মোশতাকের মুখে ‘কতিপয় দুর্বৃত্ত’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় চার নেতা হত্যার ঘটনায় বাংলাদেশে মার্কিনবিরোধী মনোভাব প্রকট হয়ে উঠেছিল। তখন খন্দকার মোশতাক আহমদও ভোল পাল্টান। পঁচাত্তরের এই দিনে কার্যকর কোনো সরকার ছিল না। বাতাসে অভ্যুত্থানের খবর। বেতারে রাষ্ট্রপতি মোশতাক ঘোষণা দেন, কতিপয় দুর্বৃত্ত দ্বারা সংঘটিত জেলখানা হত্যাকাণ্ডের তদন্ত করা হবে।মার্কিন রাষ্ট্রদূত ডেভিস ইউজিন বোস্টার ৬ নভেম্বর ওয়াশিংটনে পাঠানো বার্তায় লেখেন, ‘ঢাকার এমন মার্কিনবিরোধী মনোভাব ১৫ আগস্টের পরও লক্ষ করা যায়নি। এ রকম অবস্থা এর আগে আমরা দেখেছিলাম বাংলাদেশের স্বাধীনতা লাভের পরবর্তী সময়ে। এ ছাড়া গত মে মাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৩০তম বার্ষিকী উদ্যাপনের সময়ও আমরা কিছুটা এর বহিঃপ্রকাশ দেখেছিলাম। যুক্তরাষ্ট্র মোশতাক ও খুনি মেজরদের সমর্থন দিচ্ছিল কি না, আমরা এমন প্রশ্নেরও মুখোমুখি হচ্ছি। বলা হচ্ছে, ভারত ও সোভিয়েত ইউনিয়নবিরোধী বলে আমরা মেজরদের “পলায়নে” সহায়তা দিয়েছিলাম এবং চার নেতা হত্যাকাণ্ডের জন্য কিছুটা হলেও আমরা দায়ী।’৫ নভেম্বর বিবিসিতে ফারুক রহমানের একটি বক্তব্য প্রচারিত হলে ঢাকার মার্কিন দূতাবাস সচকিত হয়। ফারুক ব্যাংককে রয়টার্সকে বলেছিলেন, তাঁদের বর্তমান পরিকল্পনা হলো যুক্তরাষ্ট্র কিংবা পাকিস্তানে রাজনৈতিক আশ্রয় চাওয়া। বোস্টার এদিনই ওয়াশিংটনকে জানান, কেউ এ বিষয়ে আমাদের জিজ্ঞেস করলে আমরা বলতে চাই, আমরা এ বিষয়ে কিছুই জানি না।বোস্টার ৬ নভেম্বরের তারবার্তায় উল্লেখ করেন, ১৫ আগস্টের অভ্যুত্থানে যুক্তরাষ্ট্রের জড়িত থাকার ধারণা প্রবল হয়ে উঠেছিল। কিন্তু তা বেশি দিন যেতে না-যেতেই মিলিয়ে যায়। অন্তত আমরা এখানে বসে এমনটাই মূল্যায়ন করতে পারি।লক্ষণীয় যে এই তারবার্তাটিতে বোস্টার কথিতমতে ১৫ আগস্টের অভ্যুত্থানে মার্কিন সংশ্লিষ্টতা আর জেল হত্যাকাণ্ডে তাদের সংশ্লিষ্টতাকে একইভাবে উল্লেখ করেছেন এবং একই ভাষায় প্রত্যাখ্যান করেছেন। উপরন্তু আমাদের অনুসন্ধানে এ পর্যন্ত পাওয়া নথিপত্রের মধ্যে এই তারবার্তাটি একটি ব্যতিক্রম। কারণ, এতে বোস্টার জেল হত্যাকাণ্ড ছাড়াও ১৫ আগস্টের অভ্যুত্থানে মার্কিন সংশ্লিষ্টতাকে দ্ব্যর্থহীন ভাষায় নাকচ করেন। ডেভিস বোস্টার কার্যত এতটাই গভীর ও নিষ্পত্তিকারকভাবে মার্কিন সংশ্লিষ্টতা প্রত্যাখ্যান করেন, যা প্রখ্যাত মার্কিন সাংবাদিক লরেন্স লিফশুলজের ভাষ্য স্মরণ করিয়ে দেয়।২০০৫ সালে বোস্টারের মৃত্যুর পর লিফশুলজ প্রথম আলোতেই প্রথম তথ্য প্রকাশ করেন, বোস্টারই হলেন তাঁর লেখালেখিতে প্রায় তিন দশক ধরে গোপন রাখা সেই ‘মার্কিন দূতাবাস সূত্র’, যিনি তাঁকে বলেছিলেন, মুজিব হত্যায় সিআইএ জড়িত। দূতাবাসের কিছু কর্মকর্তার সঙ্গে খুনি চক্রের আগাম বৈঠক হয়েছিল, তিনি তা বন্ধে লিখিত নির্দেশনা দিয়েছিলেন ইত্যাদি। বোস্টারের ৬ নভেম্বরের ওই দুই পৃষ্ঠার তারবার্তার শিরোনাম: ‘বাংলাদেশে মার্কিনবিরোধী মনোভাব আবার ফিরে এসেছে’। জেল হত্যাকাণ্ডে কেন মার্কিনবিরোধিতা চাঙা হলো, তার কারণ বিশ্লেষণ করেন তিনি। বোস্টার উল্লেখ করেন, ‘প্রথমত, পাশ্চাত্যপন্থী ও ভারতবিরোধী এবং সোভিয়েতবিরোধী হিসেবে খন্দকার মোশতাকের ভাবমূর্তি ছিলই। দ্বিতীয়ত, প্রত্যেক বড় ঘটনার নেপথ্যে বাঙালিদের অদৃশ্য (এবং বিদেশি) হাত খুঁজে পাওয়ার বাতিক আছে। এর সঙ্গে যুক্ত করা হচ্ছে এই বিশ্বাস যে যুক্তরাষ্ট্র যেমনভাবেই হোক, কোনো না কোনো পন্থায় মুজিব উৎখাতে ভূমিকা রেখেছিল। এভাবে বাঙালিদের প্ররোচিত করা হচ্ছে।’ বোস্টার এ পর্যায়ে বলেন, ‘ঢাকার কূটনৈতিক কোরের ডিন হলেন বুলগেরীয় রাষ্ট্রদূত নিকোলাই বুয়েদিজিয়েভ। তিনি যে এখানকার সোভিয়েত রাষ্ট্রদূতের উৎসাহে চলেন, তা সুবিদিত। গতকাল (৫ নভেম্বর ১৯৭৫) তিনি আমাদের এক সহকর্মীকে বললেন, আমেরিকা ছাড়া আর কে আছে যে মুজিব ও চার নেতা হত্যার ঘটনা থেকে ফায়দা নিতে পারে? এমনকি তিনি তাৎপর্যপূর্ণভাবে এও বললেন, চিলিতে আলেন্দের বিরুদ্ধে ঝামেলা পাকানোর সময় বোস্টার সেখানে ছিলেন।’উল্লেখ্য, সোভিয়েত ইউনিয়ন কখনো বলেনি যে মুজিব হত্যায় সিআইএ জড়িত ছিল। বুলগেরীয় ওই রাষ্ট্রদূতকে জানতেন, এমন একজন ওয়াকিবহাল ব্যক্তি এই প্রতিবেদককে বলেন, ‘মি. বুয়েদিজিয়েভ ঢাকার বামপন্থীদের মধ্যে পরিচিত ছিলেন। তাঁর কথাবার্তায় আমরা কখনো ঢিলেঢালা ভাব লক্ষ করেছি।’ বোস্টার লিখেছেন, একজন চিন্তাশীল বাঙালি বলেন, মানবিকভাবে জেল হত্যাকাণ্ড দুঃখজনক। কিন্তু বাঙালি প্রগতিশীল, যাদের পরামর্শদাতা ভারত ও রাশিয়া, তাঁরা অস্বীকার করতে পারবে না যে এই চার নেতা তাদের জন্য অত্যন্ত হিতকরী রাজনীতিক ছিলেন। তিনি অবশ্য এতে মার্কিন হাত দেখেননি। তবে তিনি এটা বলেন, বাংলাদেশকে যাঁরা ভারতের দ্বারা প্ররোচিতমতে সোভিয়েত ও মার্কিন প্রতিযোগিতার বস্তু হিসেবে দেখেন, তাঁরা নিশ্চয়ই বুয়েদিজিয়েভের সঙ্গে সুর মেলাবেন।ওই তারবার্তায় বোস্টার ওয়াশিংটনকে আরও জানান, ‘৫ নভেম্বর সন্ধ্যায় ঢাকার রাস্তায় একটি ছোট মিছিল থেকে কথিতমতে স্লোগান উঠেছে: “বোস্টারের ফাঁসি চাই”, “বোস্টার তুমি বাংলা ছাড়”, “আমরা বোস্টারের রক্ত চাই”। আমরা জানি না, ওই মিছিলটি কাদের ছিল। কিন্তু দৃশ্যত এটুকু আমরা বুঝতে পারি, সামারিক বাহিনী, যারা এখন বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছে, তারা (খালেদ মোশাররফের নেতৃত্বাধীন শক্তি) বাঙালি বামপন্থীদের পুনরুত্থানে আগ্রহী নয়। ৫ নভেম্বর তারা যে উপায়ে চার নেতার দাফন অনুষ্ঠান সম্পন্ন করেছে, তাতে সেটা পরিষ্কারভাবে ফুটে উঠেছে এবং সে কারণে আমরা ভাবতে পারি, সামনের দিনগুলোতে আমাদের কোনো মিছিল বা সমাবেশ মোকাবিলা করতে হবে না। কিন্তু এরই মধ্যে যেটা স্পষ্ট তা হলো, আমাদের অনেক বিশ্রী কথা শুনতে হবে।’কতিপয় দুর্বৃত্ত: ৪ নভেম্বর ১৯৭৫ বোস্টার এক তারবার্তায় উল্লেখ করেন, ৫ নভেম্বর রাত একটায় রেডিও বাংলাদেশ একটি ‘বিশেষ রাষ্ট্রপতির ঘোষণা’ প্রচার করেছে। এতে বলা হয় ‘কতিপয় মহল’ গুজব ছড়াচ্ছে, ঢাকার কেন্দ্রীয় কারাগারে সংঘটিত ‘জঘন্য অপরাধের’ সঙ্গে সশস্ত্র বাহিনী জড়িত। ঘোষণায় জেল হত্যাকাণ্ডে সশস্ত্র বাহিনীর কোনো সংশ্লিষ্টতার অভিযোগ প্রত্যাখ্যান করা হয়। বলা হয়, সুপ্রিম কোর্টের তিনজন বিচারকের সমন্বয়ে ঘটনা তদন্তের জন্য একটি বিশেষ কমিশন গঠন (গঠিত হলেও ৭ নভেম্বর-পরবর্তী সরকারের আমলে কমিটির কাজ এগোয়নি) করা হবে। এই কমিশন সংঘটিত অপরাধ এবং কোন প্রেক্ষাপটে ‘কতিপয় দুর্বৃত্ত’কে নিরাপদে বাংলাদেশ ত্যাগের অনুমতি দেওয়া হয়েছে, তা খতিয়ে দেখবে।বোস্টার লিখেছেন, ‘রাষ্ট্রপতির (মোশতাক) এ ঘোষণায় জেল হত্যাকাণ্ডের প্রতি জনগণের বিরূপ প্রতিক্রিয়ার প্রচণ্ডতার প্রতিফলন ঘটে। আর সেটাই ৫ নভেম্বর হরতাল ডাকতে উদ্যোক্তাদের উৎসাহিত করে। এটা প্রতীয়মান হচ্ছে যে তদন্ত কমিশন দ্রুত গঠনের (যদি তা সম্ভব হয়) ঘোষণার উদ্দেশ্য হচ্ছে মোশতাক মন্ত্রিসভার প্রতি সমর্থন পুনরুজ্জীবিত করা। এ ঘোষণায় “দুর্বৃত্ত” শব্দটির ব্যবহার লক্ষণীয়। এ শব্দটি ব্যবহার করার মধ্য দিয়ে খুনিদের থেকে সরকার ও সামরিক বাহিনীর সম্পৃক্ততা পৃথক করা হচ্ছে। হত্যাকারীদের দেশত্যাগের অনুমতি দিতে তাদের যে দায়, সেটাও তারা এখন হ্রাস করার চেষ্টা করছে।’ডেভিস বোস্টার উল্লেখ করেছেন, ‘জেল হত্যাকাণ্ড মোশতাকের অবস্থান আরও দুর্বল করেছে। কারণ, তিনি আগস্ট অভ্যুত্থানকারীদের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্ক। মোশতাকের ভাবমূর্তি এরই মধ্যে যতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তা এই ঘোষণার ফলে দ্রুত সারানো সম্ভব হবে বলে মনে হয় না।’তারিখবিভ্রাট: পাকিস্তানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত হেনরি বাইরোড পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাংলাদেশ ডেস্কের পরিচালক আজমত হাসান ৫ নভেম্বর আমাদের দূতাবাস কর্মকর্তাকে জানিয়েছেন, ইসলামাবাদের ইন্টারন্যাশনাল রেডক্রস ঢাকার আইসিআরসি অফিস থেকে এই মাত্র টেলিফোনে একটি বার্তা পেয়েছে। ঢাকার ওই রেডক্রস প্রতিনিধি জানিয়েছেন, শেখ মুজিবের চার সহকর্মীকে ১ নভেম্বর (ভুল তথ্য) রাতে হত্যা করা হয়। ওই প্রতিনিধি দাবি করেন, তিনি ২ নভেম্বর তাজউদ্দীনের মৃতদেহ দেখেছেন! রাষ্ট্রদূত হেনরি বাইরোড তারবার্তায় উল্লেখ করেন, আজমত হাসানের মতে, ওই হত্যাকাণ্ডের প্রতিক্রিয়া হিসেবেই খালেদ মোশাররফ রুখে দাঁড়িয়েছেন। আমরা যেমনটা বলেছিলাম, তাঁর রুখে দাঁড়ানো হত্যাকাণ্ডের আগেই ঘটেছে, তা ঠিক নয়।বাইরোড আরও উল্লেখ করেন, আমাদের দূতাবাস কর্মকর্তার সঙ্গে হাসান যখন বৈঠক করছিলেন, তখন সুইস দূতাবাস থেকে একটি ফোন আসে। এতে বলা হয়, সুইস দূতাবাসের সূত্রগুলো জানিয়েছে, ৫ নভেম্বর সকালে রাষ্ট্রপ্রতি মোশতাক আহমদকে ঢাকা বিমানবন্দরে দেখা যায়। তিনি ঢাকা ত্যাগের চেষ্টা করছিলেন। কিন্তু সামরিক বাহিনী তা প্রতিরোধ করে। বাইরোড লিখেছেন, আমাদের কর্মকর্তা এ সময় পাকিস্তানি কূটনীতিকের কাছে জানতে চান, ব্যাংককে অবস্থানরত মেজররা যদি পাকিস্তানের রাজনৈতিক আশ্রয় চান, তাহলে ফলাফল কী হতে পারে। আজমত হাসান জবাবে বলেছেন, পাকিস্তান সরকার সম্ভবত তাঁদের গ্রহণ করবে না। কারণ, পাকিস্তান সরকার সবে ঢাকার সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে। সেখানে ‘যে-ই ক্ষমতায় আসুক না কেন’, তাদের সঙ্গে তারা সম্পর্কের অবনতি ঘটাতে চায় না।চার প্রতিমন্ত্রীর পদত্যাগ: ৫ নভেম্বর বোস্টার এক তারবার্তায় উল্লেখ করেন, আজ সংবাদপত্র ও বেতারে মোশতাক সরকারের চার প্রতিমন্ত্রীর পদত্যাগের ঘোষণা প্রকাশিত হয়েছে। তাঁরা হলেন শাহ মোয়াজ্জেম হোসেন (বেসামরিক বিমান ও ভূমি), তাহেরউদ্দিন ঠাকুর (তথ্য ও সম্প্রচার), নরুল ইসলাম মঞ্জুর (রেল) এবং কে এম ওবায়দুর রহমান (ডাক ও তার)। বোস্টারের বর্ণনায়, ‘মন্ত্রিসভার সব সদস্যই পদত্যাগ করেছেন বলে জানা গিয়েছিল। কিন্তু ঘোষণায় তা উল্লেখ ছিল না। আমরা ক্রমেই নিশ্চিত হচ্ছি, কারাগারে মুজিবের চার মন্ত্রীকে (কিংবা তার বেশি) হত্যার ঘটনায় মোশতাকের পুরো মন্ত্রিসভা পরিত্যক্ত হয়েছে। পদত্যাগী প্রতিমন্ত্রীদের বিষয়ে প্রকাশিত খবরে আরও বলা হয়েছে, শাহ মোয়াজ্জেম ও তাহেরউদ্দিনকে দুর্নীতি ও ক্ষমতা অপব্যবহারের অভিযোগে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে। দৃশত এটা এখন খুবই সম্ভাবনাময় হয়ে ওঠে যে, ১৫ আগস্ট অভ্যুত্থানের চক্রান্তকারীদের সঙ্গে তাঁর সম্পৃক্ততার জন্য তাহেরউদ্দিন ঠাকুরকে মাশুল দিতে হতে পারে। অনেক প্রতিবেদনেই উল্লেখ করা হয়েছে, তিনি ওই অপরাধের একজন সহযোগী। তবে শাহ মোয়াজ্জেমকে কেন গ্রেপ্তার করা হয়েছে, তা তেমন স্পষ্ট নয়। কিন্তু এমন ধারণা রয়েছে যে তাহেরউদ্দিন ঠাকুরের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা রয়েছে। আর সেটাই তাঁকে সন্দেহের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। সন্দেহটা হলো, ১৫ আগস্টের অভ্যুত্থানের সঙ্গে তিনি কোনোভাবে জড়িত কিংবা অবহিত ছিলেন।’এই দিনে: ১৯৭৫ সালের এই দিনে বোস্টার এক তারবার্তায় লিখেছেন, ‘আজকের দিনটা প্রত্যাশার চেয়ে অনেক কম নাটকীয়তায় কেটে গেল। দুপুর পর্যন্ত হরতাল ডাকা হয়েছিল। এরপর মুজিবের নিহত সাবেক মন্ত্রীদের দাফন হওয়ার কথা ছিল, যা কিনা আমাদের বিরাট উত্তেজনার মধ্যে রেখেছিল। কিন্তু দিনটি ছিল তুলনামূলক শান্ত।‘হরতাল ভালোভাবেই শুরু হয়েছিল। বর্তমান সংকটের দিকে জনগণের সতর্ক মনোভাব টের পাওয়া গেছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হরতাল শিথিল হয়ে পড়ে। সন্তর্পণে শাটার তুলে দোকানপাট খুলতে দেখা যায়। তবে নিঃসন্দেহে লোকজনের উপস্থিতি ছিল যথেষ্ট কম। এমনকি অনেক স্থানে হরতাল সফল হয়েছে। ধানমন্ডির ভেতরে ও আশপাশে হরতাল হয়েছে, রাস্তায় অবরোধ দেওয়া হয়েছে। কিছু গাড়ি থামানো কিংবা ইটপাটকেল নিক্ষেপের শিকার হয়েছে। তবে এসব ঘটনা ছিল সীমিত।‘তাজউদ্দীন আহমদ, সৈয়দ নজরুল ইসলাম, মনসুর আলী ও এ এইচ কামারুজ্জামানকে আজ বিকেলে সমাহিত করা হয়। দিনের শুরুতে জানা গিয়েছিল, দাফন সম্পন্নের পর পল্টন ময়দানে একটি সমাবেশ করা হবে। বায়তুল মোকাররম মসজিদে জোহরের নামাজের পর এই সমাবেশের সময় স্থির করা হয়েছিল। কিন্তু প্রস্তাবিত সেই সভা অনুষ্ঠিত হয়নি। সভা হলে বড় ধরনের গোলযোগের শঙ্কা ছিল। অন্য এক রিপোর্টে ইঙ্গিত করা হয়েছিল, নিহত ব্যক্তিদের রেসকোর্স উদ্যানসংলগ্ন হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও শেরেবাংলা এ কে ফজলুল হকের কবরের পাশেই সমাহিত করার কথা ভাবা হয়েছিল। এটা যদি ঘটত, তাহলে সেটা আওয়ামী লীগ, ন্যাপ মোজাফ্ফর ও জাসদের প্রতি একটা বিরাট ছাড় হিসেবে দেখা হতো এবং সেটা হতো মোশতাকের প্রতি আরও একটি অনাস্থা। ৪ নভেম্বর তারাই শেখ মুজিবের বাড়ির কাছে শোভাযাত্রা বের করেছে।‘রেডিও বাংলাদেশ খবর দিয়েছে, তাজউদ্দীন, নজরুল ইসলাম ও মনসুর আলীর মরদেহ সামরিক তদারকিতে বনানী কবরস্থানে আনা হয়। কামারুজ্জামানের মরদেহ হেলিকপ্টারে করে তাঁর গ্রামের বাড়িতে পাঠানো হয়। এর সবকিছুই শান্তিপূর্ণভাবে হয়েছে। রাজনৈতিক উদ্দেশে দাফন অনুষ্ঠান ব্যবহারের আশঙ্কা দূর হয়েছে।‘খন্দকার মোশতাক ও খালেদ মোশাররফের তুলনামূলক ভূমিকা এখনো পর্যন্ত অমীমাংসিত এবং আমাদের কাছে অব্যাহতভাবে খবর আসছে যে খালেদ মোশাররফ এখন পর্যন্ত সামরিক বাহিনীর নিঃশর্ত সমর্থন লাভ করতে পারেনি। যা হোক, হরতাল কর্মসূচি এবং সাবেক মন্ত্রীদের দাফন অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার ফলে গতকাল ও তার আগের দিনের চেয়ে ঢাকা শহরে উত্তেজনা কিছুটা প্রশমিত হয়েছে। যদিও ঘনীভূত সংকট এখনো পর্যন্ত আমাদের পিছু ছাড়েনি।’সংশোধনী: ৩ ও ৪ নভেম্বরের প্রতিবেদনে অ্যান্থনি ম্যাসকারানহাসকে ভুলবশত মার্কিন সাংবাদিক উল্লেখ করা হয়েছে। তিনি দক্ষিণ এশীয় সাংবাদিক।