মোল্লা ওমরকে নির্বাচনে ডাকলেন কারজাই
তালেবান নেতা মোল্লা ওমরকে সরকারের বিরুদ্ধে যুদ্ধ না চালিয়ে প্রেসিডেন্ট নির্বাচনে লড়াই করার আহ্বান জানিয়েছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই। গতকাল বৃহস্পতিবার তিনি এ আহ্বান জানিয়েছেন বলে একটি আন্তর্জাতিক বার্তা সংস্থার বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে।মোল্লা ওমর ২০০১ সাল থেকে তালেবানের নেতৃত্ব দিয়ে আসছেন। তিনি বর্তমানে ‘মোস্ট ওয়ান্টেড’ ব্যক্তি এবং মার্কিন সমর্থনপুষ্ট কারজাই সরকারকে উত্খাতে তালেবানের লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছেন।সংঘাত পরিহার করে শান্তির পথে আসতে তালেবানের প্রতি বারবার আহ্বান জানিয়ে যাচ্ছেন প্রেসিডেন্ট হামিদ কারজাই। এ ব্যাপারে তিনি আলোচনায় বসতে রাজি।হামিদ কারজাই বলেন, ‘মোল্লা ওমর আফগানিস্তানের যেকোনো স্থানে আসতে পারেন। তিনি রাজনৈতিক দলের কার্যালয়ও খুলতে পারেন। তবে এর আগে অবশ্যই তাঁকে অস্ত্র ছাড়তে হবে। তিনি তাঁর সহযোগীদের নিয়ে দেশে এসে রাজনৈতিক দল গঠন করে রাজনীতি করতে পারেন। এমনকি তিনি চাইলে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থীও হতে পারেন। জনগণ তাঁকে নির্বাচিত করলে তিনি দেশের নেতৃত্বও নিতে পারেন।’তবে হামিদ কারজাইয়ের এই শান্তি আলোচনার প্রস্তাব বরাবরই প্রত্যাখ্যান করে আসছেন তালেবান নেতারা।