মোবারকের কোটি কোটি ডলারের সন্ধানে
মিসরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারক তাঁর ৩০ বছরের শাসনামলে কোটি কোটি মার্কিন ডলারের অর্থ বিদেশে পাচার করেছেন বলে অভিযোগ অনেক দিনের। সেই অর্থ ফিরিয়ে আনা নিয়ে এখন বিপাকে পড়েছেন দেশটির কর্মকর্তারা। বিবিসি অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।মিসরের কর্মকর্তারা সম্প্রতি লন্ডনে গিয়েছিলেন, সেখানে জব্দ করা হোসনি মোবারকের ১৩ কোটি ২০ কোটি ডলার উদ্ধার করতে। সফর শেষে তাঁরা অভিযোগ তুলেছেন প্রক্রিয়ার ধীরগতি নিয়ে। সাবেক অর্থমন্ত্রী ইউসুফ বুট্রোস ঘালিকে যুক্তরাজ্য থেকে ফিরিয়ে আনার বিষয়েও কোনো অগ্রগতি নেই বলে তাঁদের দাবি। ইউসুফকে কিছুদিন আগে মিসরের এক আদালত প্রতারণার অভিযোগে শাস্তি দিয়েছেন।পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা ও মোবারকের আমলের রাঘব বোয়ালদের বিচারের দাবিতে কায়রোর তাহরির স্কয়ারে প্রায়ই বিক্ষোভ হচ্ছে। বিক্ষোভকারীদের অভিযোগ, সরকার বদলালেও অর্থনৈতিক অব্যবস্থাপনা রয়েই গেছে। ক্ষমতার অপব্যবহার করা ব্যক্তিরা এখনো পার পেয়ে যাচ্ছে।আলিয়া নামের একজন আন্দোলনকারী বলেন, ‘আগেও নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর জন্য শাসনব্যবস্থা কোনো কাজে আসেনি। উচ্চবিত্ত শ্রেণীর মানুষ লাভবান হয়েছে, এখনো তাই ঘটছে।’ ওমর হুসেইন নামের অপর একজন বলেন, ‘আমরা যে প্রতিশোধ নিতে বলছি, এমনটা নয়। তবে আমরা ন্যায়বিচার চাই।’ন্যায়বিচার নিশ্চিত করতে মিসর সরকার নানা ধরনের পদক্ষেপ নিচ্ছে। কিন্তু এসব প্রক্রিয়ার স্বল্প বরাদ্দ ও কাজকর্মের ধীরগতি ধরনের নানা সমস্যা আছে। দেশটিতে দুর্নীতির অভিযোগগুলো তদন্ত করছে ইলিসিট গেইনস অথরিটি (আইজিএ) বা অবৈধ আয় তদন্তকারী কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটি সাবেক ও বর্তমান কর্মকর্তাদের দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে। প্রতিষ্ঠানটি নিজে বিভিন্ন জটিলতায় থাকলেও এর ওপরেই পড়ছে সব তদন্তের চাপ।সম্প্রতি আইজিএ মোবারকের দুই ছেলে ও তাঁদের স্ত্রীদের বিরুদ্ধে শেয়ারবাজারে দুর্নীতির অভিযোগ এনেছে। আইজিএর মুখপাত্র আহমেদ সাদ বলেন, ‘প্রতিষ্ঠানটির এখন সবচেয়ে বড় দায়িত্ব হলো সাবেক প্রেসিডেন্ট মোবারক, তাঁর দুই ছেলে ও তাঁদের স্ত্রীদের বিরুদ্ধে তদন্ত চালানো। এখন পর্যন্ত ফলাফল বলছে, ১৬০ কোটি ডলার অর্থ বিদেশে পাচার করা হয়েছে।’গত মাসে আহমেদ সাদের নেতৃত্বে একদল কর্মকর্তা লন্ডনে যান। সেখানে তাঁরা রাজস্ব বিভাগের সম্পদ জব্দকারী ইউনিট, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃপক্ষ, ফৌজদারি মামলা তদন্তকারী প্রতিষ্ঠান ক্রাউন প্রসিকিউটর সার্ভিস ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে সাক্ষাত্ করেন। সাদ বলেন, ‘সবাই আমাদের আইনগত সহযোগিতা দিতে আগ্রহী। কর্তৃপক্ষ জানায়, সে দেশের পুলিশ এ বিষয়ে তদন্ত শুরু করবে।’সফরকারী দল ইউসুফ বুট্রোস ঘালিকে দেশে ফিরিয়ে নেওয়ার বিষয়টি ফয়সালা করতে ব্যর্থ হয়। বুট্রোস ঘালি এখনো লন্ডনে। অর্থ আত্মস্মাতের দায়ে তাঁর ৩০ বছরের কারাদণ্ডাদেশ ও ৯০ লাখ ডলার জরিমানা হয়। ব্যর্থতার বিষয়ে সাদ বলেন, ‘কর্তৃপক্ষের অনাগ্রহের কারণে এ বিষয়ে আলোচনা এগোয়নি।’