জবানবন্দিতে রাষ্ট্রপক্ষের সাক্ষী খোদেজা
মোবারকের উপস্থিতিতে বাবাকে ধরে নিয়ে যাওয়া হয়
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার মোগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক নেতা মো. মোবারক হোসেনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল সোমবার জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের দ্বিতীয় সাক্ষী খোদেজা বেগম। জবানবন্দিতে তিনি বলেন, তাঁর বাবা মুক্তিযোদ্ধা আবদুল খালেককে মোবারকের উপস্থিতিতে ধরে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে হত্যা করা হয়।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ খোদেজা বেগমের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মো. সাহিদুর রহমান। জবানবন্দিতে খোদেজা (৫৬) বলেন, তাঁর গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার শিমরাইলকান্দি গ্রামে, বাবার বাড়ি ছাতিয়ান টেংরাপাড়ায়। তাঁর বাবা আনসারে চাকরি করতেন, মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। দাদা, দাদি ও মায়ের অসুস্থতার খবর পেয়ে বাবা একাত্তরের ৯ নভেম্বর রাতে বাড়ি যান। ১১ নভেম্বর এলাকায় পাকিস্তানি সেনা ও রাজাকারদের আসার খবর পেয়ে বাড়ির পশ্চিম দিক দিয়ে পালানোর সময় ধরা পড়েন। রাজাকাররা তাঁর বাবাকে ধরে সুহিলপুর ইউনিয়ন পরিষদে রাজাকার ও পাকিস্তানি সেনাদের ক্যাম্পে নিয়ে যায়, পিছু পিছু তাঁরা পরিবারের সদস্যরা যান। ওই দিন আসরের নামাজের পর বাবার জন্য ভাত নিয়ে মা ও দাদি ওই ক্যাম্পে যান। আবদুর রউফ নামের এক রাজাকার তখন তাঁদের জানান, ওই ক্যাম্পের কমান্ডার আখাউড়ার নয়াদিল গ্রামের মোবারক হোসেনকে ধরলে বাবাকে ছাড়ানো যাবে।রাষ্ট্রপক্ষের এই সাক্ষী বলেন, ‘তখন আমার মা পাশের বাড়ির খালেক মাওলানার কাছে গিয়ে বাবাকে ছাড়ানোর অনুরোধ করেন। তিনি বলেন, আজ রাত হয়ে গেছে, কাল সকালে ক্যাম্পে গিয়ে বাবাকে ছাড়িয়ে আনবেন।’ তিনি বলেন, পরদিন তাঁর মা খালেক মাওলানার কাছে যাওয়ার আগে লোকমুখে শোনেন, তিতাস নদীর পশ্চিম পাড়ে বাকাইল ঘাটে তাঁর বাবাকে গুলি করে হত্যা করে লাশ ফেলে রাখা হয়েছে। তখন তাঁরা কাঁদতে কাঁদতে বাকাইল ঘাটে গিয়ে দেখেন, তাঁর বাবার লাশ হাত-পা বাঁধা অবস্থায় পড়ে আছে। কপালের ডান পাশে গুলি লেগে মাথার খুলি উড়ে গেছে, বুকের ডান পাশে গুলির চিহ্ন এবং নাভির নিচে ও ওপরে দুটি কাটা চিহ্ন। পরে লাশ এনে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।খোদেজা বেগম বলেন, যেসব রাজাকার তাঁর বাবাকে ধরে নিয়ে গিয়েছিল, তাদের নাম তিনি জানতেন না, তবে দেখলে চিনতে পারবেন। তিনি শুনেছেন, বাবাকে ধরে নিয়ে যাওয়ার সময় রাজাকার কমান্ডার মোবারক হোসেন ও তাঁর সহযোগী রাজাকার জামশেদও ছিলেন। তিনিও ওই সময় তাঁদের দেখেছিলেন, পরে নাম জেনেছেন।জবানবন্দির শেষ পর্যায়ে আসামির কাঠগড়ায় বসা মোবারককে শনাক্ত করে সাক্ষী বলেন, তখন তাঁর (মোবারক) বয়স কম ছিল, দাড়ি ছিল না।খোদেজাকে আসামিপক্ষ আজ মঙ্গলবার জেরা করবে।নিজামীর বিরুদ্ধে মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণ ২ জুন: একই ট্রাইব্যুনালে গতকাল জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের নবম সাক্ষী মো. আইনুল হককে জেরা শেষ করেন আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম। ২ জুন এ মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে।