মোবারকের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল
ব্রাহ্মণবাড়িয়ার ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগের সাবেক নেতা মো. মোবারক হোসেনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তাঁর ব্যাপারে আজ মঙ্গলবার এ নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল আজ মোবারকের জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন খারিজ করে তাঁকে কারাগারে পাঠান। আজ তাঁর বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়ার বিষয়ে দিন ধার্য ছিল।মোবারকের বিরুদ্ধে অভিযোগ আমলেসকালে ট্রাইব্যুনাল আদেশে বলেন, আনুষ্ঠানিক অভিযোগ, সাক্ষীদের জবানবন্দি, তদন্ত প্রতিবেদন পর্যবেক্ষণ করে ট্রাইব্যুনাল মনে করছেন, মোবারকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দৃঢ় অভিযোগ রয়েছে। এ জন্য এসব অভিযোগ আমলে নেওয়া হলো। আগামী ৪ এপ্রিল অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন খারিজ মোবারকের আইনজীবী মো. মহিবুর রহমান জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন জানালে ট্রাইব্যুনাল তা খারিজ করে দেন। ২৫ ফেব্রুয়ারি মোবারকের বিরুদ্ধে অভিযোগ দাখিল গত ২৫ ফেব্রুয়ারি মোবারক হোসেনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। তাঁর বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনা হয়। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোবারকের বিরুদ্ধে গত ২৩ জানুয়ারি তদন্ত শেষ করে মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থা (সিআইডি)। গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ তদন্ত সংস্থার সূত্র জানায়, মোবারকের বিরুদ্ধে তদন্তে মুক্তিযুদ্ধকালে ৩৩ জনকে গণহত্যা (জেনোসাইড), তিনজনকে হত্যা, দুজনকে অপহরণ করে আটক ও নির্যাতনের তথ্য-উপাত্ত পাওয়া গেছে। তদন্তে পাওয়া গেছে, মুক্তিযুদ্ধকালে আখাউড়ার টানমান্দাইল ও জাঙ্গাইল গ্রামের ৩৩ জনকে গণহত্যার সঙ্গে মোবারক হোসেন জড়িত ছিলেন। তাঁর বিরুদ্ধে অন্য অভিযোগগুলোর মধ্যে রয়েছে: শহীদ আশু রঞ্জন দেবকে ব্রাহ্মণবাড়িয়া আনন্দময়ী কালীবাড়ী রাজাকার ক্যাম্পে আটকে রেখে নির্যাতনের পর হত্যা, শহীদ আবদুল খালেককে ছাতিয়ান গ্রাম থেকে অপহরণ করে আটকে রেখে নির্যাতন ও হত্যা এবং শ্যামপুর গ্রামের দুজনকে অপহরণ ও আটকে রেখে নির্যাতনের পর একজনকে হত্যা। ব্রাহ্মণবাড়িয়ার খরমপুর গ্রামের এক ব্যক্তিকে অপহরণের পর আটকে রেখে হত্যার সঙ্গেও তিনি জড়িত ছিলেন। একাত্তরের আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত সময়ে এসব ঘটনা ঘটে।তদন্ত সংস্থা আরও জানায়, মোবারকের গ্রামের বাড়ি আখাউড়ার নয়াদিল গ্রামে। তাঁর বিরুদ্ধে সাক্ষী ২১ জন। একাত্তরে তিনি স্থানীয় রাজাকার কমান্ডার ছিলেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের তৈরি করা রাজাকারদের তালিকায় তাঁর নাম আছে। একাত্তর-পরবর্তী সময়ে তিনি জামায়াতের রাজনীতির সঙ্গেও জড়িত ছিলেন। পরে তিনি স্থানীয় আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দেন।যেভাবে তদন্ত শুরু২০০৯ সালের ৩ মে শহীদ আবদুল খালেকের মেয়ে খোদেজা বেগম ব্রাহ্মণবাড়িয়ার আদালতে মোবারক হোসেনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। মোবারক হাইকোর্টে জামিনের আবেদন করলে হাইকোর্ট প্রথমে তাঁকে অন্তর্বর্তীকালীন জামিন দিলেও পরে তাঁকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দেন। ২০১১ সালের ১৯ অক্টোবর মোবারক ব্রাহ্মণবাড়িয়ার আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাঁকে কারাগারে পাঠান। তাঁর পক্ষে জামিনের আবেদন করা হলে স্থানীয় আদালত জানান, মোবারকের বিরুদ্ধে অভিযোগ মানবতাবিরোধী অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট হওয়ায় তাঁকে জামিন দেওয়ার বিষয়টি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এখতিয়ার। পরে মোবারকের আইনজীবী এস এম শাহজাহান ট্রাইব্যুনাল-১-এ জামিনের আবেদন করেন। নয় মাস কারাগারে আটক থাকায় ১৫ জুলাই ট্রাইব্যুনাল-১ মোবারককে দুই মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন। এরপর কয়েক দফা তাঁর জামিনের মেয়াদ বাড়ানো হয়। ট্রাইব্যুনালের নির্দেশে ১৬ জুলাই থেকে তদন্ত সংস্থা মোবারকের বিরুদ্ধে তদন্ত শুরু করে।