মোশাররফ অভিযুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানে বিচারকদের বন্দী করার ঘটনায় করা মামলায় দেশটির সাবেক স্বৈরশাসক পারভেজ মোশাররফকে আজ শনিবার অভিযুক্ত করেছেন দেশটির সন্ত্রাসবিরোধী আদালত।ডন অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, মোশাররফের খামারবাড়িতে এ মামলার শুনানি হয়। তাঁর উপস্থিতিতে অভিযোগ পড়ে শোনানো হয়। অভিযোগ অস্বীকার করেন মোশাররফ। পরবর্তী শুনানিতে রাষ্ট্রপক্ষের সাক্ষীদের হাজির করার নির্দেশ দিয়েছেন আদালত।২০০৯ সালের ১১ আগস্ট মোশাররফের বিরুদ্ধে থানায় একটি প্রাথমিক তথ্য প্রতিবেদন (এফআইআর) দায়ের করেন এক আইনজীবী। ২০০৭ সালে পাকিস্তানে জরুরি অবস্থা জারি করে ৬০ জনেরও বেশি বিচারককে গৃহবন্দী রাখার অভিযোগে মোশাররফের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়ে এফআইআরটি করা হয়।২০০৭ সালে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোকে হত্যার ষড়যন্ত্রে সংশ্লিষ্টতা এবং ২০০৬ সালে বেলুচ জাতীয় নেতা আকবার খান বুগতি হত্যার অভিযোগে মোশাররফের বিরুদ্ধে আরও দুটি মামলা চলছে। চার বছর স্বেচ্ছানির্বাসনে থাকার পর গত ১১ মের নির্বাচনে অংশ নিতে মার্চে দেশে ফেরেন মোশাররফ। নির্বাচন কমিশন তাঁর চারটি মনোনয়নপত্রই বাতিল ঘোষণা করেন। পরে গ্রেপ্তার হন সাবেক এই সেনাশাসক।