ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক নেতা মো. মোবারক হোসেনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে মামলার বিচারকাজ শুরু করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। তাঁর বিরুদ্ধে পাঁচটি অভিযোগ গঠন করা হয়েছে। ১৬ মে রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ শুরু হবে।বিচারপতি এ টি এম ফজলে কবীর, বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি আনোয়ারুল হকের সমন্বয়ে গঠিত ট্রাইব্যুনাল-১ গতকাল মঙ্গলবার মোবারকের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদেশ দেন। মোবারক এ সময় আসামির কাঠগড়ায় হাজির ছিলেন।গতকাল কার্যক্রমের শুরুতে মোবারকের জামিনের আবেদন খারিজ করে আদেশ দেন ট্রাইব্যুনাল। এরপর তাঁর বিরুদ্ধে গঠন করা মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ পড়ে শোনানো হয়। প্রথম অভিযোগে বলা হয়, একাত্তরের ২২ আগস্ট রাজাকার বাহিনীর সদস্য মোবারক হোসেনসহ অন্য রাজাকাররা আখাউড়ার টানমান্দাইল গ্রামে হাজি নূর বকশের বাড়িতে সভা ডাকেন। বেলা দুইটা-আড়াইটার দিকে ১৩০-১৩২ জন গ্রামবাসীকে ওই বাড়িতে নিয়ে জড়ো করা হয়। তখন মোবারক ও তাঁর সহযোগীরা পূর্বপরিকল্পনা অনুযায়ী সেখানে অভিযান চালিয়ে ওই গ্রামবাসীদের আটক করে গঙ্গাসাগর দীঘির কাছে পাকিস্তানি সেনাদের ক্যাম্পে নিয়ে আটকে রাখেন। আটক ব্যক্তিদের মোবারক ও তাঁর সহযোগীরা জিজ্ঞাসাবাদ ও নির্যাতন করেন। তিনি টানমান্দাইল গ্রামের ২৬ জন ও জাঙ্গাইল গ্রামের সাতজন—এই ৩৩ জনকে বাছাই করে তেরোঝুড়ি হাজতখানায় নিয়ে যান। ২৩ আগস্ট পাকিস্তানি সেনা ও রাজাকাররা ওই ৩৩ জনকে দিয়ে গঙ্গাসাগর দীঘির পশ্চিম পাড়ে একটি গর্ত খোঁড়ায়, পরে তাঁদের গুলি করে হত্যা করে এবং ওই গর্তে মাটিচাপা দেয়।মোবারকের বিরুদ্ধে দ্বিতীয় অভিযোগে বলা হয়, মুক্তিযুদ্ধকালে মোবারক ও অন্য স্বাধীনতাবিরোধীরা ‘আনন্দময়ী কালীবাড়ি’ নামের হিন্দু মন্দিরের প্রতিমা ভাঙচুর ও মালামাল লুটের পর দখল করে এর নাম রাখেন ‘রাজাকার মঞ্জিল’। ২৪ অক্টোবর মোবারক শিমরাইল গ্রামের আশুরঞ্জনকে অপহরণ করে আহত অবস্থায় চার দিন রাজাকার মঞ্জিলে আটকে রাখেন। পরে মোবারক ২৮ অক্টোবর তাঁকে কুড়ুলিয়া খালের পাড়ে নিয়ে গুলি করে হত্যা করেন।তৃতীয় অভিযোগ অনুসারে, ছাতিয়ান গ্রামের আবদুল খালেক মুক্তিযোদ্ধাদের নানাভাবে সহযোগিতা করতেন। একাত্তরের ১১ নভেম্বর রাত আটটা-নয়টার দিকে মোবারক সশস্ত্র রাজাকার সহযোগীদের নিয়ে খালেককে অপহরণ করে সুহিলপুর ইউনিয়ন পরিষদের রাজাকার ক্যাম্পে নিয়ে নির্যাতন করেন। খালেকের ছেলে রফিকুল ইসলামসহ অন্যরা এর প্রত্যক্ষদর্শী। ওই রাতে খালেককে তিতাস নদীর পশ্চিম পারে বাকাইল ঘাটে নিয়ে গুলি করে ও বেয়নেট দিয়ে খুঁচিয়ে হত্যা করা হয়। পরদিন স্বজনেরা তাঁর লাশ উদ্ধার করে কোলামুড়ি কবরস্থানে দাফন করেন।চতুর্থ অভিযোগে বলা হয়, একাত্তরের ২৪-২৫ নভেম্বর বেলা দুইটা-আড়াইটার দিকে মোবারকের নেতৃত্বে রাজাকাররা খড়মপুর গ্রামের খাদেম হোসেন খানকে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার স্টেশন রোড থেকে অপহরণ করে ব্রাহ্মণবাড়িয়া কলেজে স্থাপিত সেনাক্যাম্পে আটকে রাখেন। পাকিস্তানি সেনা ও রাজাকাররা খাদেমকে উল্টো করে ঝুলিয়ে অমানবিক নির্যাতন করে। পরে তাঁকে ব্রাহ্মণবাড়িয়া কারাগারে পাঠানো হয়। ৬ ডিসেম্বর অন্য কয়েকজন বন্দীর সঙ্গে খাদেমকে কুড়ুলিয়া খালের পাড়ে নিয়ে গুলি করে হত্যা করা হয়।পঞ্চম ও শেষ অভিযোগে বলা হয়, একাত্তরের ২৮-২৯ নভেম্বর রাত ১১টার দিকে পাকিস্তানি সেনা ও রাজাকারদের সঙ্গে নিয়ে মোবারক খড়মপুর গ্রামের আবদুল মালেক ও আমিরপাড়া গ্রামের মো. সিরাজকে অপহরণ করেন। তাঁদের ব্রাহ্মণবাড়িয়া কলেজের সেনাক্যাম্পে নিয়ে অমানবিক নির্যাতনের পর কারাগারে পাঠানো হয়। ৬ ডিসেম্বর পূর্বপরিকল্পনার অংশ হিসেবে মোবারক ও তাঁর রাজাকার সঙ্গীরা কারাগারে আটক আরও কয়েকজনের সঙ্গে সিরাজকে কুড়ুলিয়া খালের পাড়ে নিয়ে গুলি করে হত্যা করেন।অভিযোগ পড়া শেষে ট্রাইব্যুনাল মোবারকের কাছে জানতে চান, ‘আপনার বিরুদ্ধে গঠন করা অভিযোগগুলো পড়া হয়েছে। আপনি কি বুঝেছেন?’ মোবারক বলেন, ‘আমি ইংরেজি বুঝি না।’ এরপর ট্রাইব্যুনাল বাংলায় পাঁচটি অভিযোগ ব্যাখ্যা করে প্রশ্ন করেন, ‘আপনি দোষী না নির্দোষ?’ মোবারক নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করেন।পরে ট্রাইব্যুনাল রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্য গ্রহণের জন্য ১৬ মে দিন ধার্য করেন। আসামিপক্ষে কোনো সাক্ষী বা নথিপত্র থাকলে তা ওই দিনের মধ্যে দাখিলের নির্দেশ দেওয়া হয়।মোবারক হোসেন ওরফে মোবারক আলীর জন্ম ১৯৫০ সালের ১০ জানুয়ারি। তাঁর গ্রামের বাড়ি আখাউড়ার নয়াদিলে। আদেশ অনুসারে, মুক্তিযুদ্ধকালে তিনি জামায়াতে ইসলামীর সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন, মুক্তিযুদ্ধের পর তিনি জামায়াতের ইউনিয়ন পর্যায়ের সদস্য (রুকন) হন।আদেশে আরও বলা হয়, ২০০৯ সালের ৩ মে খোদেজা বেগম ব্রাহ্মণবাড়িয়া থানায় মোবারকের বিরুদ্ধে মামলা করেন। তিনি হাইকোর্টে আবেদন করে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন পান। তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত চলাকালে এই ট্রাইব্যুনাল তাঁকে জামিন দিয়েছিলেন। চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি রাষ্ট্রপক্ষ তাঁর বিরুদ্ধে অভিযোগ দাখিল করে। ১২ মার্চ ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নেন এবং জামিন বাতিল করে মোবারককে কারাগারে পাঠানো হয়। ১০ ও ১১ এপ্রিল তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি হয়।