মোরেলগঞ্জে যুবলীগের নেতাসহ দুজনকে গুলি করে হত্যা
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়নের পাঁজাখোলা গ্রামে গতকাল বৃহস্পতিবার যুবলীগের এক নেতা ও তাঁর চিংড়িঘেরের কর্মচারীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। ঘটনার পরপর গ্রামবাসী প্রায় তিন কিলোমিটার ধাওয়া করে হত্যাকারী সন্দেহে দুই যুবককে আটক করে বেধড়ক পিটুনি দেয় এবং চোখ রক্তাক্ত করে। নিহত ব্যক্তিরা হলেন জিউধরা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনির মৃধা (৪২) ও তাঁর চিংড়িঘেরের কর্মচারী আলম চাপরাশি (৪৩)। মনির পশ্চিম জিউধরা গ্রামের সাহেদ আলী মৃধার ছেলে। আলম পাঁজাখোলা গ্রামের মৃত আজিজ চাপরাশির ছেলে।ঘটনার সত্যতা নিশ্চিত করে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম বলেন, ক্ষুব্ধ গ্রামবাসী সন্দেহভাজন দুই হত্যাকারীকে পিটিয়ে তাঁদের চোখ নষ্ট করে ফেলেছে। ওই দুজনকে পুলিশ পাহারায় মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।জিউধরা ইউনিয়ন যুবলীগের সভাপতি হাসিবুর রহমান গতকাল রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, মনির মৃধা ও তাঁর চিংড়িঘেরের কর্মচারী আলম চাপরাশি সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পাঁজাখোলা গ্রামে বাচ্চুর মুদি দোকানে বসে স্থানীয় একটি বিবাদের সালিস করছিলেন। এ সময় আকস্মিকভাবে অস্ত্রধারী চার ব্যক্তি সেখানে আসে এবং মনির ও আলমকে লক্ষ্য করে গুলি করে চলে যায়। ঘটনাস্থলেই মনির ও আলমের মৃত্যু হয়। ঘটনাস্থলে থাকা অন্যদের চিৎকার ও গুলির শব্দ শুনে স্থানীয় গ্রামবাসী প্রায় তিন কিলোমিটার ধাওয়া করে চন্দনতলা গ্রাম থেকে হত্যাকারী সন্দেহে দুই ব্যক্তিকে আটক করে পিটুনি দেয়। ঘটনাস্থল থেকে জিউধরা ইউনিয়ন পরিষদের চৌকিদার যুগলকৃষ্ণ মোহন্ত জানান, আটক এক যুবকের নাম রবিউল। অন্যজনের নাম-পরিচয় জানা যায়নি।