মোবারকের আবেদন মঞ্জুর, পুনর্বিচারের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের আদালত আজ রোববার দেশটির সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারক ও তাঁর সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীকে দেওয়া সাজা পুনর্বিবেচনার আদেশ দিয়েছেন। রয়টার্স জানায়, আসামিদের আপিল আবেদন আমলে নিয়ে আদালত এ নির্দেশ দিলেন। ২০১১ সালে সরকারবিরোধী গণ-আন্দোলনের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে ও কয়েকজন আন্দোলনকারীকে হত্যার দায়ে গত বছরের জুন মাসে মোবারক ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী হাবিব আল-আদলিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল।বিচারক আহমেদ আলী আবদেল রহমান বলেন, ‘বিবাদী পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে মামলার পুনর্বিচারের আদেশ দেওয়া হলো।’আদেশের পর আদালতে উপস্থিত মোবারকের সমর্থকেরা উল্লাস প্রকাশ করেন। মোবারকের পক্ষের আইনজীবী মোহামেদ আবদেল রাজেক বলেন, ‘আগেরবারের সাক্ষীসাবুদের ওপর ভিত্তি করে এবারও মামলা চলবে। নতুন কোনো সাক্ষী হাজির করা হবে না। আশা করি নতুন বিচারকেরা মোবারকের স্বাস্থ্য বিবেচনায় রেখে রায় দেবেন।’রয়টার্স আরও জানায়, ২০১১ সালের ওই গণবিক্ষোভ দমন করতে নিরাপত্তাকর্মীরা গুলি চালালে অনেক বিক্ষোভকারী মারা যান। এ ঘটনার জন্য মোবারক ও হাবিবকে দায়ী করে মামলাটি দায়ের করা হয়েছিল।গত ডিসেম্বরের শেষদিকে ৮৪ বছর বয়সী হোসনি মোবারকের পাঁজরের হাড় ভেঙে যাওয়ায় তাঁকে কারাগার থেকে একটি সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল।