মোবারকের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক নেতা মো. মোবারক হোসেনের বিরুদ্ধে মানবতা-বিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এ ছাড়া তাঁর জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন খারিজ করে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।বিচারপতি এ টি এম ফজলে কবীর, বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি আনোয়ারুল হকের সমন্বয়ে গঠিত ট্রাইব্যুনাল গতকাল মঙ্গলবার এ আদেশ দেন। আদেশে বলা হয়, মোবারক হোসেনের বিরুদ্ধে দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ, সাক্ষীদের জবানবন্দি ও তদন্ত প্রতিবেদন পড়ে ট্রাইব্যুনালের মনে হয়েছে, এ মামলায় গুরুতর অভিযোগ রয়েছে। আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩-এর ৩(২)(এ), (সি)(১), (জি) ও ৪(১) ধারায় বর্ণিত এসব অপরাধের অভিযোগ আমলে নেওয়া হলো। ৪ এপ্রিল অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য করা হলো।এই আদেশের পর মোবারকের আইনজীবী মহিবুর রহমান আসামির জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন জানান। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সাহিদুর রহমান এর বিরোধিতা করে বলেন, আসামির বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটনের গুরুতর অভিযোগ রয়েছে। যেহেতু অভিযোগ আমলে নেওয়া হয়েছে, তাই জামিন বাতিল করে তাঁকে কারাগারে পাঠানো হোক।পরে ট্রাইব্যুনাল আদেশে বলেন, আসামিকে দুই মাসের অস্থায়ী জামিন দেওয়া হয়েছিল এবং পরে কয়েক দফায় তা বাড়ানো হয়। জামিনের আদেশে বলা হয়, যেকোনো সময় ওই জামিন বাতিল করা যাবে। তাঁর বিরুদ্ধে অভিযোগের ধরন বিবেচনা করে ট্রাইব্যুনাল মনে করেন, তাঁকে আর জামিন দেওয়া উচিত নয়। এ জন্য তাঁর জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন খারিজ করা হলো। তাঁকে কারা হেফাজতে পাঠানো হোক।মোবারককে দুপুরের দিকে কারাগারে পাঠানো হয়।২০০৯ সালের ৩ মে ব্রাহ্মণবাড়িয়ার আদালতে মোবারক হোসেনের বিরুদ্ধে হত্যা মামলা করেন একাত্তরে মুক্তিযুদ্ধকালে শহীদ আবদুল খালেকের মেয়ে খোদেজা বেগম। এই মামলায় মোবারকের পক্ষে জামিনের আবেদন করা হলে হাইকোর্ট প্রথমে অন্তর্বর্তী জামিন দেন, পরে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলেন। ২০১১ সালের ১৯ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়ার আদালত মোবারককে কারাগারে পাঠান। তাঁর বিরুদ্ধে অভিযোগ মানবতাবিরোধী অপরাধ-সংশ্লিষ্ট হওয়ায় তিনি ট্রাইব্যুনালে জামিনের আবেদন করেন। গত বছরের ১৫ জুলাই এই ট্রাইব্যুনাল মোবারককে দুই মাসের জামিন দেন, পরে কয়েক দফা জামিনের মেয়াদ বাড়ানো হয়। ১৬ জুলাই মোবারকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত শুরু হয়, শেষ হয় চলতি বছরের ২৩ জানুয়ারি। ২৫ ফেব্রুয়ারি রাষ্ট্রপক্ষ তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। গতকাল সেই অভিযোগ আমলে নেওয়া হয়।রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সাহিদুর রহমান প্রথম আলোকে বলেন, মোবারকের বিরুদ্ধে পাঁচটি অভিযোগের মধ্যে গণহত্যার একটি অভিযোগ আনা হয়েছে। বাকিগুলো হত্যা, নির্যাতন এবং এ ধরনের মানবতাবিরোধী অপরাধে সহযোগিতার অভিযোগ।রাষ্ট্রপক্ষ জানায়, মুক্তিযুদ্ধকালে আখাউড়ার টানমান্দাইল গ্রামের ৩৩ জনকে গুলি করে হত্যার ঘটনায় মোবারকের বিরুদ্ধে গণহত্যার অভিযোগটি আনা হয়। আরেক অভিযোগ অনুসারে, মোবারক ব্রাহ্মণবাড়িয়ার ছাতিয়ান গ্রামের আবদুল খালেককে আটক ও নির্যাতনের পর হত্যা করেন। তদন্ত সংস্থা জানায়, মোবারকের বাড়ি আখাউড়ার নয়াদিল গ্রামে। তিনি প্রায় ১৬ বছর মোগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।