মানবতাবিরোধী অপরাধের বিচার: জবানবন্দিতে রাষ্ট্রপক্ষের সাক্ষী সামাদ
মোবারকসহ অন্য রাজাকাররা একটি ছেলেকে হত্যা করে
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক নেতা মো. মোবারক হোসেনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল সোমবার সাক্ষ্য দিয়েছেন রাষ্ট্রপক্ষের অষ্টম সাক্ষী মো. আবদুস সামাদ। জবানবন্দিতে তিনি বলেন, মুক্তিযুদ্ধকালে মোবারকসহ অন্য রাজাকাররা গুলিবিদ্ধ একটি ছেলেকে কুড়ুলিয়া খালের পাশে হত্যা করে।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ আবদুস সামাদের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সাহিদুর রহমান। এ সময় আসামির কাঠগড়ায় মোবারক হাজির ছিলেন।জবানবন্দিতে আবদুস সামাদ (৭২) বলেন, তাঁর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার নয়াদিল গ্রামে। মুক্তিযোদ্ধারা তাঁদের বাড়িতে থাকতেন বলে মুক্তিযুদ্ধকালে বৈশাখ মাসে পাকিস্তানি সেনারা তাঁদের বাড়ি পুড়িয়ে দেয়। তাঁরা প্রথমে আখাউড়া চেকপোস্টের কাছে ফুফার বাড়িতে ও পরে রেললাইনের পাশে নানার বাড়িতে আশ্রয় নেন। নানা বাড়িতে থাকা অবস্থায় স্থানীয় শান্তি কমিটির সদস্য শের আলী, বজু মিয়া, সুরত আলী, শুক্কুর আলী, মঞ্জুর আলী, মাহমুদ আলী সরদার, মোবারক হোসেন ও কাচু মিয়া এসে তাঁদের মোগড়া বাজারের পূর্ব পাশে (পাকিস্তানি সেনাদের ক্যাম্প) গর্ত করার জন্য নিয়ে যান। তাঁরা গর্ত করে বাঁশ চোখা করে মাটিতে পুঁতে দেন, যাতে মুক্তিযোদ্ধারা ক্যাম্পে যেতে না পারেন। সেখানে তাঁরা ২০-২৫ দিন কাজ করেন। এর মধ্যে তাঁর চার স্বজনকে পাকিস্তানি সেনারা বেইজ্জত করে।রাষ্ট্রপক্ষের এই সাক্ষী বলেন, ভাদ্র মাসের দিকে শান্তি কমিটির ওই সদস্যরা কয়েকজন এলাকাবাসীকে রাজাকার বাহিনীতে নিয়োগ দেন। মোবারক হোসেনসহ অনেকে রাজাকার বাহিনীতে যোগ দেন। কাচু মিয়া ও মোবারক তাঁকে চাপ দিয়ে পাকিস্তানি সেনাদের রান্না করার জন্য ব্রাহ্মণবাড়িয়ার কালীমন্দিরে নিয়ে যান। শান্তি কমিটির সদস্যরা কালীমন্দিরের প্রতিমা ভাঙচুর করে পুকুরের পাড়ে ফেলে মন্দিরের নাম দেয় ‘রাজাকার মঞ্জিল’।আবদুস সামাদ বলেন, দুই মাস পর রাজাকাররা গুলিবিদ্ধ একটি ছেলেকে রাজাকার মঞ্জিলে নিয়ে যায়। চার-পাঁচ দিন পর ওই ছেলেকে আর দেখা যায়নি। পরে তিনি জানতে পারেন, রাজাকার কমান্ডার মোবারক ও কাচু মিয়াসহ অন্য রাজাকাররা ছেলেটিকে কুড়ুলিয়া খালের পাড়ে নিয়ে গুলি করে হত্যা করে। পরে মোবারকসহ অন্য রাজাকাররা সুহিলপুর ক্যাম্পে চলে যায়।জবানবন্দির শেষ পর্যায়ে আসামির কাঠগড়ায় থাকা মোবারককে শনাক্ত করেন রাষ্ট্রপক্ষের সাক্ষী। পরে তাঁকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী আহসানুল হক। জেরা শেষে এই মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ৪ সেপ্টেম্বর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।নিজামীর বিরুদ্ধে ১৭তম সাক্ষীকে জেরা শেষ: একই ট্রাইব্যুনালে গতকাল জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের ১৭তম সাক্ষী মুক্তিযোদ্ধা মো. জামাল উদ্দিনকে জেরা শেষ করেন আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম। আজ মঙ্গলবার এই মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে।