মোমিন হত্যা মামলার রায় ২০ জুলাই
কলেজছাত্র কামরুল ইসলাম ওরফে মোমিন হত্যা মামলার রায় ২০ জুলাই দেওয়া হবে। আজ সোমবার এ মামলায় রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক রেজাউল ইসলাম এ তারিখ ধার্য করেছেন। এ মামলার আসামি কাফরুল থানার সাবেক পুলিশ কর্মকর্তা এ কে এম রফিকুল ইসলাম (ওসি রফিক), হাবিবুর রহমান ওরফে তাজ ও বাবু ওরফে ঠোঁট উঁচা বাবু আদালতে নিজেদের নির্দোষ দাবি করেন। এঁরা তিনজনই কারাগারে আটক আছেন। এ ছাড়া আসামি মনির হাওলাদার, হাসিবুল হক ওরফে জনি, তারেক ওরফে জিয়া, সাখাওয়াত হোসেন ওরফে জুয়েল, জাফর আহমেদ ও শরিফ উদ্দিন জামিনে গিয়ে পলাতক রয়েছেন।২০০৫ সালের ১৩ সেপ্টেম্বর ঢাকা কমার্স কলেজের ছাত্র কামরুল ইসলাম ওরফে মোমিনকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে। এ ঘটনায় নিহত মোমিনের বাবা আবদুর রাজ্জাক বাদী হয়ে ওসি রফিকসহ ২৬ জনের বিরুদ্ধে মামলা করেন।