনীয় কাজ শুরু করেছে।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ১৮ বছরের কম বয়সী কারও কাছে সিম বিক্রি নিষিদ্ধ। তবে নিরাপত্তার স্বার্থে অভিভাবকেরা সিম কিনে সন্তানদের দিতে পারবেন। এ ক্ষেত্রে সব দায়দায়িত্ব অভিবাবককে নিতে হবে। খুচরো সিম বিক্রেতাদের শিক্ষাগত যোগ্যতা অন্তত এসএসসি পাস হতে হবে। তবে এসএসসি পাস নয়, এমন যাঁরা আগে থেকে এই ব্যবসায় জড়িত, তাঁদের প্রশিক্ষণ নিতে হবে। আর জাতীয় পরিচয়পত্র ছাড়া কোনো সিম বিক্রি করা যাবে না।পুলিশ সূত্র জানায়, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে মাঠপর্যায়ে পরিবেশক ও খুচরো বিক্রেতাদের তালিকা তৈরি করে বিটিআরসিসহ সংশ্লিষ্ট সংস্থাকে সরবরাহের তাগাদা দেওয়া হয়েছে। তালিকায় নাম নেই, এমন ব্যক্তি বা প্রতিষ্ঠান সিম বিক্রি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা রয়েছে।নাটোরের পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তের কথা আমরা স্থানীয় সিম বিক্রেতাদের জানিয়েছি। এ ব্যবসায় জড়িতদের তালিকা তৈরির কাজও শুরু হয়েছে। আমরা ৩০ সেপ্টেম্বরের আগেই এ-সংক্রান্ত প্রতিবেদন পুলিশের বিশেষ শাখার সদর দপ্তরে পাঠাব।’নোয়াখালীর পুলিশ সুপার হারুন-উর-রশিদ হাযারী বলেন, ‘বিশেষ শাখার চিঠি পেয়ে আমরা মাঠপর্যায়ে কাজ শুরু করেছি।’ চট্টগ্রামের হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার বাবুল আক্তার বলেন, ‘আমরা সিম বিক্রেতাদের পরিচয় ও শিক্ষাগত যোগ্যতা যাচাইয়ের কাজ শুরু করেছি। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত বাস্তবায়ন হলে অপরাধ প্রবণতা অনেক কমে যাবে।’জানা গেছে, মোবাইল কোম্পানি (অপারেটর) নিজ নিজ পরিবেশক ও খুচরো বিক্রেতাদের নিয়ন্ত্রণ করবে। অবৈধ সিম বিক্রেতাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট তারাই বাদী হয়ে মামলা করবে।পুলিশ সূত্র জানায়, চাঁদাবাজি ও হুমকি নমুনা প্রচারপত্রের মাধ্যমে ফুটিয়ে তুলতে বলা হয়েছে। প্রচারপত্রে পুলিশ বিভাগের লোগো লাগানো থাকবে। মোবাইল কোম্পানিগুলো পেশাদার প্রতিষ্ঠান দিয়ে প্রচারপত্রের নমুনা চূড়ান্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিটিআরসি, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), পুলিশ, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই), র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও পুলিশের বিশেষ শাখাকে সরবরাহ করবে। প্রচারপত্র অনুমোদনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (রাজনৈতিক) যুগ্ম সচিবকে প্রধান করে একটি কমিটি করা হয়েছে।