মোল্লাদের জন্য আমি এটা লিখিনি
‘মোল্লাদের জন্য আমি এটা লিখিনি।’ এ মন্তব্য ‘স্যাটানিক ভার্সেস’ লিখে বিতর্ক সৃষ্টি করা ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ লেখক সালমান রুশদির। যুক্তরাজ্যের ওয়েলসে শিল্প-সাহিত্য-বিষয়ক এক উত্সবে নিজের এই বই সম্পর্কে তিনি এ মন্তব্য করেন। গতকাল সোমবার পিটিআইয়ে প্রকাশিত খবরে এ কথা জানানো হয়।ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ লেখক সালমান রুশদি দুই দশকেরও বেশি সময় আগে ‘স্যাটানিক ভার্সেস’ লিখে বিতর্কের জন্ম দিয়েছিলেন। ১৯৮৮ সালে এটি প্রকাশিত হয়। এই উপন্যাসে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার মতো বিষয় রয়েছে বলে বিতর্কের ঝড় ওঠে। রুশদির বিরুদ্ধে ফতোয়াও জারি করা হয়। ১৯৮৯ সালে বিষটিকে কেন্দ্র করে ইরানের তত্কালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি রুশদিকে হত্যা করার নির্দেশ দেন। এরপর কিছুটা আড়ালে চলে যান এই লেখক।এবার ফতোয়া জারি করা ব্যক্তিদের উদ্দেশে কৌতুকের সুরে রুশদি বলেছেন, ‘মোল্লাদের জন্য আমি এটা লিখিনি।’ তাঁর ভাষ্য, যাঁরা পছন্দ করেন, তাঁদের জন্য তাঁর বই।রুশদি বলেন, ‘অনেক মানুষ বই পছন্দ করেন বলেই তা বের হয়। একমাত্র এ কারণে বই টিকে থাকে। বইয়ের অনুরাগীরাই বই টিকিয়ে রাখে, আক্রমণকারীরা নয়।’ ‘স্যাটানিক ভার্সেস’ নিয়ে এখনো বিতর্ক চলছে। ওই উপন্যাসের কারণে চলতি বছরের শুরুর দিকে ভারতে অনুষ্ঠিত একটি সাহিত্য উত্সবে সালমান রুশদিকে আসতে দেওয়া হয়নি।