মোশাররফ ও ফেরদাউস ৭ দিনের রিমান্ডে
পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্র মামলার আসামি সেতু বিভাগের সাবেক সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া এবং সেতু কর্তৃপক্ষের নদীশাসন বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও দরপত্র মূল্যায়ন কমিটির সদস্যসচিব কাজী মো. ফেরদাউসকে সাত দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মির্জা জাহিদুল আলম এ দুজনকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. সহিদুল ইসলাম সাত দিন মঞ্জুর করেন। গতকাল বুধবার বেলা একটা ৫০ মিনিটে তাঁরা হাইকোর্ট থেকে বের হয়ে বিশ্ববিদ্যালয়ের দিকে যাওয়ার সময় ছবির হাটের সামনে থেকে দুদকের পরিচালক ও উইং কমান্ডার মো. তাহিদুল ইসলামের নেতৃত্বে একটি দল তাঁদের গ্রেপ্তার করে। সকালে ওই মামলায় জামিন নিতে গেলে হাইকোর্ট তাঁদের নিয়মিত বেঞ্চে আবেদন করতে বলেন।পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের নির্মাণ তদারকি কাজের পরামর্শক নিয়োগে দুর্নীতির ষড়যন্ত্র মামলায় এই প্রথম কাউকে গ্রেপ্তার করা হলো। এই মামলায় সাতজন আসামির চারজন বাংলাদেশি ও তিনজন বিদেশি। ১৭ ডিসেম্বর বনানী থানায় মামলা করে দুদক। বেলা দুইটা ১০ মিনিটে গ্রেপ্তারকৃতদের সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে নিয়ে আসা হয়। বিকেল পৌনে ছয়টায় তাঁদের শাহবাগ থানায় সোপর্দ করা হয়।