মোমবাতির আলোয় জীবনকাহিনি...
‘আমারে তো পুকুরত গোসল করতেও বাধা দেওয়া অইছিল...! তাঁরার ধারণা, আমি গোসল করলে পুকুরের পানি আর ব্যবহার করতে পারত না। ই ধারণা অনে বদলি গেছে। মানুষ অনে বুঝে, মায়ায় চউখে দেখে...।’চোখে-মুখে এক ধরনের আড়ষ্ট ভাব নিয়ে কথাগুলো বলছিলেন। বেঁচে থাকার আকাশে যে সাঁঝ ভর করেছে, তাঁর কথায় সে বিষয়টিও সাহস হয়ে প্রকাশিত হচ্ছিল। ত্রিশোর্ধ্ব বয়সী গৃহিণী তিনি। চার বছর বয়সী তাঁর সন্তানও রয়েছে। সে তন্ময় হয়ে শুনছিল মায়ের কথা। উপস্থিত চিকিৎসক আর সুধীজনের মনোযোগও ছিল সমান। এ আয়োজন ছিল ১৬ মে ‘ইন্টারন্যাশনাল কেন্ডেল লাইট মেমোরিয়াল ডে’—মোমবাতি প্রজ্বালনের মধ্য দিয়ে মৃতদের স্মরণ অনুষ্ঠানে।বিশ্বব্যাপী এইচআইভি জীবাণুবাহীদের জন্য একটি স্মরণীয় দিন। বাংলাদেশসহ পৃথিবীর ১১৫টি দেশে মে মাসের তৃতীয় রোববার উদ্যাপিত হয় এই দিবস। সরকারি ও বেসরকারি হিসেবে বাংলাদেশে অঞ্চলভিত্তিক এইচআইভি জীবাণুবাহীদের সংখ্যা সিলেটে বেশি হওয়ায় সচেতনতার জয়গানে দিনটি উদ্যাপনে বেসরকারি সংস্থা আশার আলো সোসাইটি আয়োজন করে এইচআইভি জীবাণুবাহীদের জীবনের অভিজ্ঞতা শোনার আনুষ্ঠানিকতার। মোমবাতির আলোয় দেখা যেন কিছু জীবনকাহিনি। বর্তমান প্রজন্মের মধ্যে এইচআইভি সচেতনতা বাড়ানোর আকুতি প্রকাশ পায় তাঁদের কথায়। ‘আমারে তো পুকুরত গোসল করতেও বাধা দেওয়া অইছিল...’: মোমবাতির আলোয় শোনানো সেই নারীসমাজের দৃষ্টিভঙ্গির কথা তুলে ধরছিলেন। বছর তিনেক আগের কথা। এক নিমেষে চেনাজানা সবাই তাঁর অচেনা হয়ে যায়। সিলেটের যে গ্রামে তাঁর বসত, সেখানকার মানুষ ঘরে-বাইরে এককাট্টা হয়ে ওঠে কোনো কিছু না বুঝেই। তাঁর জীবনের এই সময়কে বিজ্ঞের মতো ‘সাঁঝবেলা’ বলে অভিহিত করে ওই নারী শুরুর দিক অর্থাৎ আজ থেকে বছর তিনেক আগে যখন তাঁর এইচআইভি পজেটিভ ধরা পড়ে, তখনকার কথা বর্ণনা করছিলেন। এখন এবং তখনকার কথা মিলিয়ে ওই নারীর অভিজ্ঞতা হচ্ছে, সমাজের মানুষ এখন সহনীয় হয়েছে। না বুঝে অমানবিক রূপ আর ধারণ করছে না। কথায় এক ধরনের আত্মপ্রত্যয়ী ভাব ফুটিয়ে বলেন, ‘মানুষ অনে বুঝে। আগের চাইতে বেশি বুঝে। এর পরও ই বোঝ আরও বেশি বেশি করা দরকার।’ তাঁর বলা এই ‘বোঝ’ মানে সচেতনতার কথা। তাঁর মতে, সচেতনতা গ্রাম পর্যায়ে আরও বাড়ানো দরকার। উদাহরণ দিতে গিয়ে বলেন, টেলিভিশন সচেতন করছে ঠিক আছে। কিন্তু গ্রাম এলাকায় যাদের ঘরে টেলিভিশন নেই, তারা কী করবে? তাঁর পরামর্শ, এইচআইভি সচেতনতা বাড়াতে গ্রামে গ্রামে উঠানবৈঠক করা যেতে পারে। তিনি ওই প্রচারণায় একজন স্বেচ্ছাসেবী হয়ে কাজ করার ইচ্ছা পোষণ করেন। চার বছর বয়সী সন্তানকে দেখিয়ে তিনি প্রথম আলোকে বললেন, ‘আমি তো যাইমুগি, ই বাচ্চাটা যাতে অসুবিধাত না পড়ে, হেই ব্যবস্থার লাগি সকলের সচেতনতা দরকার। এর লাগি খালি রেডিও-টেলিভিশন-পেপার-পত্রিকাত না, গ্রামে গ্রামে গিয়ে মানুষরে বোঝাইতে অইব যে ই রোগ ক্যামনে হয়...।’দম্পতির কথা: প্রবাসে থাকাকালীন এইচআইভিতে আক্রান্ত হওয়ার কথা বর্ণনা করছিলেন সিলেট সদর উপজেলার একটি গ্রামের বাসিন্দা (৩৫)। সঙ্গে এইচআইভি জীবাণুবাহী তাঁর স্ত্রীও ছিলেন। প্রায় এক বছর হয় এইচআইভিতে আক্রান্ত শনাক্ত হওয়া এই দম্পতির আক্ষেপ—যদি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এইচআইভি শনাক্তকরণের কোনো পরীক্ষাকেন্দ্র থাকত, তাহলে প্রবাসফেরত স্বামীর মাধ্যমে স্ত্রীও ঘাতকব্যাধিতে আক্রান্ত হতেন না।বদলাচ্ছে দৃষ্টিভঙ্গি: বয়সে তরুণ তিনি। মা-বাবা দুজনই এইচআইভি জীবাণুবাহী। মাস ছয়েক আগে মা-বাবার যখন এই রোগ ধরা পড়ে, তখনকার সময়টা ছিল তাঁর জন্য রুদ্ধশ্বাসের এক সময়। আক্রান্তদের নিয়ে চিকিৎসকের দ্বারে দ্বারে ঘুরে শেষে আশার আলো সোসাইটির সদস্য হয়ে খানিক নিঃশ্বাস। অতঃপর বাবার মৃত্যু হয় মাস তিনেক আগে। এবার মায়ের সেবায় ব্রতী ছেলে। তাঁর ভাষ্য, ‘মানুষের তো যেকোনো রোগে জীবনহানি ঘটতে পারে। সমাজের কিছু মানুষ আমার দিকে এ রকম দৃষ্টি দিয়ে থাকায় আমি মানসিক শক্তি নিয়ে আছি।’এইচআইভিতে আক্রান্ত ব্যক্তিদের অভিজ্ঞতা বিনিময়ের সূত্র ধরে আলোচনায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গির ইতিবাচক বদল ঘটেছে বলে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের কমিউনিটি মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক শিব্বির আহমদ ওই দিবস উপলক্ষে জানান, এইচআইভিতে আক্রান্তদের চিকিৎসা-সহায়তা দেওয়ার জন্য আশার আলো সোসাইটির সদস্য করা হয়। সারা দেশে এই সংগঠনের বর্তমান সদস্যসংখ্যা ৮০৮ জন। এর মধ্যে রাজধানী ঢাকায় এইচআইভিতে আক্রান্তের সংখ্যা ৩০৭ এবং সিলেটে ৩২১ জন। সর্বোচ্চসংখ্যক এইচআইভি আক্রান্তের সংখ্যা সারা দেশের মধ্যে সিলেটে বেশি হওয়ার একমাত্র কারণ এ অঞ্চলে প্রবাসী বেশি।সিলেট প্রবাসী অধ্যুষিত হওয়ায় এইচআইভি ছড়ানোর ঝুঁকি বেশি এবং এই ঝুঁকি মোকাবিলায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পরীক্ষাকেন্দ্র স্থাপনের বিষয়টি মুখ্য আলোচনায় পরিণত হয়। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) সিলেটের সভাপতি রোকনউদ্দিন আহমদ, সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সুধাময় মজুমদার, আশার আলো সোসাইটির চিকিৎসক রাজীব চক্রবর্তীসহ সব আলোচক-চিকিৎসক বিমানবন্দরে পরীক্ষার ব্যবস্থা না থাকায় অন্তত ৯০ শতাংশ প্রবাসফেরতের মধ্যে এইচআইভি ঝুঁকি রয়েছে বলে উল্লেখ করেন।সিলেটের সিভিল সার্জন ফয়েজ আহমদ সম্প্রতি একটি বেসরকারি সংস্থার জরিপের তথ্য উপস্থাপন করে জানান, সিলেট নগরের স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়গামী তরুণদের মধ্যে ৭০ শতাংশ এইচআইভি জীবাণু সংক্রমণ হওয়ার সতর্কতা সম্পর্কে অবহিত নয়। পাশাপাশি সিলেটে আক্রান্ত ব্যক্তিদের অধিকাংশ প্রবাসফেরত হওয়ায় বিমানবন্দরে পরীক্ষাকেন্দ্র স্থাপন জরুরি হয়ে পড়েছে। এক প্রশ্নের জবাবে সিভিল সার্জন প্রথম আলোকে জানান, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এইচআইভি শনাক্তকরণের জন্য পরীক্ষাকেন্দ্র স্থাপন করতে একটি প্রকল্প প্রস্তাব মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এক বছরে শনাক্ত ৫০: আশার আলো সোসাইটি সিলেটের সাংগঠনিক কর্মকর্তা মো. দিলশাদ মিয়া জানান, সিলেটে গত এক বছরে নতুন করে ৫০ জন আক্রান্ত হয়ে আশার আলো সোসাইটির সদস্যভুক্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে এক বছরে মারা গেছেন ছয়জন। ইন্টারন্যাশনাল কেনডেল লাইট মেমোরিয়াল ডে উদ্যাপনভুক্ত বাংলাদেশসহ পৃথিবীর ১১৫টি দেশে গত এক বছরে এইচআইভিতে মৃত্যুবরণকারীদের স্মরণ করার মধ্যে সিলেটে ছয়জনকে বিশেষভাবে স্মরণ করা হয়।