মোবারকের আটকাদেশ আরও ১৫ দিন বাড়ল
মিসরে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মোবারকের আটকাদেশ আরও ১৫ দিন বাড়ানো হয়েছে। মিডল ইস্ট নিউজ এজেন্সির বরাত দিয়ে আল-জাজিরা টেলিভিশন অনলাইনে এ খবর জানানো হয়েছে।সরকারবিরোধী বিক্ষোভে নৃশংস হামলা এবং দুর্নীতির বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ১৩ এপ্রিল তাঁকে ১৫ দিনের জন্য আটক করা হয়েছিল। মিসরের সরকারি কৌঁসুলি আবদেল মাগুইদ মাহমুদ জানিয়েছেন, হোসনি মোবারককে ভালোভাবে জিজ্ঞাসাবাদের জন্য তাঁর আটকাদেশ আরও ১৫ দিন বাড়ানো হয়েছে। প্রথম দফা আটকাদেশের মেয়াদ শেষ হলে এ আদেশ কার্যকর হবে বলে তিনি জানান।জনবিক্ষোভের মুখে গত ফেব্রুয়ারিতে হোসনি মোবারক পদত্যাগ করতে বাধ্য হন। তাঁর বিরুদ্ধে ওই বিক্ষোভে হত্যাযজ্ঞ চালানো নির্দেশ প্রদান এবং ব্যাপক দুর্নীতির অভিযোগ রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় মোবারক হূদরোগে আক্রান্ত হয়ে মিসরের পর্যটন নগর শারম আল শেখে একটি হাসপাতালে ভর্তি হন। কর্তৃপক্ষ সে অবস্থায় প্রথমবার তাঁকে ১৫ দিনের জন্য আটক রাখার আদেশ দেয়। বর্তমানে তিনি ওই হাসপাতালেই আছেন। বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, গতকাল শুক্রবার দেশটির আইনজীবীরা তাঁকে জিজ্ঞাসাবাদ করতে সেখানে যান। মিসরে বিচার বিভাগীয় সূত্র জানিয়েছে, তারা ইতিমধ্যে মোবারককে জিজ্ঞাসাবাদ করেছে।এদিকে হোসনি মোবারকের সাবেক তেলমন্ত্রী সামেহ ফাহমিকে গত বৃহস্পতিবার রিমান্ডে নেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে বাজারমূল্যের চেয়ে কম দামে গ্যাস বিক্রির অভিযোগ রয়েছে।