মোমিন হত্যা মামলায় ওসি রফিকসহ ৩ জনের মৃত্যুদণ্ড
কলেজছাত্র কামরুল ইসলাম মোমিন হত্যা মামলায় আদালত মতিঝিল থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামসহ তিনজনকে মৃত্যুদণ্ড এবং ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মো. রেজাউল ইসলাম আজ বুধবার এ রায় দেন।মৃত্যুদণ্ড প্রাপ্ত অন্য দুই আসামি হলেন—তারেক ওরফে জিয়া ও শাখাওয়াত হোসেন জুয়েল। এঁরা দুজনই পলাতক। আর যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামিরা হলেন—মোহাম্মদ জাফর, শরিফ উদ্দিন, মনির হাওলাদার, হাসিবুল হক ওরফে জনি, হাবিবুর রহমান ওরফে তাজ, ঠোঁট উঁচা বাবু। এঁদের মধ্যে তাজ ও বাবু ছাড়া বাকিরা পলাতক। রায় ঘোষণার আগে কারাগারে আটক ওসি রফিক, তাজ ও বাবুকে আদালত হাজির করা হয়। বিচারক দুপুর সাড়ে ১২টার দিকে মামলার চূড়ান্ত রায় ঘোষণা করেন।২০০৫ সালের ১৩ সেপ্টেম্বর রাজধানীর ইব্রাহিমপুরে নিজ বাড়ির কাছে ঢাকা কমার্স কলেজের ছাত্র মোমিন খুন হন। এ ঘটনায় নিহত মোমিনের বাবা আবদুর রাজ্জাক (প্রয়াত) বাদী হয়ে তৎকালীন মতিঝিল থানার সাবেক ওসি এ কে এম রফিকুল ইসলামসহ ২৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। তদন্ত সূত্রে জানা গেছে, হত্যা মামলায় পুলিশ ও র্যাব ১৯ জনকে গ্রেপ্তার করে। ২০০৫ সালের ১৬ অক্টোবর সাবেক ওসি রফিক মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেন। এজাহারভুক্ত আসামি হাবিবুরকে ভারত থেকে ফিরিয়ে আনার পর এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। কাফরুল থানা-পুলিশ প্রথমে মামলাটি তদন্ত করে। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আলাদাভাবে তদন্ত করে। দুই তদন্ত সংস্থার কর্মকর্তারা সাবেক ওসি রফিকসহ এজাহারভুক্ত ব্যক্তিদের নাম বাদ দিয়ে আদালতে অভিযোগপত্র জমা দেন। এতে বাদীপক্ষ নারাজি দিলে আদালত তা গ্রহণ করে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন। ২০০৮ সালের তদন্তকারী ম্যাজিস্ট্রেট সাবেক ওসি রফিকসহ নয়জনের বিরুদ্ধে মুখ্য মহানগর হাকিম আদালতে প্রতিবেদন দেন। এরপর তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়।