মোশরেফা মিশুর রিমান্ড শুনানি হয়নি
পোশাকশ্রমিক নেত্রী ও গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মোশরেফা মিশুর রিমান্ড শুনানি হয়নি। ১৯ ডিসেম্বর মোশরেফা মিশুর উপস্থিতিতে রিমান্ড শুনানির দিন ধার্য করেছেন আদালত।আজ বুধবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম হাবিবুর রহমান ভূঁইয়া এ তারিখ ঠিক করেন।গার্মেন্টস সেক্টর ধ্বংস ও নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে খিলগাঁও থানার করা মামলায় সোমবার রাতে মিশুকে গ্রেপ্তার করা হয়। পরে পুলিশ তাঁকে ১০দিন রিমান্ডে নেওয়ার আবেদন করলে আদালত আজ রিমান্ড শুনানির দিন ধার্য করেছিলেন। কিন্তু মোশরেফা মিশুকে আদালতে হাজির না করায় আজ আদালত শুনানির নতুন এ তারিখ ধার্য করেন।আদালত সূত্র জানায়, গত জুনে গার্মেন্টস শ্রমিকদের উস্কানি ও পুলিশের কর্তব্যকাজে বাধা দেওয়ার অভিযোগে কাফরুল থানায় করা একটি মামলায় গতকাল আদালত মিশুকে দুই দিন রিমান্ডে নেওয়ার আদেশ দেন।উল্লেখ্য, গত সোমবার কুড়িল বিশ্বরোড এলাকায় পোশাকশ্রমিকদের বিক্ষোভের ঘটনায় ওই দিন রাতেই মোশরেফা মিশুকে তাঁর হাতিরপুলের বাসা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।