মোল্লা ওমরের চিঠি ন্যাটোর হাতে
আফগানিস্তানে তালেবান প্রধান মোল্লা ওমরের একটি চিঠি আটক করার দাবি করেছে ন্যাটো। এই চিঠিতে ওমর বর্তমান আফগান সরকারের সমর্থক যে কাউকে (আফগানিস্তানের বাসিন্দা) আটক বা হত্যা করার আহ্বান জানিয়েছেন। ধারণা করা হয়, মোল্লা ওমর এখন পাকিস্তানেই আছেন। তবে পাকিস্তান সবসময় এই অভিযোগ অস্বীকার করে আসছে।জানা গেছে, গত জুনে চিঠিতে এই আহ্বান জানিয়েছিলেন ওমর। গতকাল রোববার এটি ন্যাটো সদস্যদের হাতে পড়ে।ন্যাটোর মুখপাত্র ব্রিগেডিয়ার জোসেফ বোলত্জ বলেন, ‘এই বার্তা মোল্লা ওমরের, এটি তিনি পাকিস্তানের কোনো গোপন জায়গা থেকে তাঁর অধস্তনদের কাছে লিখেছিলেন। তিনি বলেন, আফগানিস্তানে যৌথ বাহিনীর বিরুদ্ধে আমৃত্যু লড়াইয়ের জন্য এবং সরকার সমর্থক যেকোনো আফগানকে আটক বা হত্যার নির্দেশ দিয়েছেন মোল্লা ওমর। তিনি সাংবাদিকদের আরও জানান, ন্যাটো বা মার্কিন ঘাঁটিতে ঢুকতে পারে এমন যেকোনো আফগানকে নিয়োগ দেওয়ার জন্য উত্সাহিত করেছেন ওমর। বর্তমানে আফগানিস্তানে ন্যাটো ও যুক্তরাষ্ট্রের দেড় লাখের বেশি সৈন্য আছে।