ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায়ের সাবেক নেতা মো. মোবারক হোসেনের বিরুদ্ধে গতকাল সোমবার রাষ্ট্রপক্ষ আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে। তাঁর বিরুদ্ধে একাত্তরে মুক্তিযুদ্ধকালে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনা হয়েছে।বিচারপতি জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে দুই সদস্যের (চেয়ারম্যান অনুপস্থিত ছিলেন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ মোবারকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সাহিদুর রহমান। অভিযোগ আমলে নেওয়া হবে কি না, এ বিষয়ে আদেশের জন্য ১১ মার্চ দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযম, বর্তমান আমির মতিউর রহমান নিজামী ও বিএনপির সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা এই ট্রাইব্যুনালে বিচারাধীন। জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মামলার রায় এই ট্রাইব্যুনাল যেকোনো দিন ঘোষণা করবেন।গতকাল কার্যক্রমের শুরুতে সাহিদুর রহমান বলেন, মোবারকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগসহ আনুষঙ্গিক নথিপত্র রেজিস্ট্রারের কার্যালয়ে জমা দেওয়া হবে। তাঁর বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আনা হয়েছে। এরপর মোবারকের জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন জানান তাঁর আইনজীবী এস এম শাহজাহান। জামিনে থাকা মোবারক এ সময় আসামির কাঠগড়ায় হাজির ছিলেন। পরে ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নেওয়া হবে কি না, সে বিষয়ে আদেশের জন্য ১১ মার্চ দিন ধার্য করে ওই দিন পর্যন্ত মোবারকের জামিনের মেয়াদ বাড়ান।আখাউড়ার মোগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোবারকের বিরুদ্ধে গত ২৩ জানুয়ারি তদন্ত শেষ করে মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থা। তদন্তে তাঁর বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ হিসেবে হত্যা, নির্যাতন, অপহরণ ও আটকের পাঁচটি অভিযোগ পাওয়া যায়।তদন্ত সংস্থার সূত্র জানায়, মোবারকের বিরুদ্ধে তদন্তে মুক্তিযুদ্ধকালে ৩৩ জনকে গণহত্যা (জেনোসাইড), তিনজনকে হত্যা, দুজনকে অপহরণ করে আটক ও নির্যাতনের তথ্য-উপাত্ত পাওয়া গেছে। তদন্তে পাওয়া গেছে, তিনি মুক্তিযুদ্ধকালে আখাউড়ার টানমান্দাইল ও জাঙ্গাইল গ্রামের ৩৩ জনকে গণহত্যার সঙ্গে জড়িত ছিলেন। তাঁর বিরুদ্ধে অন্য অভিযোগগুলোর মধ্যে রয়েছে শহীদ আশুরঞ্জন দেবকে ব্রাহ্মণবাড়িয়া আনন্দময়ী কালীবাড়ি রাজাকার ক্যাম্পে আটকে রেখে নির্যাতনের পর হত্যা, শহীদ আবদুল খালেককে ছাতিয়ান গ্রাম থেকে অপহরণ করে আটকে রেখে নির্যাতন ও হত্যা এবং শ্যামপুর গ্রামের দুজনকে অপহরণ ও আটকে রেখে নির্যাতনের পর একজনকে হত্যা। ব্রাহ্মণবাড়িয়ার খরমপুর গ্রামের এক ব্যক্তিকে অপহরণের পর আটকে রেখে হত্যার সঙ্গেও তিনি জড়িত ছিলেন। একাত্তরের আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত সময়ে এসব ঘটনা ঘটে।তদন্ত সংস্থা আরও জানায়, মোবারকের বাড়ি আখাউড়ার নয়াদিল গ্রামে। তাঁর বিরুদ্ধে সাক্ষী ২১ জন। একাত্তরে তিনি স্থানীয় রাজাকার কমান্ডার ছিলেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের তৈরি করা রাজাকারদের তালিকায় তাঁর নাম আছে। একাত্তর-পরবর্তী সময়ে তিনি জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গেও জড়িত ছিলেন। পরে তিনি স্থানীয় আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দিয়েছিলেন।যেভাবে তদন্ত শুরু: একাত্তরে আবদুল খালেক হত্যার ঘটনায় তাঁর মেয়ে খোদেজা বেগম ২০০৯ সালের ৩ মে ব্রাহ্মণবাড়িয়ার আদালতে মোবারক হোসেনের বিরুদ্ধে মামলা করেন। মোবারকের আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট প্রথমে তাঁকে অন্তর্বর্তীকালীন জামিন দেন এবং পরে তাঁকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। ২০১১ সালের ১৯ অক্টোবর তিনি ব্রাহ্মণবাড়িয়ার আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাঁকে কারাগারে পাঠান। জামিনের আবেদন করা হলে স্থানীয় আদালত জানান, মোবারকের বিরুদ্ধে অভিযোগ মানবতাবিরোধী অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট হওয়ায় তাঁকে জামিন দেওয়ার বিষয়টি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এখতিয়ারে। পরে মোবারকের আইনজীবী ট্রাইব্যুনাল-১-এ জামিনের আবেদন করেন। নয় মাস কারাগারে আটক থাকায় গত ১৫ জুলাই ট্রাইব্যুনাল-১ মোবারককে দুই মাসের অন্তর্বর্তী জামিন দেন। পরে কয়েক দফায় জামিনের মেয়াদ বাড়ানো হয়। ট্রাইব্যুনালের নির্দেশে ১৬ জুলাই থেকে তদন্ত সংস্থা মোবারকের বিরুদ্ধে তদন্ত শুরু করে।