মোবারক হোসেনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার মোগড়া ইউনিয়নের বাসিন্দা ও আওয়ামী লীগের সাবেক নেতা মো. মোবারক হোসেনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে রাষ্ট্রপক্ষ।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ আজ সোমবার এ অভিযোগ দাখিল করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী সাহেদুর রহমান। অভিযোগ আমলে নেওয়ার জন্য আগামী ১১ মার্চ দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।এ সময় মোবারক হোসেন ট্রাইব্যুনালে হাজির ছিলেন। মোবারকের আইনজীবী এস এম শাহজাহান তাঁর জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন জানালে ট্রাইব্যুনাল ১১ মার্চ পর্যন্ত তা বাড়ান।এর আগে জানুয়ারি মাসে মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থা তদন্ত শেষে জানিয়েছিল, মোবারক হোসেনের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে ৩৩ জনকে গণহত্যা, তিনজনকে হত্যা, দুজনকে অপহরণ করে আটক ও নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।আগের ঘটনা: ২০০৯ সালের ৩ মে শহীদ আবদুল খালেকের মেয়ে খোদেজা বেগম ব্রাহ্মণবাড়িয়ার ম্যাজিস্ট্রেট আদালতে মোবারক হোসেনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। মোবারক হাইকোর্টে জামিনের আবেদন করলে হাইকোর্ট প্রথমে অন্তর্বর্তীকালীন জামিন দিলেও পরে নিম্ন আদালতে তাঁকে আত্মসমর্পণ করার নির্দেশ দেন। ২০১১ সালের ১৯ অক্টোবর মোবারক ব্রাহ্মণবাড়িয়ার আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাঁকে কারাগারে পাঠান। তাঁর পক্ষে জামিনের আবেদন করা হলে স্থানীয় আদালত জানান, মোবারকের বিরুদ্ধে অভিযোগ মানবতাবিরোধী অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট হওয়ায় তাঁকে জামিন দেওয়ার বিষয়টি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এখতিয়ার। পরে মোবারকের আইনজীবী এস এম শাহজাহান ট্রাইব্যুনাল-১-এ জামিনের আবেদন করেন। নয় মাস বিনা বিচারে কারাগারে আটক থাকায় ১৫ জুলাই ট্রাইব্যুনাল-১ মোবারককে দুই মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন। ওই দিন তদন্ত সংস্থা মোবারকের বিরুদ্ধে অভিযোগের তদন্ত শুরুর নির্দেশ দেন। পরে আরও দুই দফায় তাঁর জামিনের মেয়াদ বাড়ান ট্রাইব্যুনাল।