প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি
মোয়াজ্জেম-রফিকুলকে জিজ্ঞাসাবাদের নোটিশ ৪ সপ্তাহ স্থগিত
বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন ও দলটির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের দেওয়া নোটিশের কার্যকারিতা চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। পাশাপাশি নোটিশটি কেন অবৈধ ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে পুলিশের মহাপরিদর্শকসহ (আইজিপি) সংশ্লিষ্টদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে।আজ বুধবার বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হক ও বিচারপতি সৈয়দ আবু কাওসার মো. দবিরুশ্বান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই দুই নেতার করা এক রিটের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।জানা যায়, সম্প্রতি মুক্তাঙ্গনের সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি প্রসঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য শাহ মোয়াজ্জেম হোসেন ও রফিকুল ইসলাম মিঞাকে গত ২৯ জুলাই পল্টন মডেল থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান বিশ্বাস একটি নোটিশ দেন। নোটিশে তাঁদেরকে ৩ আগস্ট পুলিশ কার্যালয়ে হাজির হতে বলা হয়। নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে তাঁরা ২ আগস্ট হাইকোর্টে রিট করলে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি সৈয়দা আফসার জাহানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের এক বিচারপতি বিব্রত বোধ করেন। পরবর্তী নির্দেশের জন্য আবেদনটি প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেওয়া হয়। প্রধান বিচারপতি বিষয়টি ওই আদালতে পাঠিয়ে দেন।আদালতে দুই বিএনপির নেতার পক্ষে আইনজীবী এম বদরুদ্দোজা, রাষ্ট্রপক্ষের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা মামলাটি পরিচালনা করেন।