মোরশেদ ধরা পড়েননি
৪২ দিনেও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ঝালকাঠির আলোচিত সন্ত্রাসী ৯০ বছরের সাজাপ্রাপ্ত মোরশেদ জমাদ্দারকে (৩৫) ধরতে পারেনি। এই সময়ে তাঁকে ধরতে র্যাব কোনো অভিযান চালিয়েছিল কি না, তাও তারা জানাতে রাজি হয়নি। তবে মোরশেদের ব্যাপারে তথ্য সংগ্রহের কাজ চলছে বলে দাবি করেছে র্যাব-৮। গত ২৩ মার্চ মোরশেদকে ধরতে গিয়ে র্যাব ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়ার নিরীহ কলেজছাত্র লিমন হোসেনকে পায়ে অস্ত্র ঠেকিয়ে গুলি করে। লিমন তখন বাড়ির পাশের পুরাতন জমাদ্দার হাট সেতুর ওপর বসে অন্য দুই কিশোরের সঙ্গে গল্প করছিল।লিমনের পরিবারের সদস্য ও এলাকাবাসী বলছেন, ৪২ দিন ধরে র্যাবের সঙ্গে পুরো প্রশাসনযন্ত্র কিশোর লিমনকে সন্ত্রাসী প্রমাণের আপ্রাণ চেষ্টা করে গেছে। ঢাকা থেকে বরিশাল পর্যন্ত তাকে নিয়ে টানাহেঁচড়া হয়েছে। কিন্তু সন্ত্রাসী মোরশেদকে ধরার কোনো তৎপরতা নজরে আসেনি। স্থানীয় প্রশাসন থেকেও তাঁকে ধরার উদ্যোগের কোনো তথ্য জানা যায়নি।গতকাল বৃহস্পতিবার যোগাযোগ করা হলে র্যাব-৮-এর পরিচালক লে. কর্নেল মো. মনিরুল হক প্রথম আলোকে বলেন, ‘সন্ত্রাসী মোরশেদ কোন এলাকায় আছে, তা বলা যাবে না। তবে তার ব্যাপারে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। এটা পরিপক্ব হলেই সে ধরা পড়বে।’ লিমন গুলিবিদ্ধ হওয়ার পর মোরশেদকে ধরতে কতবার অভিযান চালানো হয়েছে, এমন প্রশ্নের জবাবে র্যাবের পরিচালক বলেন, তা জানানো যাবে না। তিনি দাবি করেন, মোরশেদকে গ্রেপ্তারে র্যাবের চেষ্টা অব্যাহত আছে।তবে লিমনের গ্রাম সাতুরিয়ার বাসিন্দারা অভিযোগ করেছেন, সন্ত্রাসী মোরশেদকে গ্রেপ্তারে র্যাবের কোনো তৎপরতার খবর তাঁদের জানা নেই। তবে এ সময়ে র্যাব তাদের সোর্স (তথ্যদাতা) এবং অন্য এলাকা থেকে ছাত্রলীগের নেতাদের এনে ঘটনাস্থলে দাঁড় করিয়ে লিমনের বিরুদ্ধে জবানবন্দি নিয়েছে। ঘটনার পর প্রায় প্রতিদিন তারা সাতুরিয়া গ্রামের পুরাতন জমাদ্দার হাটের পাশের রাস্তায় নিজেদের মনোনীত লোক জড়ো করে লিমনের বিরুদ্ধে বক্তব্য ভিডিওতে রেকর্ড করেছে।এর মধ্যে এক দিন ঢাকা থেকে যাওয়া প্রথম আলোর আলোকচিত্রী এমন ভিডিও ধারণের ছবি তুললে র্যাবের সদস্যরা তাঁকে সে ছবি নষ্ট করে ফেলতে বাধ্য করেন।৯০ বছরের সাজাপ্রাপ্ত মোরশেদ জমাদ্দার: ঝালকাঠির পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, মোরশেদ জমাদ্দারের বিরুদ্ধে খুন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে গোলাগুলি, ডাকাতি, মাদক ব্যবসা ও পুলিশ কর্মকর্তাকে আহত করাসহ নানা অভিযোগে বিভিন্ন থানায় ১১টি মামলা আছে। এর মধ্যে আটটি মামলা আছে ঝালকাঠির রাজাপুর থানায়। ওই থানায় তাঁর বিরুদ্ধে তিনটি গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে। সাতক্ষীরার শ্যামনগর থানার দুটি মামলায় তাঁর ৯০ বছরের সাজা হয়েছে।রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের নৈকাঠির বাসিন্দা মোরশেদ জমাদ্দার। তাঁর বাবা বেলায়েত জমাদ্দার পক্ষাঘাতগ্রস্ত। তিনি বর্তমানে ঝালকাঠি শহরের গুরুদম এলাকায় থাকেন। দুুই ভাই দুই বোনের মধ্যে মোরশেদ তৃতীয়। ১৯৮৯ সালে তিনি পিরোজপুর কাউখালী কলেজ থেকে স্নাতক পাস করেন।এলাকায় গিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, ১৯৮৯-৯০ সালে মোরশেদ পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির সদস্য হয়ে রাজাপুরে তৎপরতা শুরু করেন। বিএনপি সরকার ক্ষমতায় আসার দুই বছরের মাথায় ১৯৯৩ সালে স্থানীয় বিএনপির নেতা শাহজাহান ওমরের হাত ধরে তিনি বিএনপিতে যোগ দেন। বড় দলের ছত্রচ্ছায়ায় এলাকায় প্রকাশ্যে সন্ত্রাস করতে শুরু করেন তিনি।যোগাযোগ করা হলে সাবেক প্রতিমন্ত্রী বিএনপির নেতা শাহজাহান ওমর প্রথম আলোকে বলেন, মোরশেদ ও তাঁর ভাই মিজানকে তিনি চেনেন। তবে তাঁরা বিএনপির পদ-পদবিভুক্ত কোনো কর্মী নন। তাঁরা চোর-গুন্ডা ও ফেনসিডিল ব্যবসায়ী। তিনি বলেন, মিজান ও মোরশেদের দাদা হামেদ জমাদ্দার ১৯৭৯ সালে ইউপি চেয়ারম্যান থাকাকালে তাঁকে সাংসদ হিসেবে নির্বাচিত করতে বড় ভূমিকা রাখেন। তাঁর ছত্রচ্ছায়ায় মোরশেদ এলাকায় সন্ত্রাস করেছেন—এ অভিযোগের বিষয়ে জানতে চাইলে শাহজাহান ওমর বলেন, ‘আমি ওদের আমার কোনো কর্মকাণ্ডে ব্যবহার করিনি।’প্রসঙ্গত, মিজান জমাদ্দার মোরশেদের বড় ভাই। ২০১০ সালে তিনি ঢাকায় খুন হন। তুরাগ নদের পাড়ে মোহাম্মদপুরের চন্দ্রিমা উদ্যানে বালুর নিচ থেকে দুই সহযোগীসহ তাঁর লাশ উদ্ধার করা হয়। মিজানের বিরুদ্ধে রাজাপুর থানায় সাতটি মামলা আছে।রাজনৈতিক ছত্রচ্ছায়ায় মোরশেদ: রাজাপুর থানা সূত্র জানায়, মোরশেদ সাতুরিয়া ইউনিয়নের নৈকাঠি, তারাবুনিয়া, ঝালকাঠির নলছিটি ও পিরোজপুরের কাউখালীর ২০-৩০ জনকে নিয়ে একটি সন্ত্রাসী বাহিনী গড়ে তোলেন। মোরশেদ ১৯৯৪ সালে তাঁর সহযোগীদের নিয়ে সাতুরিয়ার সুপারি ব্যবসায়ী আলমগীর হোসেন এবং সুবল মাস্টারের কাছে চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় তাঁদের মারধর করেন। সুবল মাস্টার ও আলমগীর হোসেন বাদী হয়ে রাজাপুর থানায় দুটি চাঁদাবাজির মামলা করেন।প্রশাসন সূত্র ও স্থানীয় লোকজন জানান, ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর মোরশেদ দলবল নিয়ে আওয়ামী লীগে যোগ দেন। আওয়ামী লীগের নেতা আমির হোসেন আমুকে ফুলের তোড়া দিয়ে ওই যোগদান-প্রক্রিয়া সম্পন্ন হয়।তবে গত রাতে যোগাযোগ করা হলে আমির হোসেন আমু প্রথম আলোকে বলেন, তিনি মোরশেদকে চেনেন না। এমন কোনো ব্যক্তি তাঁকে কখনো ফুলের তোড়া দিয়ে বরণ করেননি। তিনি বলেন, ওই এলাকায় তখন এই নামের কোনো লোক আওয়ামী লীগে যোগ দেননি।২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর মোরশেদ আবার ভোল পাল্টে বিএনপিতে যোগ দেন। থানা পুলিশের সহায়তায় চলতে থাকে মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ড।২০০৯ সালের ১১ অক্টোবর মোরশেদ ও মিজানের সহযোগীরা পিরোজপুরের কচুয়াখালী সেতুতে আইনজীবী গিয়াস উদ্দিনকে (৪০) মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে হত্যা করেন। তখন মিজান ও তাঁর বিরুদ্ধে রাজাপুরের কাউখালী থানায় হত্যা মামলা হয়।পুলিশ ও স্থানীয় লোকজন জানান, বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় নির্বাচনী কার্যক্রম শুরু হলে বিএনপির নেতা শাহজাহান ওমর এলাকায় ফিরে আসেন। দলের পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। ওই অনুষ্ঠানে মোরশেদের ভাই মিজান জমাদ্দারকে সাতুরিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ঘোষণা করা হয়। বড় ভাই মিজানের পক্ষে মোরশেদ সন্ত্রাসী কর্মকাণ্ডে অংশ নিতেন।ঝালকাঠি শহর থেকে ২০ কিলোমিটার দূরে রাজাপুর উপজেলার জমাদ্দার বাড়ি সেতুর কাছে মোরশেদ জমাদ্দারের বাড়ি। গত মাসে ওই বাড়িতে গেলে মোরশেদের চাচা মিল্লাত জমাদ্দার প্রথম আলোকে বলেন, ১০ বছর ধরে বিএনপির নেতা শাহজাহান ওমরের সঙ্গে মিজান ও মোরশেদের সুসম্পর্ক ছিল। গত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে শাহজাহান ওমরের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী নান্নুর হয়ে মোরশেদ কাজ না করায় তিনি তাঁর ওপর নাখোশ হন।মাদক ব্যবসার নিয়ন্ত্রণ: মোরশেদের চাচা মিল্লাত জমাদ্দার জানান, মোরশেদের সঙ্গে চাঁদাবাজির একটি মামলায় মানিকের সাত বছরের সাজা হয়। সেই মানিক এখন র্যাবের সোর্স। মোরশেদ গ্রেপ্তার হলে মাদক ব্যবসার নিয়ন্ত্রণ তাঁর হাতে আসবে, এই লোভে মানিক তাঁকে ধরিয়ে দিতে চান। তাঁরই তথ্য অনুযায়ী এবং তাঁর উপস্থিতিতে র্যাব গত ২৩ মার্চ সাতুরিয়া ও নৈকাঠিতে অভিযান চালায়। ওই অভিযানেই লিমনকে গুলি করা হয়।মিল্লাত দাবি করেন, সন্ত্রাসী মানিক জমাদ্দার র্যাবকে তথ্য দিয়ে তাঁর প্রতিপক্ষ মোরশেদকে ঘায়েল করছেন। আর এর শিকার হচ্ছে এলাকার নিরীহ মানুষ।জানতে চাওয়া হলে মানিক জমাদ্দার বলেন, আলমগীরের দেওয়া চাঁদাবাজির মামলায় মোরশেদের সঙ্গে তাঁর সাত বছরের সাজা হয়েছিল। মোরশেদের প্রতিবেশী হিসেবে ওই মামলায় তিনি আসামি হয়েছিলেন বলে দাবি করেন। তিনি র্যাবের সোর্স হিসেবে কাজ করছেন কি না জানতে চাইলে বলেন, ‘র্যাবের সঙ্গে আমার জানাশোনা আছে। কিন্তু সোর্সের কাজ করি না।’ মানিক এ প্রতিবেদককে বলেন, ‘আপনি জানেন, আমি সাবেক সেনাসদস্য। আমি কোনো অপরাধের সঙ্গে যুক্ত নই। মোরশেদ মাদক ব্যবসায় জড়িয়ে পড়ায় তার বিপক্ষে অবস্থান নিয়েছি। দুর্ধর্ষ এ সন্ত্রাসীকে ধরিয়ে দিতে চেষ্টা করছি।’মোরশেদের বিরুদ্ধে উল্লেখযোগ্য মামলা: ১৯৯৫ সালে রাজাপুরে প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিয়ে আবার আলোচনায় আসেন মোরশেদ। ১৯৯৭ সালে সুন্দরবনের উপকূলে মোরশেদ সহযোগীদের নিয়ে জেলেদের নৌকায় ডাকাতি করতে যান। এ সময় কোস্টগার্ড সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধে আহত অবস্থায় মোরশেদ গ্রেপ্তার হন। সাতক্ষীরার শ্যামপুর থানায় তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনসহ দুটি মামলা হয়। দেড় বছর কারাগারে থাকার পর তিনি জামিনে বের হন। ওই দুটি মামলায় তাঁর ৯০ বছরের কারাদণ্ড হয়। কিন্তু পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে পারেনি।২০০০ সালে তিনি ঝালকাঠির স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের ঠিকাদার মাসুদ হোসেনের কাছে চাঁদা চেয়ে না পেয়ে তাঁর ডান পা কেটে ফেলেন। ২০০৬ সালের ৩০ ডিসেম্বর ঝালকাঠির রাজাপুর থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মোস্তফা কামাল ও সহকারী উপপরিদর্শক (এএসআই) নুরুল ইসলামকে পিটিয়ে মাথা ফাটিয়ে দেন এবং মোস্তফা কামালের পিস্তল ছিনিয়ে নেন। এ ছাড়া তাঁর বিরুদ্ধে হত্যাচেষ্টা, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র রাখার অভিযোগে রাজাপুর থানায় মোট আটটি মামলা হয়।[প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন আমাদের ঝালকাঠি প্রতিনিধি আক্কাস সিকদার]