মোবারকের বিরুদ্ধে অভিযোগ দাখিল ১২ ফেব্রুয়ারি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা মোবারক হোসেনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের তারিখ আগামী ১২ ফেব্রুয়ারি ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। ওই দিন পর্যন্ত তাঁর জামিনের মেয়াদ বাড়ানো হয়েছে।আজ বৃহস্পতিবার বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী সুলতান মাহমুদ ও সাহিদুর রহমান জানান, মোবারকের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন তাঁরা হাতে পেয়েছেন। প্রতিবেদন পর্যালোচনা করতে তাঁদের সময়ের দরকার। তাঁরা আশা করছেন, দুই সপ্তাহের মধ্যে তাঁরা আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করতে পারবেন। মোবারকের উপস্থিতিতে তাঁর আইনজীবী এস এম শাহজাহান জামিনের মেয়াদ বাড়ানোর আরজি জানান। পরে আদালত ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বাড়ান। মোবারকের বিরুদ্ধে পাঁচটি অভিযোগব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা মো. মোবারক হোসেনের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত শেষ হয়েছে। তদন্তে তাঁর বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে গণহত্যা, হত্যা, নির্যাতন, অপহরণ ও আটকের মোট পাঁচটি অভিযোগ পাওয়া গেছে।মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থা গতকাল বুধবার বিকেলে তাদের বেইলি রোডের কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানায়। মোবারক হোসেন আখাউড়ার মোগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। দুই বছর আগে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়।ব্রিফিংয়ে তদন্ত সংস্থা আরও জানায়, মোবারকের বাড়ি আখাউড়ার নয়াদিল গ্রামে। গত বছরের ১৬ জুলাই তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত শুরু হয়। তাঁর বিরুদ্ধে ২১ জনকে সাক্ষী করা হয়েছে। চারটি খণ্ডে ২৯৪ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনের সঙ্গে এই সাক্ষীদের জবানবন্দি ও ১৮২ পৃষ্ঠার বই-পত্র, পত্রিকা ও সরকারি নথি সংযুক্ত রয়েছে।যেভাবে তদন্ত শুরু: ২০০৯ সালের ৩ মে আবদুল খালেকের মেয়ে খোদেজা বেগম ব্রাহ্মণবাড়িয়ার বিচারিক হাকিম আদালতে মোবারক হোসেনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। মোবারক হাইকোর্টে জামিনের আবেদন করলে তাঁকে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়। পরে তাঁকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন হাইকোর্ট। ২০১১ সালের ১৯ অক্টোবর মোবারক ব্রাহ্মণবাড়িয়ার আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাঁকে কারাগারে পাঠান। ওই আদালত জানান, মোবারকের বিরুদ্ধে অভিযোগ মানবতাবিরোধী অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট হওয়ায় তাঁকে জামিন দেওয়ার বিষয়টি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এখতিয়ার। পরে তাঁর আইনজীবী এস এম শাহজাহান ট্রাইব্যুনাল-১-এ জামিনের আবেদন করেন। নয় মাস বিনা বিচারে আটক থাকায় ১৬ জুলাই ট্রাইব্যুনাল-১ মোবারককে দুই মাসের অন্তর্বর্তী জামিন দেন। ওই দিন তদন্ত সংস্থাকে মোবারকের বিরুদ্ধে অভিযোগের তদন্ত শুরুর নির্দেশ দেন। পরে আরও দুই দফায় তাঁর জামিনের মেয়াদ বাড়ানো হয়। আজ ট্রাইব্যুনাল-১-এ তাঁর হাজিরার দিন ধার্য আছে।