মোবারক হোসেনের জামিন বাড়ল দুই মাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের অভিযোগ থাকা মো. মোবারক হোসেনের জামিনের মেয়াদ আরও দুই মাস বাড়িয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল আজ রোববার এ আদেশ দেন। আদেশে বলা হয়, আগামী ১৫ নভেম্বর তাঁর (মোবারক হোসেন) বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন অথবা অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে হবে। ওই দিন তাঁকে ট্রাইব্যুনালেও হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। এর আগে মোবারক হোসেনের বিরুদ্ধে তদন্তের অগ্রগতি প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী সুলতান মাহমুদ। এ সময় মোবারক ট্রাইব্যুনালে হাজির ছিলেন। তাঁর পক্ষে আইনজীবী মো. শাহজাহান জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন জানান।ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় আওয়ামী লীগ নেতা মোবারককে দুই মাস আগে জামিন দেন এই ট্রাইব্যুনাল। তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে স্থানীয় আদালতে মামলা করা হলে মামলাটি ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়।