মোশতাকের সমর্থনে কিসিঞ্জার-বোস্টার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেনরি কিসিঞ্জারের ‘ডান হাতের’ আশীর্বাদে ডেভিস ইউজিন বোস্টার বাংলাদেশে প্রথম রাষ্ট্রদূত হতে পেরেছিলেন। এবং আগাগোড়া কিসিঞ্জারের প্রণীত মার্কিন নীতি বাস্তবায়নে সচেষ্ট থেকেছেন। অবশ্য তাঁর আগে রাষ্ট্রপতি রিচার্ড নিক্সন বাহাত্তরের ১১ সেপ্টেম্বর স্বাধীন বাংলাদেশে একজন উঁচু মাপের মার্কিন কূটনীতিককে রাষ্ট্রদূত নিয়োগ করেছিলেন। তিনি হারম্যান ফ্রেডরিক এইলটস। কিন্তু তিনি বাংলাদেশে আসতে অস্বীকৃতি জানিয়েছিলেন। নিউইয়র্ক টাইমস-এর কথায়, ‘কিসিঞ্জারের অল্পসংখ্যক বিশ্বস্ত রাষ্ট্রদূতের তিনি ছিলেন অন্যতম।’ডেভিস ইউজিন বোস্টার ঢাকায় তাঁর পরিচয়পত্র পেশ করেন ১৩ এপ্রিল, ১৯৭৪। জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের কথ্য ইতিহাস প্রকল্পের আওতায় ১৯৮৯ সালে বোস্টারের সাক্ষাৎকারে ওই প্রকল্পের পরিচালক চার্লস স্টুয়ার্ট কেনেডি নির্দিষ্টভাবে প্রশ্ন করেছিলেন, আপনি কীভাবে বাংলাদেশে রাষ্ট্রদূতের চাকরিটা পেলেন? চাকরিজীবনের শুরুতে তাঁর চাকরি জুটেছিল পররাষ্ট্র দপ্তর, সিআইএ ও নেভিতে। তিনি কূটনৈতিক পেশা বেছে নেন। বোস্টার ১৯৪৯-৫০ সালে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্যুরো অব ইন্টেলিজেন্স অ্যান্ড রিসার্চ বিভাগে, ১৯৫৯-৬১ সালে ব্যুরো অব ইউরোপীয় অ্যাফেয়ার্সে সোভিয়েত ডেস্ক কর্মকর্তা এবং ১৯৬৫-৬৭ পর্যন্ত মস্কোর মার্কিন দূতাবাসে পলিটিক্যাল কাউন্সিলর ছিলেন। একসময় নেপালেও ছিলেন।মার্কিন পররাষ্ট্র দপ্তরে তিনি ১৯৭৪-৭৬ সালে ঢাকার মার্কিন রাষ্ট্রদূত হিসেবে এক হাজারের বেশি তারবার্তা পাঠান। এসব তারবার্তায় তিনি ওই সময়ের প্রায় প্রতিটি রাজনৈতিক অবস্থা সম্পর্কে তাঁর ব্যাখ্যা-বিশ্লেষণ ও দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটিয়েছেন। এর মধ্যে একটি বিষয় লক্ষ করা গেছে যে তিনি সিস্টেম অনুসরণ করতে সংকল্পবদ্ধ ছিলেন। সরকারি নিয়মরীতি আঁকড়ে ধরতে তাঁর কোনো অনীহা ছিল বলে এ পর্যন্ত প্রমাণ পাওয়া যায় না। বোস্টার ছিলেন পোল্যান্ডে। ডেপুটি চিফ অব মিশন (ডিসিএম) হিসেবে যুগোস্লাভিয়ায় যেতে চেয়েছিলেন। বোস্টার বলেন, ‘আমি এ সময় আগে থেকে পরিচিত কেরল লেইজের কাছ থেকে একটি চিঠি পাই। কেরল নেপালে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। জানালেন, তিনি সবেমাত্র নেপালের ডিসিএম হিসেবে আমার নাম প্রস্তাব করেছেন। তিনি আশা করেন, আমি এটা গ্রহণ করব। আমি তখন প্রথম শ্রেণীর পদে উন্নীত হয়েছি। কিন্তু নেপালের চাকরি ছিল তৃতীয় গ্রেডের। সুতরাং ব্যবধানটা বিরাট। আমি যদিও কেরলকে পছন্দ করি। তার পরও তাঁর আমন্ত্রণ আমার মনমতো হলো না। তবে শেষ মুহূর্তে আমি মনস্থির করলাম, কর্তৃপক্ষ (সিস্টেম) যদি আমাকে পাঠায়, তাহলে আমি যাব। পরে আমি গেলাম। ১৯৭০ সালে আমাকে পোল্যান্ডের ওয়ারশতে ডিসিএম করা হয়েছিল। ১৯৭৪ সাল পর্যন্ত সেখানে ছিলাম। তখন রাষ্ট্রদূত ছিলেন ওয়ালটার স্টোয়েসেল।’আমরা বিস্তারিত জানতে পারিনি। তবে স্টোয়েসেল-বোস্টার ওয়ারশতে যে সময়টায় ছিলেন, তখন সেখানে একটি একটা মজার অধ্যায় ঘটেছে, সেটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের জন্য প্রাসঙ্গিক।২০০১ সালে মার্কিন রাষ্ট্রদূত রজার জি হেরিসন কথ্য ইতিহাসবিদ স্টুয়ার্ট কেনেডিকে বলেছেন, ‘আমার দেখা শ্রেষ্ঠ মার্কিন রাষ্ট্রদূতের অন্যতম ওয়ালটার স্টোয়েসেল। জেনি বোস্টারের সঙ্গে তাঁর ৩০ বছরের দীর্ঘ সম্পর্ক।’ উল্লেখ্য, বোস্টারকে তাঁর সহকর্মীরা জেনি বোস্টার হিসেবেও সম্বোধন করেন।স্টোয়েসেল ১৯৬৮ থেকে ১৯৭২ পর্যন্ত পোল্যান্ডে মার্কিন রাষ্ট্রদূত ছিলেন। ইয়াহিয়ার প্রতি নিক্সন-কিসিঞ্জারের সেই ঐতিহাসিক পক্ষপাতের মুখ্য কারণ ছিল চীনের সঙ্গে গোপন দোস্তি। ইয়াহিয়া ছিলেন চীনা নেতাদের সঙ্গে নিক্সনদের সেতু। পাকিস্তান ছাড়াও এই সময়টাতে বহু উপায়ে চীনের সঙ্গে নতুন সম্পর্ক গড়ে তুলতে মরিয়া হয়ে উঠেছিলেন কিসিঞ্জার। স্টোয়েসেলকে যখন নির্দেশ দেওয়া হলো যে, তিনি যেন পোল্যান্ডে নিযুক্ত চীনা রাষ্ট্রদূতের সঙ্গে সম্পর্ক তৈরি করেন; তিনি রীতিমতো ভড়কে যান। অপারগতা প্রকাশ করেন। দ্রুত তাঁর ডাক পড়ে ওয়াশিংটনের ওভাল অফিসে। নিক্সন-কিসিঞ্জার তাঁকে তখন কী করে চীনের সঙ্গে পেছনের দরজা দিয়ে বন্ধুত্ব করতে হয়, তার তামিল দিয়েছিলেন। সুতরাং দক্ষিণ এশীয় জটিলতার সবক বোস্টারের পোল্যান্ডেও প্রত্যক্ষ করার কথা।বোস্টার বলেন, ‘প্রেসিডেন্ট নিক্সন ১৯৭২ সালের মে মাসে এক দিনের সফরে পোল্যান্ডে আসেন। আমি ছিলাম সেই সফরে নিয়ন্ত্রণ কর্মকর্তা।’চার্লস স্টুয়ার্ট কেনেডি বোস্টারকে প্রশ্ন করেন, আপনার পরবর্তী অ্যাসাইনমেন্ট ছিল বাংলাদেশে। ১৯৭৪ থেকে ১৯৭৬ পর্যন্ত সেখানে ছিলেন। কীভাবে আপনি বাংলাদেশের রাষ্ট্রদূত হওয়ার অ্যাসাইনমেন্ট পেলেন?বোস্টার বিবরণ দেন: ‘ওয়ারশতে একদিন ফোন বেজে উঠল। ফোনের অপর প্রান্তে রাষ্ট্রদূত ওয়ালটার স্টোয়েসেল। তিনি তখন মার্কিন পররাষ্ট্র দপ্তরের ইউরোপবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী। তিনি আমাকে বললেন, বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে হোয়াইট হাউসের কাছে আপনার নাম প্রস্তাব করতে পররাষ্ট্র দপ্তর সিদ্ধান্ত নিয়েছে। তিনি জানতে চাইলেন, এ কর্মস্থল আমার পছন্দসই হবে কি না? বাংলাদেশে যাওয়ার প্রস্তাবটা আমার হজম করতে কষ্ট হলো। জানতে চাইলাম, আর কোথাও পদ শূন্য আছে কি না। আমি ও মেরি (বোস্টারের স্ত্রী) যখন কাঠমান্ডুতে ছিলাম, তখন হংকংয়ে অবকাশ যাপনে যাই এক বছরের জন্য। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, পিআইএর ফ্লাইটে চড়ব। ঢাকা হয়ে হংকংয়ে যাব। ঢাকা তখন পাকিস্তানের অংশ। সেই সুবাদে স্থানীয় ভূরাজনৈতিক অবস্থার একটা চিত্র আমাদের মনে ছিল। আমরা ঢাকায় এক দিন ছিলাম। পর্যটকদের মতোই সময় কাটিয়েছিলাম। আমি স্মরণ করতে পারি, ঢাকা তখন চিত্তাকর্ষক স্থান ছিল না। আমার পরিষ্কার মনে আছে, ঢাকায় আমি মেরিকে বলেছিলাম, আমরা কখনো আবার হয়তো এখানে ফিরে আসতে পারি। স্টোয়েসেল বললেন, আর কোনো জায়গা খালি নেই। সুতরাং আমি সম্মত হলাম। ঢাকায় যখন আমাকে রাষ্ট্রদূত করে পাঠানোর সিদ্ধান্ত হয়, তখন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন রজার্স। আমি ওয়ারশ ত্যাগের আগেই তিনি পদত্যাগ করেন।’এখানে উল্লেখ্য, উইলিয়াম পি রজার্স ১৯৬৯ সালে পররাষ্ট্রমন্ত্রী হন। ১৯৭৩ সালের ৩ সেপ্টেম্বর তিনি পদত্যাগ করেন। মূলত কিসিঞ্জারের সঙ্গে টানাপোড়েনের কারণেই তাঁকে ইস্তফা দিতে হয়। কিসিঞ্জার নিক্সনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হলেও তাঁর ছায়ায় রজার্স ছিলেন যথেষ্ট ম্লান।বোস্টার বলেন, রজার্সের জায়গায় এলেন হেনরি কিসিঞ্জার। তিনি এসেই রাষ্ট্রদূত পদমর্যাদায় যেখানে যত ধরনের নিয়োগ-প্রক্রিয়া আছে, তার লাগাম টেনে ধরেন। তিনি বদলি ও কর্মস্থল নির্ধারণের প্রস্তাবগুলো পর্যালোচনার সিদ্ধান্ত নেন। তাঁরা আমাকে ডাকলেন। বললেন, আপনার বাংলাদেশে যাওয়ার বিষয়টি কিছুটা আলোচনায় উঠেছিল। তাঁরা ভেবেচিন্তে দেখেছেন, এটা হয়তো শেষ পর্যন্ত অনুমোদন পাবে। তাই তাঁরা আমাকে পরামর্শ দিলেন, আমি যেন ওয়ারশতে আরও কিছুটা সময় থাকি। আমি তা-ই করলাম। আমার পরিবর্তে ওয়ারশতে যাঁর আসার কথা, তিনি ইতিমধ্যে পৌঁছালেন। তিনি ছিলেন জন ডেভিস। বর্তমানে (১৯৮৯) তিনি পোল্যান্ডের রাষ্ট্রদূত। তখন একটা বিব্রতকর অবস্থা তৈরি হলো। পদ একটি। মানুষ দুজন। সে কারণে পররাষ্ট্র দপ্তর আমাকে ওয়াশিংটনে ডেকে নিল। আমি ওয়ারশ ত্যাগ করলাম। গেলাম লন্ডনে, অবকাশ যাপনে।মেরির সঙ্গে আমি এখানে-সেখানে ঘুরে বেড়ালাম। একদিন পুনরায় পেলাম স্টোয়েসেলের ফোন। কিসিঞ্জার জর্জ ভেস্টকে একটা নির্দেশনা দিয়েছেন। জর্জ ভেস্ট হলেন জেনেভায় ইউরোপীয় সিকিউরিটি কনফারেন্স সিএসসিইএতে মার্কিন প্রতিনিধিদলের প্রধান। কিসিঞ্জার তাঁকে তাঁর প্রেস মুখপাত্র হিসেবে চেয়েছেন। তার মানে দাঁড়াল, পররাষ্ট্র দপ্তরের এখন এমন একজনকে দরকার, যিনি ভেস্টের শূন্যস্থান পূরণ করবেন। স্টোয়েসেল আমাকে বললেন, আপনি দুপুরের মধ্যে জেনেভায় আসুন এবং মার্কিন প্রতিনিধিদলের দায়িত্ব নিন। সুতরাং আমি জেনেভায় গেলাম। এবং প্রায় পাঁচ মাসের জন্য সেই দায়িত্ব পালন করলাম। ১৯৭৪ সালের জানুয়ারিতে সম্মেলনের বিষয়ে আলাপ-আলোচনার জন্য আমি ওয়াশিংটনে ফিরে গিয়েছিলাম। জেনেভায় যাওয়ার পর থেকে ঢাকার রাষ্ট্রদূত হওয়ার বিষয়ে আমার আর কিছুই জানার ছিল না। তাই বাংলাদেশের রাষ্ট্রদূত হওয়ার বিষয়টি কত দূর এগোল, সে বিষয়ে আমি একটু খোঁজ নিলাম। আমাকে পরামর্শ দেওয়া হয়েছিল, আমি যেন লেরি ইগলবার্গারের সঙ্গে সাক্ষাৎ করি। তিনি তখন কিসিঞ্জারের ডান হাত। সুতরাং আমি তাঁর সঙ্গে দেখা করলাম। কথা বললাম আমার ঢাকার কর্মস্থল নিয়ে। তিনি বললেন, তিনি বিষয়টি দেখবেন। এবং সত্যি বলতে কি, এর পরপরই আমি জানতে পেলাম, আমার ঢাকায় যাওয়া চূড়ান্ত হয়েছে। এভাবেই আমি হলাম বাংলাদেশের মার্কিন রাষ্ট্রদূত।উল্লেখ্য, বোস্টার যাঁকে লেরি ইগলবার্গার হিসেবে উল্লেখ করেছেন তাঁর পুরো নাম লরেন্স ইগলবার্গার। নানা কারণে বিতর্কিত। ১৯৯২-১৯৯৩ সালে বুশের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। ইগলবার্গার তাঁর যুগোস্লাভ নীতির জন্য সমালোচিত হয়েছিলেন। সার্বদের প্রতি তাঁর অন্ধ পক্ষপাতিত্বের জন্য ইউরোপীয় প্রেস তাঁকে ‘লরেন্স অব অ্যারাবিয়ার’ আদলে তাঁকে বলত ‘লরেন্স অব সার্বিয়া।’ ১৯৭১ পর্যন্ত তিনি ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কিসিঞ্জারের সহকারী। পরে কিসিঞ্জার পররাষ্ট্রমন্ত্রী হলে ইগলবার্গারের বহুবিধ পদোন্নতি ঘটে।কথ্য ঐতিহাসিক চার্লস স্টুয়ার্ট কেনেডি এরপর বাংলাদেশসংক্রান্ত মূল প্রসঙ্গে আসেন। তাঁকে তিনি প্রশ্ন করেন, ঢাকায় আপনি কখন পৌঁছালেন? ১৯৭৪ সালের এপ্রিলে সেখানে পরিস্থিতি কেমন ছিল? ডেভিস বোস্টার বলেন, ‘তখন খুব খারাপ সময়। বাংলাদেশের বিরাট সমস্যা ছিল। জনসংখ্যার আধিক্য এক নম্বর। জনসংখ্যার অনুপাতে ন্যূনতম যেটুকু সম্পদ থাকা উচিত, তা তাদের ছিল না। ইতিমধ্যেই ভয়াবহ বন্যা ঘটেছিল। অনাহার-দুর্ভিক্ষ ছিল সেই সঙ্গে। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের দূতাবাস মার্কিন সাহায্যের দেখভাল করত। সাহায্য বিতরণ নিয়েই সময় কাটাত। আমি যত দূর স্মরণ করতে পারি, মার্কিন দূতাবাসের লোকবলের চেয়ে এইড মিশনের লোকবল ছিল বেশি। সেটাই অবস্থার নির্দেশবহ। পিএল ৪৮০ কর্মসূচির আওতায় আমাদের বড় ধরনের খাদ্যসহায়তা কর্মসূচি ছিল। তার আওতায় বাংলাদেশকে আমরা বিপুল পরিমাণ খাদ্যশস্য দিয়েছি। সেখানে আমাদের বৈদেশিক নীতির স্বার্থ ছিল অপরিহার্যভাবেই মানবিক।’কিন্তু খাদ্যসাহায্যের সেই মানবিক নীতি যে কীভাবে অমানবিক হয়ে উঠেছিল, তা বোস্টার জানতেন। তিনি তাঁর সাক্ষাৎকারে সে বিষয়ে আলোকপাত করেননি। সিস্টেমের মধ্যে থেকেছেন। চুয়াত্তরে যে পরিমাণ গম দেওয়ার কথা ছিল, তার সরবরাহ বিলম্বিত কিংবা প্রত্যাখ্যান করা হয়েছিল। বাংলাদেশে জরুরি খাদ্যসাহায্য প্রদানের প্রস্তাব কিসিঞ্জার নিজ স্বাক্ষরে আটকে দিয়েছিলেন। চার্লস স্টুয়ার্ট কেনেডি বোস্টারের কাছে প্রশ্ন রেখেছেন, ‘কিন্তু তারও আগে একটা পর্ব ছিল, যখন আমরা বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে পাকিস্তানের প্রতি পক্ষপাত দেখিয়েছিলাম। আপনি যখন সেখানে ছিলেন, সেই সময় কি এই বিষয়ে সেখানকার জনগণের মধ্যে ক্ষোভ দেখেছেন?’বোস্টার বলেছেন, ‘এই বিষয়টি মাঝেমধ্যে উল্লেখ করা হতো। প্রত্যেকের কাছেই নানা গল্প ছিল। কিন্তু সেসব কারণে দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর প্রভাব ফেলেনি। সেটা সত্যি ভালো ছিল। তারা অবশ্য আমাদের ওপর অত্যন্ত নির্ভরশীল ছিল। কিসিঞ্জার দিল্লি ও ইসলামাবাদ সফর করলেন। তিনি খুবই সঠিক ছিলেন। তাঁর সফর খুবই সফল হয়েছিল। তিনি এবং শেখ মুজিব বেশ সুন্দরভাবে সময় কাটালেন। সেটা ছিল এক দিনের সফর। কিন্তু শেখ মুজিবের দেওয়া নৈশভোজে কিসিঞ্জার এক আবেগপূর্ণ ভাষণ দিলেন। সুতরাং পরিবেশের উন্নয়ন ঘটানো ও নৈতিক মনোবল বৃদ্ধির জন্য তা খুবই ফলপ্রসূ হয়েছিল।’উল্লেখ্য, হেনরি কিসিঞ্জার যাতে ঢাকা সফর করেন, সে ব্যাপারে বঙ্গবন্ধুর সরকার খুবই জোরালো উদ্যোগ নিয়েছিল। মিসেস কিসিঞ্জারও যাতে আসেন এবং ঢাকায় তাঁর সময় যাতে ভালো কাটে, সে ব্যাপারে সব ব্যবস্থাই নেওয়া হয়েছিল। এমনকি সাংবাদিকদের সামনে যাতে কিসিঞ্জারকে বিব্রতকর অবস্থায় পড়তে না হয়, সে বিষয়েও সতর্কতা অবলম্বন করা হয়েছিল। ২৩ এপ্রিল, ১৯৭৪ বোস্টার ওয়াশিংটনে পাঠানো এক তারবার্তায় উল্লেখ করেন, আজ দুপুরে আমাকে পররাষ্ট্র দপ্তরে ডেকে নেওয়া হয়। তাঁরা খুব চান যাতে কিসিঞ্জার ঢাকা সফর করেন। সেই সফর হয়েছিল। কিসিঞ্জার মুজিবকে বললেন, মার্কিন জনগণের হূদয়ে আপনার জন্য বিরাট জায়গা। এরপর বোস্টারের নথিপত্র থেকেই দেখা যায়, শেখ মুজিব প্রশাসন চিন্তিত। জাতিসংঘ সাধারণ পরিষদে যাবেন মুজিব। তখন তাঁকে ওয়াশিংটনে আমন্ত্রণ জানানো হবে কি না, না হলে বাঙালিরা তা অপমানজনক মনে করবে। বোস্টার তাই তাঁর সরকারকে পরামর্শ দেন। নিউইয়র্কে মুজিবের যাওয়ার আগেই ঢাকায় তাঁকে আমন্ত্রণ জানানো উত্তম। তা-ই হয়। মুজিব সেবার ইরাকেও গিয়েছিলেন। বোস্টার বার্তা পাঠালেন, ঢাকায় ফিরে মুজিবের প্রতিক্রিয়া এমনই যে তিনি তাঁর ইরাক সফরকে ওয়াশিংটনের চেয়ে বড় সাফল্যজনক বলে বর্ণনা করেছেন।চার্লস স্টুয়ার্ট কেনেডি প্রশ্ন করেন, শেখ মুজিব সম্পর্কে আপনার অনুভূতি কী ছিল?বোস্টার বলেন, তিনি খুবই ক্যারিশমেটিক বা আকর্ষণীয় ব্যক্তিত্ব ছিলেন। তিনি এক বিস্ময়কর লোক। আপনি শুধু তাঁর দিকে তাকানোমাত্রই তাৎক্ষণিকভাবে তাঁকে পছন্দ করবেন। অভিভূত না হয়ে আপনার উপায় থাকবে না। আপনি যদি তাঁকে দেখতে যান, তাহলে আপনি দেখবেন অবাক দৃশ্য। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা লোকজন তাঁকে দেখতে ভিড় করে আছে। আমি নিজে তাঁর সঙ্গে দেখা করতে গিয়ে অভিভূত হয়েছি। ওই সমাজে আসলে এভাবেই সবকিছু ঘটে থাকে। এমনকি তাঁর নিজের বাড়িতেও একই রকম দৃশ্য দেখতে পাবেন। তাঁর বাড়িটি ঢাকার বাড়িঘরের তুলনায় বড়সড় বলতে হবে। কিন্তু তাই বলে সেটা এত বড় বাড়ি নয় যেমনটা একজন রাষ্ট্রপতির থাকা উচিত। ঢাকার কূটনৈতিক সম্প্রদায় ও রাষ্ট্রপতির উপদেষ্টাদের মধ্যে মুজিব সম্পর্কে একটা সাধারণ মতৈক্য রয়েছে, সেটা হলো সবার চোখে তিনি ছিলেন ফাদার ফিগার বা পিতৃতুল্য ব্যক্তিত্ব। তিনি এমন একজন ব্যক্তি বাংলাদেশের ইতিহাসে, যার একটি বিশিষ্ট অবস্থান রয়েছে। তিনি হলেন বাংলাদেশের জর্জ ওয়াশিংটন, যিনি বাংলাদেশকে স্বাধীনতা দিয়েছেন। কিন্তু রাষ্ট্রীয় বিষয় কীভাবে পরিচালনা করতে হয়, ব্যবস্থাপনাগত সেই মেধা তাঁর ছিল না। অধিকতর ব্যবস্থাপনাগত মেধাবী ব্যক্তিদের দরকার ছিল। মুজিব ছিলেন একটি রাজনৈতিক সাফল্য এবং একটি ব্যবস্থাপনাগত ব্যর্থতা। বোস্টার অবশ্য মুজিবের বাকশাল গঠনের পর ঢাকা থেকে প্রেরিত একটি বার্তায় মন্তব্য করেছিলেন, তিনি (মুজিব) স্বৈরশাসকের চিরায়ত বৈকল্যে ভুগতে শুরু করেছেন।স্টুয়ার্ট কেনেডি: ভারতীয় প্রতিনিধিদের সঙ্গে আপনি কীভাবে সম্পর্ক বজায় রাখছিলেন? তাঁদের সঙ্গে তো সন্দেহাতীতভাবে মুজিব সরকারের বিশেষ সম্পর্ক ছিল।বোস্টার: ঢাকার ভারতীয় রাষ্ট্রদূত এবং তাঁদের লোকজনের সঙ্গে আমাদের খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। আমার অবস্থানকালে যতই দিন যাচ্ছিল, ভারতীয় ও বাঙালিদের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছিল। বাংলাদেশের স্বাধীনতা অর্জনে ভারতীয়রা বিশেষ ভূমিকা পালন করেছিল। সে কারণে কেউ একজন হয়তো ভাবতে পারে যে, তাদের মধ্যকার সম্পর্ক দীর্ঘ মেয়াদে খুবই বন্ধুত্বপূর্ণ থাকবে। সত্যি বলতে কি, তেমনটা ঘটেনি। তাদের মধ্যে সীমান্ত নিয়ে বিরোধ ছিল এবং সেটা ছিল বেশ গোলমেলে। এবং তা সহজে সমাধানের নয়। দুই সরকারের মধ্যে সম্পর্ক বেশ উত্তেজনাকর হয়ে পড়েছিল। চার্লস স্টুয়ার্ট কেনেডি: আমরা কি সেই উত্তেজনা থেকে নিজেদের দূরে সরিয়ে রাখতে পেরেছিলাম?বোস্টার: ‘বাংলাদেশ সরকার (খন্দকার মোশতাক) আমাদের কাছে ভারতের নানাবিধ অবন্ধুত্বসুলভ আচরণ সম্পর্কে অভিযোগ করত। কিন্তু আমরা কোনো মধ্যস্থতাকারী ভূমিকা পালন করিনি।’কিন্তু ইতিমধ্যেই অবমুক্ত করা মার্কিন গোপন দলিলগুলো সাক্ষ্য দেবে যে, এ অঞ্চলের মার্কিন কূটনীতিকেরা সেই উত্তেজনা থেকে নিজেদের দূরে সরিয়ে রাখেননি। ভারতীয়দের কাছ থেকে তাঁরা জানার চেষ্টা করেছেন, ভারতীয় হস্তক্ষেপ হবে কি হবে না।মার্কিন দলিলগুলো সাক্ষ্য দিচ্ছে যে, খন্দকার মোশতাক ও জিয়া সরকার যাতে টিকে থাকে, সে জন্য বোস্টার তৎপরতা চালিয়েছেন। অবশ্য কেউ বলতে পারেন, তিনি সিস্টেম বা পেশাদারির তরিকা অনুসরণ করেছেন মাত্র। পঞ্চাশের দশকে বোস্টার আইজেন আওয়ারের পররাষ্ট্রমন্ত্রী জন ফস্টার ডালেসের জুনিয়র সহকারী ছিলেন। এই ডালেসই সিআইএর নকশায় ১৯৫৩ সালে ইরানের মোসাদ্দেক ও পরের বছর গুয়াতেমালার নির্বাচিত সরকার উৎখাতে বড় ভূমিকা রাখেন। বোস্টারের ভাষায়, ডালেস পররাষ্ট্র দপ্তরে বিরাট শ্রদ্ধার পাত্র।বোস্টার স্টুয়ার্ট কেনেডিকে বলেন, যে-ই আসুক না কেন, মুজিব হত্যার পরের নতুন সরকারকে স্বীকৃতি দিতে হয়েছিল। কিসিঞ্জার মোশতাক সরকারকে দ্রুত স্বীকৃতি দিতে সংকল্পবদ্ধ ছিলেন। খুনিদের প্রতি যথেষ্ট সহানুভূতি দেখান তিনি। ফারুক রহমানরা সে কারণে ব্যাংককে গিয়েও মার্কিন কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেন। ২০ আগস্ট, ১৯৭৫। ওয়াশিংটন সময় সন্ধ্যা ছয়টা ১১ মিনিট। কিসিঞ্জার হ্যারল্ড স্যান্ডার্সকে (দূরপ্রাচ্য ও দক্ষিণ এশীয়বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী) টেলিফোনে বলছেন, ‘ঢাকা থেকে একটা বার্তা পেলাম। তারা আমাদের নৈতিক সমর্থন চাইছেন। আমরা কি একটা বন্ধুত্বপূর্ণ উত্তর দিতে পারি? আমি বলতে চাই, আমরা তাদের (মোশতাক সরকার) স্বীকৃতি দিতে পেরে ধন্য মনে করছি। কালকের সংবাদ সম্মেলনে একটি প্রশ্ন সাজাতে পারবেন না?’ স্যান্ডার্স বলেন, আমিও তাই মনে করি এবং প্রশ্নটা তোলাতে পারব। কিসিঞ্জার বলেন, এর উদ্দেশ্য হবে বাংলাদেশের নতুন সরকারের কাছে বার্তা পৌঁছানো; যাতে তারা ভরসা পায় যে, আমরা তাদের চাহিদার প্রতি সহানুভূতিশীল থাকব। তাদের স্বীকৃতি দেব। এই গোপন টেপ সম্প্রতি প্রকাশিত হয়েছে। জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় সূত্রে পাওয়া টেলিকথোপকথনে দেখা যায়, কিসিঞ্জার এটাও বলছেন, ‘আমি জানি, মার্কিনপন্থী হিসেবে পরিচয় জাহির করতে তাদের (মোশতাক চক্রের) অক্ষমতা রয়েছে।’ বোস্টার বাংলাদেশে তাঁর মিশনে কিসিঞ্জারের ইচ্ছার প্রতিফলন ঘটিয়ে গেছেন বলে প্রতীয়মান হচ্ছে। (শেষ)