মোবারকের অভিযোগ গঠনে আদেশ ২৩ এপ্রিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক নেতা মো. মোবারক হোসেনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ গঠন করা হবে কি না, এ বিষয়ে ২৩ এপ্রিল আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। ওই দিন তাঁর জামিন আবেদনের বিষয়েও আদেশ দেওয়া হবে।আজ বৃহস্পতিবার বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ মোবারকের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে শুনানি শেষ হয়।এ সময় মোবারকের আইনজীবী আহসানুল হক জামিনের আবেদন জানান। তিনি বলেন, তদন্ত শেষ হওয়ায় আসামির পক্ষে তা বাধাগ্রস্ত করার কোনো সুযোগ নেই। এ ছাড়া জামিন দেওয়া না-দেওয়া সম্পূর্ণ ট্রাইব্যুনালের এখতিয়ার।অভিযোগ প্রসঙ্গে আহসানুল হক বলেন, আইনের অবস্থান হচ্ছে, অভিযোগ ও এর সমর্থনে সাক্ষীদের জবানবন্দি থাকলে অভিযোগ গঠন করা যায়। তিনি দাবি করেন, আসামি মোবারক সম্পূর্ণ নির্দোষ।শুনানি শেষে ট্রাইব্যুনাল এ বিষয়ে আদেশের দিন ধার্য করেন। মোবারককে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।