মোল্লার বিরুদ্ধে দুদকের মামলা চলবে
অবৈধ সম্পদ অর্জন মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আওয়ামী লীগের সাংসদ হাবিবুর রহমান মোল্লার আবেদন খারিজ করেছেন আপিল বিভাগ। আজ রোববার প্রধান বিচারপতির নেতৃত্বে চার বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।হাইকোর্টের রায়ে হাবিবুর রহমান মোল্লার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা দায়ের, মামলার অনুমোদন ও তদন্ত বৈধ ঘোষণা করা হয়েছিল। আজকের এ আদেশের মাধ্যমে হাইকোর্টের ওই রায় বহাল থাকল। অর্থাত্ তাঁর বিরুদ্ধে মামলার কার্যক্রম চালাতে আর কোনো আইনি বাধা নেই। ২০০৭ সালের ৩ অক্টোবর রমনা মডেল থানায় দুদকের সহকারী পরিচালক সৈয়দ আহমদ বাদী হয়ে মামলা করেন। মামলায় হাবিবুর রহমান মোল্লার বিরুদ্ধে দুই কোটি ৩২ হাজার ৫৪৮ টাকা অবৈধভাবে অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়।মামলার দায় থেকে অব্যাহতির জন্য ২০০৮ সালে হাবিবুর রহমান মোল্লা হাইকোর্টে বাতিল আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ মামলার কার্যক্রম স্থগিত এবং রুল জারি করেন। রুলের চূড়ান্ত শুনানি শেষে ২০০৮ সালের ২০ নভেম্বর হাইকোর্ট আবেদনটি খারিজ করে রায় দেন। পাশাপাশি তাঁর বিরুদ্ধে মামলা দায়েরের অনুমোদন, তদন্ত ও অনুসন্ধান যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে করা হয়েছে বলে আদালত তাঁর পর্যবেক্ষণে উল্লেখ করেন। হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে হাবিবুর রহমান মোল্লা আপিল বিভাগে আপিলের অনুমতি চেয়ে আবেদন করেন। গত বছরের ২৫ জানুয়ারি আপিল বিভাগ আপিলের অনুমতি দেন। এরপর ২২ থেকে ২৪ মার্চ তিন কার্যদিবস আপিলের শুনানি শেষে আজ (৪ মার্চ) রায়ের দিন ধার্য করেন। দুদকের কৌঁসুলি খুরশিদ আলম খান পরে প্রথম আলোকে বলেন, আদালত আপিল খারিজ করে দিয়েছেন। মামলা দায়ের, অনুমোদন ও তদন্ত বৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বহাল থাকল। আপিল বিভাগের রায়ের ফলে হাবিবুর রহমান মোল্লার বিরুদ্ধে মামলার কার্যক্রম চলবে।