মোবাইলবোমা বিস্ফোরণের ঘটনায় আরও দুজন গ্রেপ্তার
রাজধানীর আগারগাঁওয়ে তরুণীর হাতব্যাগে মোবাইলবোমা বিস্ফোরণের ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শনিবার রাতে ক্যান্টনমেন্টের মাটিকাটা ও কাজিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকে তিনটি মোবাইলবোমা, বোমা তৈরির সরঞ্জাম ও ল্যাপটপ উদ্ধার করা হয়েছে।গ্রেপ্তার হওয়া ওই দুজন হলেন: খন্দকার এনামুল হক (২৩) ও এস এম আবু হোসেন সরকার (২২)। এর আগে একই ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে জুবায়ের আহমেদ, নুরুল ইসলাম ও সোহরাব হোসেন নামের তিন ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।গত ১৭ জুলাই বেলা সাড়ে ১১টার দিকে আগারগাঁওয়ের পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) কার্যালয়ের সামনের রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) সহকারী প্রোগ্রামার এক তরুণীর হাতব্যাগের ভেতরে একটি বোমা বিস্ফোরিত হয়। এতে ওই তরুণী আহত হন। পুলিশের দাবি, বিস্ফোরিত বোমাটি ছিল মোবাইল ফোন-নিয়ন্ত্রিত।তরুণীর কাছে ‘বোমা রাখতে দেওয়া’র অভিযোগে জুবায়েরের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই দিন পুলিশ একই দপ্তরের তাঁর সহকর্মী প্রোগ্রামার জুবায়ের আহমেদসহ তিনজনকে গ্রেপ্তার করে।পুলিশের ভাষ্যমতে, জুবায়ের তাঁদের বলেছেন, সহকর্মীর সঙ্গে সম্পর্কের টানাপোড়েন থেকে মেয়েটিকে ‘শিক্ষা দিতে’ তিনি বোমাটি কৌশলে তাঁর হাতে তুলে দেন।পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া জুবায়ের বিবাহিত এবং তাঁর সন্তানও রয়েছে। একই প্রতিষ্ঠানে কাজ করায় তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়, কিন্তু কোনো প্রেমের সম্পর্ক গড়ে ওঠেনি। তবে জুবায়েরের দাবি, মেয়েটি প্রথমে তাঁকে প্রেমের কথা বললেও তিনি সাড়া দেননি। পরে জুবায়ের আগ্রহী হলেও মেয়েটি সাড়া দিচ্ছিলেন না। এতে জুবায়ের ক্ষুব্ধ হন এবং তাঁকে ‘শিক্ষা দেওয়ার’ পরিকল্পনা করেন। সেই ক্ষোভ বন্ধুদের কাছে প্রকাশ করলে তাঁরা জুবায়েরকে সাহায্যের প্রতিশ্রুতি দেন এবং ২০ হাজার টাকার বিনিময়ে বোমাটি বানিয়ে দেন।ওই ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্তের তদারকি করছেন ডিবির অতিরিক্ত উপকমিশনার মশিউর রহমান। তিনি আজ প্রথম আলো ডটকমকে বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা টাকার বিনিময়ে মোবাইলবোমা তৈরি করে জুবায়েরকে দিয়েছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। এ নিয়ে আজ দুপুরে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।