মোবারককে জিজ্ঞাসাবাদের জন্য তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারক এবং তাঁর দুই ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছেন দেশটির সরকারি কৌঁসুলি। বিক্ষোভকারীদের হত্যা ও রাষ্ট্রীয় সম্পদ তসরুপের অভিযোগে গতকাল রোববার তাঁদের বিরুদ্ধে সমন জারি করা হয়। তবে মোবারক তাঁর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ অস্বীকার করে বলেছেন, বিদেশে তাঁর কোনো সম্পদ নেই। তাঁর নিজের ও পরিবারের সুনাম নষ্টের জন্য ওই অভিযোগ করা হচ্ছে।একই অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য মিসরের সাবেক প্রধানমন্ত্রী আহমেদ নাজিফকে গতকাল আটক করা হয়েছে। মিসরের সরকারনিয়ন্ত্রিত বার্তা সংস্থা মেনা গতকাল জানায়, সরকারি কৌঁসুলি আবদেল মাজিদ মাহমুদ আজ (রোববার) হোসনি মোবারক এবং তাঁর দুই ছেলে গামাল ও আলাকে জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নিয়েছেন। বিক্ষোভকারীদের হত্যা ও নির্যাতনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে। এ ছাড়া মোবারকের বিরুদ্ধে রাষ্ট্রের সম্পদ লুণ্ঠনের যে অভিযোগ উঠেছে, সে ব্যাপারেও জিজ্ঞাসাবাদ করা হবে।গতকাল আল-আরাবিয়া টেলিভিশন হোসনি মোবারকের এক ভিডিও বার্তা প্রচারের পর সরকারি কৌঁসুলি মোবারক ও তাঁর দুই ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য ওই নির্দেশ দেন।ক্ষমতা ছাড়ার প্রায় দুই মাস পর গতকাল প্রথমবারের মতো টেলিভিশনের পর্দায় হাজির হন মোবারক। শনিবার ধারণ করা ওই ভিডিও বার্তায় মোবারক বলেন, তাঁর পরিবারসহ তাঁর বিরুদ্ধে অন্যায়ভাবে প্রচারণা চালানো হচ্ছে। অসত্য অভিযোগ আনা হচ্ছে। বিষয়টি তাঁকে দারুণভাবে পীড়া দিচ্ছে। এ ধরনের প্রচারণার উদ্দেশ্য হচ্ছে, তাঁর নিজের ও পরিবারের সুনাম এবং তাঁর রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করা। মিসরের সাবেক প্রেসিডেন্ট বলেন, নিজের সম্মান রক্ষার অধিকার তাঁর আছে। দুর্নীতির অভিযোগ সম্পর্কে তিনি বলেন, দেশের বাইরে কোনো দেশে তাঁর সম্পদ নেই।উল্লেখ্য, দুর্নীতির অভিযোগে মোবারক ও তাঁর পরিবারের সদস্যদের বিচারের দাবিতে গত শুক্রবার কায়রোর তাহরির স্কয়ারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর পরই তিনি টেলিভিশনে এ বক্তব্য দেন।সম্প্রতি মিসরে সরকারবিরোধী বিক্ষোভে সেনা ও মোবারক-সমর্থকদের হামলায় প্রায় ৮০০ লোক নিহত হয়। প্রচণ্ড গণরোষ সামাল দিতে না পেরে ৮২ বছর বয়স্ক মোবারক গত ১১ ফেব্রুয়ারি পদত্যাগ করেন।সাবেক প্রধানমন্ত্রীকে আটক: এদিকে মিসরের সাবেক প্রধানমন্ত্রী আহমেদ নাজিফকে গতকাল ১৫ দিনের জন্য আটক করা হয়েছে। জনগণের সম্পদে লুণ্ঠনের অভিযোগে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। মোবারকের পতনের ঠিক আগ মুহূর্ত পর্যন্ত নাজিফ মিসরের প্রধানমন্ত্রী ছিলেন।সেনাপ্রধানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ: সেনাপ্রধানের পদত্যাগের দাবিতে গতকাল কায়রোর তাহরির স্কয়ারে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা সেনাপ্রধান ফিল্ড মার্শাল হুসেন তানতাবির পদত্যাগ দাবি করে তাঁর বিরুদ্ধে বিভিন্ন স্ল্লোগান দেয়।গত ফেব্রুয়ারি মাসে মোবারকের ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে মিসরের সশস্ত্র বাহিনীর সুপ্রিম কাউন্সিল দেশটি পরিচালনা করছে। আর এই কাউন্সিলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন সেনাপ্রধান হুসেন তানতাবি। এদিকে দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোবারকের নিয়োগ দেওয়া কয়েকটি প্রদেশের গভর্নরকে সরিয়ে দেওয়া হবে। রয়টার্স, এএফপি ও বিবিসি।