মোবারকের পুনর্বিচার শুরু
মিসরের সাবেক স্বৈরশাসক হোসনি মোবারকের পুনর্বিচার দেশটির রাজধানী কায়রোতে আজ শনিবার শুরু হচ্ছে। আল জাজিরা টেলিভিশনের অনলাইন জানায়, ২০১১ সালের ২৫ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত শান্তিপূর্ণ গণবিক্ষোভ চলাকালে হত্যা ও হত্যাচেষ্টায় জড়িত থাকার অভিযোগে হোসনি মোবারক, তাঁর শাসনামলের স্বরাষ্ট্রমন্ত্রী হাবিব আল-আদলি এবং নিরাপত্তা বাহিনীর ছয় প্রধানকে আদালতে আবার বিচারের মুখোমুখি হতে হবে। এ ছাড়া মোবারকের দুই ছেলে গামাল ও আলার বিরুদ্ধেও দুর্নীতি মামলার পুনর্বিচার হবে।২০১১ সালে গণ-আন্দোলনের মধ্য দিয়ে মোবারকের ২৯ বছরের শাসনের অবসান ঘটে। ওই গণ-আন্দোলনে প্রায় ৮৫০ জন মানুষ নিহত হন। মোবারককে ক্ষমতা থেকে উত্খাতের পর ২০১১ সালের আগস্টে তাঁর বিরুদ্ধে প্রথম দফায় বিচারের কার্যক্রম শুরু হয়। বাদী ও বিবাদী উভয় পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে দেশটির উচ্চতর আদালত গত জানুয়ারি মাসে পুনর্বিচারের আদেশ দেন।হোসনি মোবারক (৮৪) এখন একটি সামরিক হাসপাতালে চিকিত্সাধীন। মামলার পুনর্বিচারের শুনানি রাজধানী কায়রোর শহরতলিতে অবস্থিত পুলিশ একাডেমিতে হওয়ার কথা।