মোবারকের বিচার টিভিতে সম্প্রচারের ওপর নিষেধাজ্ঞা
মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মোবারকের বিচারকাজ সরাসরি টেলিভিশনে সম্প্রচারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন আদালত। গতকাল সোমবার বিচারক এ আদেশ দেন বলে কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়েছে।সরকারবিরোধী বিক্ষোভের সময় হত্যা ও দুর্নীতির অভিযোগে হোসনি মোবারককে গতকাল সোমবার কায়রোর আদালতে হাজির করা হয়। এ সময় দুই ছেলে তাঁর সঙ্গে ছিলেন। পরে মোবারকের বিচার কার্যক্রম ৫ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি করা হয়।গতকাল সোমবার বিচার চলাকালে আদালতের বাইরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়।কর্মকর্তারা জানিয়েছেন, আদালত জনস্বার্থে এ বিচার প্রক্রিয়া সরাসরি টেলিভিশনে সম্প্রচার না করার নির্দেশ দিয়েছেন। তবে এ নির্দেশে মোবারকবিরোধীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। তারা বলছে, মোবারকের বিচার দেখার অধিকার জনগণের রয়েছে। কিন্তু টেলিভিশনে বিচার প্রক্রিয়া সরাসরি সম্প্রচার না করার এ নির্দেশের মাধ্যমে মোবারকের সঙ্গে গোপন সমঝোতার পথ উন্মুক্ত করা হয়েছে। তবে অনেক আইনজীবীই বলছেন, এ নির্দেশ বিচার প্রক্রিয়াকে সহজ করে দেবে।