মোরেলগঞ্জে বাস উল্টে নিহত ২
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পিরোজপুর-খুলনা সড়কে আজ সোমবার সকালে রিকশা-ভ্যানকে চাপা দেওয়ার পর বাস উল্টে দুজন নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত ৪০ জন।নিহত ব্যক্তিরা হলেন ওই রিকশা-ভ্যানের যাত্রী দীনেশ চন্দ্র (৭০) ও বাসচালক। তাঁর পরিচয় পাওয়া যায়নি।দুর্ঘটনায় আহত বাদল গাজী নামের একজন বাসযাত্রী জানান, আজ সকাল সাড়ে আটটায় বলেশ্বর পরিবহন নামের ওই বাসটি পিরোজপুর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়। পিরোজপুরের বলেশ্বর সেতু পার হওয়ার পর চালক বাসটি বেপরোয়া গতিতে চালাতে থাকেন। মোরেলগঞ্জের সাধুর ব্রিজ এলাকায় পৌঁছার পর বাসটি ওই রিকশা-ভ্যানকে চাপা দেয়। একপর্যায়ে বাসটি রাস্তার ওপর উল্টে যায়। এতে ঘটনাস্থলে রিকশা-ভ্যানের যাত্রী দীনেশ ও বাসচালক নিহত হন। আহত ব্যক্তিদের খুলনা ২৫০ শয্যা ও পিরোজপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।দুর্ঘটনার পর সকাল নয়টা থেকে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে সড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।পিরোজপুরের ট্রাফিক সার্জেন্ট ওমর ফারুক প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।