মোরেলগঞ্জে হিন্দু মন্দির ও বাড়িতে আগুন
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় একটি সর্বজনীন পূজামন্দির ও হিন্দুসমপ্রদায়ের দুটি বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার গভীর রাতে উপজেলার রামচন্দ্রপুর ও বনগ্রাম ইউনিয়নে এসব ঘটনা ঘটে। আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে রামচন্দ্রপুর ইউনিয়নের ডুমুরিয়া সর্বজনীন পূজামন্দির, বনগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নারায়ণ চন্দ্র বসুর বাড়ির গুদাম ও রান্নাঘর এবং একই ইউনিয়নের বহরবুল গ্রামের তাপস সেনের বাড়ি।মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন প্রথম আলো ডটকমকে জানান, গতকাল রাত ১২টা থেকে দেড়টার মধ্যে আগুন লাগানো হয়। স্থানীয় লোকজন দ্রুত আগুন নিভিয়ে ফেলে।বনগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নারায়ণ চন্দ্র বসু চৌধুরী প্রথম আলো ডটকমকে বলেন, রাত সাড়ে ১২টার দিকে তাঁর বাড়ির দুটি ঘরে আগুন লাগিয়ে দেয় অজ্ঞাত দুর্বৃত্তরা। স্থানীয় বিএনপির কেউ এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে তিনি ধারণা করেন।তবে স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল জব্বার মোল্লা এ ধারণা নাকচ করে বলেন, ‘বিএনপির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে তারা পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে।’ বাগেরহাটের পুলিশ সুপার খন্দকার রফিকুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, প্রাথমিকভাবে ঘটনাগুলো রহস্যজনক মনে হচ্ছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা সুনির্দিষ্ট কোনো অভিযোগ করছেন না। ঘটনাগুলো তদন্ত করে প্রকৃত দুর্বৃত্তদের চিহ্নিত করার চেষ্টা চলছে। এখনো কোনো মামলা হয়নি।আজ শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, মোরেলগঞ্জ সার্কেলের এএসপি শহিদুল হক ও মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জোহর আলী।